কোনো জাতি বা জনগোষ্ঠীর রাজনৈতিক আচার-বিচার-বোধ, ইতিহাস-আবেগ-বিশ্বাস, আকাক্সক্ষা, অভিপ্রায় ও প্রবণতাকেই সামগ্রিকভাবে বলা যায়- ‘রাজনৈতিক সংস্কৃতি’। এই সংস্কৃতির মাধ্যমে জনগণের মন-মানসিকতা-মূল্যবোধ, ভাব-উদ্দীপনা-অভিলাষ, আকাক্সক্ষা ও কর্মস্পৃহা প্রস্ফুটিত হয়। রাষ্ট্রনেতারা এসব ধারণ, লালন এবং অনুশীলন করেন। হাজার বছরের বহমান রাজনৈতিক
সংস্কৃতিকে ধারণ করে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র জিয়াউর রহমানই নতুন কাঠামো এবং ঔজ্জ্বল্যে নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি প্রতিস্থাপন করেন। বাংলাদেশের ইতিহাসে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির বীজ দীর্ঘদিন বিদ্যমান ছিল, তবে এর সুসংগঠিত রূপ ও দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠা পায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। যুদ্ধবিধ্বস্ত ও বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় তিনি গণতন্ত্রের নবজাগরণ ঘটান এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাহসী উদ্যোগ গ্রহণ করেন। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন, রাজনৈতিক দল পুনর্গঠন এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক প্রতিযোগিতা ও বিকল্প নেতৃত্ব গঠনের সুযোগ তৈরি করেন যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাইলফলক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ‘ভাষা যদি একটি ফুল হয়, ধর্ম আরেকটি ফুল। ভাষা-ধর্মের কোনো ফুলকে অস্বীকার করব না, কিন্তু ধর্ম, ভাষা, সাহিত্য-সংস্কৃতি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভাষা বিদ্রোহ এবং স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন ফুল নিয়ে যে তোড়া বেঁধেছি এতে সব ফুল আছে এটিই বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এর কোনো বিরোধ নেই; কিন্তু এটি শুধু আংশিক সংজ্ঞা। তাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের পুরো সংজ্ঞায় পরিচিত হতে চাই, একটি ফুল নয়, এবার একটি ফুলের তোড়া চাই।’
প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মাটি ও মানুষের সংমিশ্রণে হাজার বছরের যে ইতিহাস-ঐতিহ্যের যোগসূত্র, তা আবিষ্কার করে নাম দিয়েছিলেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এই জাতীয়তাবাদের ওপরই প্রতিষ্ঠিত তার মন, মনন, চেতনা ও তার রাজনৈতিক দর্শন। অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তিমূলক দর্শন। তার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গড়ে উঠেছিল এক সমন্বিত ও বহুমাত্রিক অন্তর্ভুক্তি হিসেবে, যেখানে দেশের প্রতিটি শ্রেণি-পেশার ও সম্প্রদায়ের মানুষ নিজের অধিকার, দায়িত্ব ও মর্যাদা নিয়ে অংশগ্রহণ করতে পারত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সুরুচিসম্পন্ন সংস্কৃতিবান মানুষ। সংস্কৃতিবান মানুষ হিসেবে তিনি জাতীয় জীবনে সংস্কৃতিচর্চার গুরুত্ব উপলব্ধি করেন। তাই তিনি সংস্কৃতি বিকাশে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, আমাদের আশা-আকাক্সক্ষা, উদ্দীপনার ধারক ও বাহক নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। মহান স্বাধীনতার যুদ্ধ এ দেশের সংস্কৃতিকে দিয়েছে দুর্বার শক্তি। সেই চেতনার আলোয় নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্যকে আরও মহিমান্বিত করার লক্ষ্যে তিনি দৃঢ়প্রত্যয়ে কাজ করেন। সাহিত্য, ক্রীড়া ও
সংস্কৃতির ক্ষেত্রে জননির্ভর এবং জীবনমুখী লোক প্রচেষ্টাকে প্রয়োজনীয় ও বাস্তব সহায়তা প্রদান করেন তিনি। বাংলাদেশের জাতীয় সংস্কৃতির চর্চা এবং এর বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার পরে একই বছরের ২৭ ডিসেম্বর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা’ (জাসাস) প্রতিষ্ঠা করেন।
তিনি গ্রাম-গ্রামান্তরের পথ ধরে মাইলের পর মাইল হাঁটতেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরামর্শ দিতেন। গ্রামের মানুষকে বলতেন গাছ লাগান, হাঁস-মুরগি, গবাদি পশু ও মাছের চাষ করুন ভাগ্য ফিরে যাবে। দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, স্বজনপ্রীতিকে প্রশ্রয় না দেওয়া, মানুষকে আপন করে নেওয়া, দিন-রাত কাজ করা, সততার সঙ্গে দেশ পরিচালনা, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করা এসব গুণ কেবল গণমানুষের নেতা হলেই তার পক্ষে অর্জন করা সম্ভব। উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি ছিল তার অন্যতম রাজনৈতিক দর্শন। তার ১৯ দফা অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচি, যার মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছিল খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে।
