মাটির নিচে পাওয়া প্রাকৃতিক গ্যাস বর্তমান সভ্যতার প্রধান জ্বালানি এবং চালিকা শক্তি। গ্যাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে আধুনিক অর্থনীতি এবং শিল্প কারখানা। পরিবারের ছোট্ট পরিসর, যানবাহন এবং কলকারখানার বৃহৎ পরিসর: সর্বত্রই গ্যাসের ব্যবহার বিদ্যমান। গ্যাসের সহজ লভ্যতা একটি দেশের শিল্পায়নের বিকাশকে ত্বরান্বিত এবং অর্থনীতিকে গতিশীল করে। আবার গ্যাসের স্বল্পতা একটি দেশের শিল্পায়নের বিকাশকে মন্থর এবং অর্থনীতিকে গতিহীন করে। গ্যাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে গ্যাসের সহজ লভ্যতা এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভোলায় ব্যাপক পরিমাণে গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এ গ্যাসের যথাযথ ব্যবহার করে ভোলায় ব্যাপক হারে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন করতে হবে।

বিশেষ করে পোশাক শিল্প, ডাইয়িং ফিনিশিং টেক্সটাইল মিল, ¯িপনিং মিল, টাইলস ও সিরামিক মিল, রাইচ মিল, কেমিক্যাল মিল, স্টিল মিল, ওয়েল রিফাইনারি, খাদ্য প্রস্তুতকারী ফ্যাক্টরিসহ প্রায় সব ধরনের মিল কারখানায় গ্যাসের ব্যবহার বিদ্যমান। পোশাক শিল্প এবং ডাইয়িং ফিনিশিং টেক্সটাইল মিলে স্টিম উৎপাদনে বয়লার চালাতে হয়। বর্তমানে অধিকাংশ বয়লারই গ্যাসভিত্তিক। গ্যাসের অভাবে স্টিম উৎপাদন ব্যাহত হলে এসব প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হয়। ¯িপনিং মিলসমূহ সাধারণত ২৪ ঘণ্টা চালু থাকে এবং এতে কয়েক মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, যা গ্যাস জেনারেটরের মাধ্যমে কারখানাতেই উৎপাদিত হয়। একে আমরা ক্যাপটিভ পাওয়ার বলি। বর্তমানে দেশে ¯িপনিং মিলের সংখ্যা চারশও বেশি এবং এসব মিলের প্রায় সবগুলিই ক্যাপটিভ পাওয়ারে চলে। গ্যাস সংকটে ¯িপনিং মিলগুলো সমস্যায় পড়ে। গ্যাসের প্রেসার কম হলে এবং গ্যাস না থাকলে জেনারেটর চালানো যায় না। ফলে জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করতে পারে না এবং কারখানায় উৎপাদন ব্যাহত হয়। সুতা রপ্তানিযোগ্য পোশাকের প্রধান কাঁচামাল, তাই ¯িপনিং মিলের সমস্যায় পুরো পোশাক খাতই সমস্যায় পড়ে এবং পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। রপ্তানি কম হয় এবং ডলার কম আসে। টাইলস, সিরামিক এবং বেকারি ফ্যাক্টরিতে ওভেনসমূহ গ্যাসেই চলে। গ্যাস সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না এবং বিদ্যুৎ উৎপাদন কমে যায়। ফলে লোডশেডিং হয় এবং বিদ্যুতের অভাবে সব ধরনের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয় । ফলে টোটাল অর্থনীতিই সংকটে পড়ে।

দেশে গ্যাসের মজুদ এবং অবস্থান: দেশে এ পর্যন্ত প্রায় ৩০টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এরমধ্যে ২০টি ক্ষেত্র থেকে বর্তমানে গ্যাস উত্তোলিত হচ্ছে। আবিষ্কৃত এসব গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য গ্যাসের পরিমাণ প্রায় ৪০ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ২১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে এদেশের মাটির নিচে এবং সমুদ্র সীমায় ব্যাপক পরিমাণে গ্যাস মজুদের আভাস পাওয়া গেছে। ভাটির দেশ হওয়ায় এদেশের মাটির নিচে দীর্ঘমেয়াদে অধিক পরিমাণে গ্যাস মজুদের সম্ভাবনা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে সর্বপ্রথম এবং ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৫ সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হওয়ার পর থেকে ধারাবাহিকভাবেই নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সময়ের প্রয়োজনে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে ব্যাপক উদ্যোগ নিতে হবে। না হয় গ্যাসের অভাবে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে ।