এ কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং সরকারি- বেসরকারি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সবার ভাগ্য উন্নয়নের ব্যবস্থা। তিনি সঠিকভাবেই অনুধাবন করেছিলেন, কৃষির উন্নয়নের মাধ্যমে গ্রাম উন্নয়নই হবে এ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি। তার গৃহীত এসব উদ্যোগের কারণেই বুভুক্ষু বাংলাদেশ পেয়েছিল খাবারের পরিপূর্ণতা, এমনকি বিদেশে রপ্তানিও করা হয়েছিল অনেক কৃষিপণ্য। গুণীর কদর দেওয়া ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মহৎ গুণ। তিনি চিন্তাশীল ও কাজের মানুষকে তার পাশে জড়ো করতে চাইতেন। দূরদর্শী চিন্তাভাবনার লোকের খোঁজ পেলেই তাকে আমন্ত্রণ করতেন। কোনো না কোনোভাবে কাজে লাগাতেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম,পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণ এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বাকসর্বস্ব ও মেধাহীন রাজনীতির বিপরীতে মেধা, দক্ষতা ও সততার সমন্বয়ে জিয়াউর রহমান রাজনীতিতে নিজস্ব একটি স্বতন্ত্র ধারা তৈরি করতে পেরেছিলেন। দুর্নীতি ও স্বজনপ্রীতি শব্দটা রাষ্ট্রপতি জিয়ার অভিধানে ছিল না। পৃথিবীর ইতিহাস বলে, এমন কোনো সামরিক শাসক নেই, যিনি জোর করে ক্ষমতা দখল করেননি এবং ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে হত্যা করেননি। সেক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারেই বিপরীত। তিনি একদিকে যেমন জোর করে ক্ষমতা দখল করেননি; অন্যদিকে ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের অভিযাত্রা এনেছেন। জনগণকেই করেছেন ‘ক্ষমতার উৎস’। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। সৎসাহস আর দায়িত্বশীলতার মানদণ্ডে তিনি ছিলেন অনন্য। ছয় বছর রাষ্ট্রপরিচালনা করার পরও তার এতটুকু জমি নেই। ব্যাংকে কোনো টাকা-পয়সা নেই। পরিবারকে তিনি যেভাবে লালন-পালন করেছেন, এ রকম উদাহরণ বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।
জিয়াউর রহমান সময়কে ধারণ করেছিলেন এবং গুরুত্ব দিয়েছিলেন। বছরের ৩৬৫ দিনই কর্মমুখর থাকার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন তিনি। এ ঘটনা তার আশপাশের মানুষের জন্যও ছিল রহস্যঘেরা। তিনি ছিলেন অসম্ভব পরিশ্রমী, নিষ্ঠাবান ও সময়ানুবর্তী। সিদ্ধান্তের জন্য কখনই ফাইল তার টেবিলে স্তূপ হয়ে পড়ে থাকত না। প্রায় প্রতিদিন সকালে বের হতেন। সন্ধ্যায় ফিরে আসতেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে হেঁটে বেড়াতেন তিনি। মার্কিন সাংবাদিক মার্কাস ফ্রান্দা মন্তব্য করেন, ‘তিনি (জিয়াউর রহমান) শেরেবাংলা, সোহরাওয়ার্দী এবং শেখ সাহেবের চেয়ে সম্ভবত বাংলাদেশকে বেশি নিবিড় করে দেখেছেন।’ ১৯৮০ সালের সেপ্টেম্বরে একটি কর্মশালায় তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে, ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। অনেকে আছেন, যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন। রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।’
অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিকাশের পূর্বশর্ত। শহীদ জিয়াউর রহমান এই সংস্কৃতির ভিত্তি নির্মাণে যে উদ্যোগ গ্রহণ করেন- তা ন্যায়বিচার, শাসন ও উন্নয়নের মৌলিক দলিল হিসেবে বিবেচ্য। বর্তমান সংকটে তার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শন নতুন করে অনুধাবন করা জরুরি। সবাইকে সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা জন্য অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের সবচেয়ে দৃঢ় প্রস্তাবনা এসেছে বিএনপির পক্ষ থেকে, যা ৩১ দফা রূপরেখা, ভিশন-২০৩০ এবং নির্বাচনী সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে অঙ্গীকার রয়েছে। তারেক রহমান ‘সবার বাংলাদেশ’ ধারণার মাধ্যমে তার
অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শন ব্যক্ত করেছেন, যার মূল উদ্দেশ্য হলো কাউকে বাদ না দিয়ে সবাইকে রাষ্ট্রীয় অধিকার, সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের সমান অংশীদার করা। তবে, তা সময় বলে দেবে এই রূপান্তরের বার্তা কতটা কার্যকর হবে।
লেখক: গবেষক ও কলাম লেখক
sk.rafiq1982@gmail.com