ভোলায় গ্যাসের মজুদ: দেশের দক্ষিণাঞ্চলে সাগর বেষ্টিত ৩৪০৪ বর্গমাইলের দ্বীপ জেলা ভোলায় ইতোমধ্যে তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। গ্যাসক্ষেত্র তিনটি হচ্ছে শাহবাজপুর, ভোলা-নর্থ এবং ইলিশা। এ তিনটি গ্যাসক্ষেত্রে বিদ্যমান গ্যাস মজুদের সম্ভাব্য পরিমাণ ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট। কূপ তিনটি থেকে দৈনিক ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট উত্তোলন করা হচ্ছে। ভোলার সাথে দেশের ভূখন্ডের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ভোলার গ্যাসক্ষেত্রসমূহ হতে প্রয়োজন মতো গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। আবার ব্যবহারের ক্ষেত্র না থাকায় ভোলায়ও প্রয়োজন মতো গ্যাস ব্যবহার করার সুযোগ নেই। বর্তমানে শুধুমাত্র শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে, ভোলা-নর্থ এবং ইলিশা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে না। এখন গ্যাস ক্ষেত্র তিনটি থেকে পরিমাণ মতো গ্যাস উত্তোলনের পদক্ষেপ নিতে হবে এবং তা ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র গড়ে তুলতে হবে। বর্তমানে সেখানে আরো পনেরটি কূপ খননের কাজ চলছে, যা শেষ হলে দৈনিক গ্যাস উত্তোলন ক্ষমতা ৩০০-৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছবে। তাছাড়া ভোলায় ব্যাপক পরিমাণে গ্যাস মজুদের সম্ভাবনা থাকায় সেখানে নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নিতে হবে।

ভোলায় গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলা প্রয়োজন : ভোলায় পিডিবির ২২৫ মেগাওয়াট ক্ষমতার এবং ৩৫.৫ মেঘাওয়াট ক্ষমতার রেন্টাল গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানেই ভোলার গ্যাস ব্যবহৃত হচ্ছে। এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় লাইনে সরবরাহ করা হচ্ছে। তাছাড়া আবাসিকে কিছু গ্যাস ব্যবহৃত হয়। এখন ভোলায় আরো কিছু গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে। পাশাপাশি গ্যাসভিত্তিক বৃহৎ আকারের শিল্প কারখানা যেমন ¯িপনিং মিল, সার কারখানা, টাইলস ফ্যাক্টরি ইত্যাদি স্থাপন করা সম্ভব। এছাড়া ভোলায় নানা ধরনের কলকারখানা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। ভোলায় সার ফ্যাক্টরি স্থাপনের ফিজিবিলিটি যাচাইয়ে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গত ১৪ নভেম্বর ভোলা পরিদর্শন করেন। এখন সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা থেকে নদীপথে ভোলার দূরত্ব ১৮৫ কিলোমিটার এবং যোগাযোগ ব্যবস্থা ভালো। ভোলায় গ্যাসভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করলে এ জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, যা দেশের উন্নয়নকে এগিয়ে নেবে। লঞ্চ এবং কার্গো জাহাজের মাধ্যমে কলকারখানার প্রয়োজনীয় কাঁচামাল ভোলায় নেয়া যাবে এবং ভোলা থেকে কলকারখানার উৎপাদিত পণ্য নিয়ে আসা যাবে। ভোলায় বিপুল পরিমাণে গ্যাস থাকায় সেখানকার কলকারখানায় নিরবিচ্ছিন্ন উৎপাদন চালানো যাবে। ভোলায় কলকারখানা স্থাপন করলে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এবং অন্যান্য শহরে ভোলার মানুষের চাপ কমবে। ভোলায় ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং কলকারখানা প্রতিষ্ঠায় শিল্পপতিদের এগিয়ে আসতে হবে। বিদেশি বিনিয়োগও আনতে হবে। এজন্য ভোলা উন্নয়ন কর্তৃপক্ষ নামে আলাদা কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে।

উদ্বৃত্ত গ্যাস মূল ভূখ-ে নিয়ে আসতে হবে: ভোলার গ্যাস সেখানে স্থাপিত কলকারখানায় ব্যবহারের পাশাপাশি দেশের মূল ভূখ-ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। ভোলা থেকে বরিশালের নদীপথের দূরত্ব ১২ কিলোমিটার। নদীর তলদেশ দিয়ে পাইপ নির্মাণ করে ভোলার গ্যাসকে বরিশালে আনার ব্যবস্থা করা সম্ভব। তাতে বরিশাল এবং খুলনায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে। ভোলার গ্যাস জাতীয় পাইপ লাইনে সরবরাহ করা গেলে তা দিয়ে দেশব্যাপী কল কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবারহ করা সম্ভব হবে। ফলে কলকারখানায় নিরবিচ্ছিন্ন উৎপাদন চলবে। তাই ভোলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহ থেকে সর্বোচ্চ পরিমাণে গ্যাস উত্তোলন এবং সেই গ্যাস বরিশাল হয়ে জাতীয় সরবরাহ লাইনে যুক্ত করার জন্য পাইপ লাইন নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বর্তমানে ইন্ট্রাকো নামক একটি কো¤পানি দৈনিক তিন মিলিয়ন ঘনফুট গ্যাস ভোলা থেকে সিএনজিতে রূপান্তর করে নিয়ে আসছে। এর পরিমাণ বাড়াতে হবে এবং এখনই উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনে বিদেশি কো¤পানি নিয়োগ দেয়া যায় কিনা দেখতে হবে। গ্যাস সংকট মোকাবেলায় বর্তমানে বাংলাদেশ প্রতিবছর ৭-৮ মিলিয়িন টন এলএনজি আমদানি করে, যা আগামীতে ১৫-১৭ মিলিয়ন টনে দাঁড়াতে পারে। কাতার, ওমান ও অন্যান্য দেশ থেকে এলএনজি আমদানি করে মহেশখালীতে স্থাপিত এলএনজি টার্মিনালের মাধ্যমে দেশে সরবারহ করা হয়। এলএনজি আমদানিতে প্রচুর অর্থ ব্যয় হয়, যা ভোলার গ্যাসকে সিএনজি করার মাধ্যমে সেইভ করা সম্ভব।

মাটির নিচে প্রদত্ত গ্যাস মানুষের কল্যাণে সৃষ্টিকর্তার বিশেষ দান। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই সম্পদের সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এটি আমাদের জাতীয় দায়িত্ব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। শিল্পায়নের প্রবৃদ্ধির সাথে সাথে গ্যাস-বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতেও এই চাহিদা বৃদ্ধি অব্যাহত থাকবে। এজন্য নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে কাজ করতে হবে এবং আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে সর্বোচ্চ পরিমাণ গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস সারাদেশে সরবাহের জন্য সরবরাহ লাইন নির্মাণ এবং বিদ্যমান সরবরাহ লাইনকে আপগ্রেট করতে হবে। এজন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে এবং এখাতে বরাদ্দ বাড়াতে হবে। প্রয়োজনে বিদেশি প্রকৌশলী এবং ঠিকাদার নিয়োগ দিতে হবে। আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের সফল বাস্তবায়ন করে দেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হলে এর বিকল্প নেই। ভোলায় ব্যাপক পরিমাণে গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপন এবং ভোলার উদ্বৃত্ত গ্যাসকে মূল ভূখ-ে নিয়ে আসার মাধ্যমে আবিষ্কৃত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। ভোলায় বিদ্যমান গ্যাসকে অব্যবহৃত রাখার কোনো অবকাশ নেই।

লেখক: প্রকৌশলী ও উন্নয়ন গবেষক। omar_ctg123@yahoo.com