সোমবার হাজার হাজার সাধারণ নাগরিক, বিরোধীদলীয় নেতৃবৃন্দ, ছাত্রসমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে সুপ্রিম কোর্টের দিকে যে পদযাত্রা করেছেন, তা ছিল এক ঐতিহাসিক ঘটনা। একদিকে পুলিশের ব্যারিকেড, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়োজিত অতিরিক্ত সশস্ত্র বাহিনীর উপস্থিতি, অন্যদিকে ছয়টি মেট্রোস্টেশনে গণপরিবহন সেবা স্থগিত রাখা হয়। তারপরও সাধারণ মানুষ ভোটাধিকার রক্ষায় রাজপথে নেমেছিল। এই পদযাত্রা কেবল রাজনৈতিক বিক্ষোভ ছিল না। এটি ছিল ভারতীয় গণতন্ত্রের প্রতিধ্বনি। এটি প্রমাণ করেছে– আমাদের সাংবিধানিক অধিকারের মূল ভিত্তি যখনই হুমকির মুখে পড়বে, তখনই দেশের মানুষ অদম্য মনোবল নিয়ে এগোবে।

কয়েক সপ্তাহ ধরে আমি আমার কলাম, টেলিভিশন অনুষ্ঠান এবং বিভিন্ন সংবাদমাধ্যমে একটি নির্মম সত্য বারবার জোর দিয়ে তুলে ধরছি। আজকের মূল সমস্যা হলো ১৩ কোটিরও বেশি ভারতীয় নাগরিককে অন্যায়ভাবে তাদের ভোটাধিকার এবং রাজনৈতিক প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে; সামনে হয়তো আরও নাম বাদ পড়তে যাচ্ছে। এই সংখ্যাটির গুরুত্ব বোঝার জন্য বলা যায়, ১৩ কোটি মানুষ পুরো জাপান, জার্মানি বা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এত বিপুলসংখ্যক নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা নির্বাচন কমিশনের সাধারণ কোনো প্রশাসনিক ভুল হতে পারে না। এটি আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রজাতন্ত্রের জন্য এক অস্তিত্বের সংকট। ভোটাধিকার হলো সেই মৌলিক সেতু, যা একজন সাধারণ নাগরিককে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে। ১৩ কোটিরও বেশি নাগরিকের জন্য যখন সেই সেতুটি ভেঙে ফেলা হয়, তখন জনগণের সার্বভৌমত্বই চুরমার হয়ে যায়।

একটি কথা পরিষ্কার করে বলা দরকার, ভোটার তালিকা থেকে ভুয়া, মৃত বা অযোগ্যদের নাম বাদ দিয়ে তালিকা সংশোধন করার বিপক্ষে আমি নই। একটি নির্ভুল ভোটার তালিকা সুশাসনের অন্যতম প্রাথমিক শর্ত। তবে আমাদের বিচারব্যবস্থার মতোই ভোটাধিকারের ক্ষেত্রেও ‘অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’ ধরে নেওয়ার মৌলিক আইনি ও সাংবিধানিক নীতিটি প্রযোজ্য হওয়া উচিত। আপনি একতরফা নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ওপরেই নিজেদের যোগ্যতা প্রমাণের বোঝা চাপিয়ে দিতে পারেন না। বরং এটি উল্টো হওয়া উচিত। আইনানুযায়ী উপযুক্ত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে যে কোনো নাগরিকের নাম কাটার আগে তার অযোগ্যতা প্রমাণের দায়ভার পুরোপুরি রাষ্ট্রের।

ভারতের মতো বিশ্বজুড়ে প্রশংসিত একটি নির্বাচনী গণতন্ত্র কীভাবে আজ এই বিপজ্জনক সংকটে এসে পৌঁছাল? এই সংকটের উৎস হলো তড়িঘড়ি করে সংশোধিত নিয়ম চালু করা; ‘যুক্তিসংগত অসংগতি’ শনাক্ত করার নামে এমন এক অদ্ভুত অ্যালগরিদম ব্যবহার করা, যেখানে আগের কোনো টাইপিং বা ক্লারিক্যাল ভুলকে বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হয়নি; ২০০২ সালের ভোটার তালিকাকে অযৌক্তিকভাবে চূড়ান্ত ভিত্তি হিসেবে নির্বাচন করা; ৬ নম্বর ফর্মের বেআইনি পরিবর্তন ও বিপুল সংখ্যায় ৭ নম্বর ফর্ম জমা দেওয়া। সর্বোপরি একটি অস্বচ্ছ, কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থার প্রয়োগ, যা স্থানীয় পর্যায়ে নির্বাচনী শাসনব্যবস্থাকে পদ্ধতিগতভাবে পঙ্গু করে দিয়েছে।

আইনানুযায়ী, স্থানীয় নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা (ইআরও) ভোটারদের যোগ্যতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে কাজ করতেন। মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত থেকে ইআরওদের পর্যাপ্ত যাচাই-বাছাই, বাসস্থান নিশ্চিতকরণ এবং কোনো বৈধ ভোটার যেন অন্যায়ভাবে বাদ না পড়েন, তা নিশ্চিত করার ক্ষমতা ছিল। কিন্তু এই বিকেন্দ্রীভূত সুরক্ষা ব্যবস্থাকে অ্যালগরিদম ও কেন্দ্রীয় নির্দেশের মাধ্যমে খর্ব করা হয়েছে এবং কার্যকরভাবে ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।

গোয়া থেকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদনে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। কোনো নাগরিক ভোটার থাকবেন কি থাকবেন না– সেই সংক্রান্ত সিদ্ধান্তগুলো এখন কেন্দ্র পরিচালিত সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হচ্ছে, যা স্থানীয় যাচাই-বাছাই, ইআরওদের বিচারবুদ্ধি এবং ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক বিচার নীতিবহির্ভূত। কোনো পুঙ্খানুপুঙ্খ ব্যক্তিগত নোটিশ বা মাঠ পর্যায়ে যাচাই না করেই ঢালাওভাবে নাম বাদ দেওয়ার সুযোগ দিয়ে এই নতুন নিয়ম ও পদ্ধতিগুলো ‘জনপ্রতিনিধিত্ব আইন’-এর মূল চেতনা ক্ষুণ্ন করছে। এই অন্যায্য প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করতে হবে। শুধু নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে একটি শক্তিশালী গণতন্ত্র টিকে থাকতে পারে না। এর মূল শক্তি নির্ভর করে একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনী ব্যবস্থার ওপর। বাংলায় যে ৮২ হাজারেরও বেশি বাদ পড়া ভোটারের আপিল শুনানি হয়েছে, তার মধ্যে ৯১ শতাংশ ভোটারকেই ভুলভাবে বাদ দেওয়া হয়েছিল বলে প্রমাণিত। কিন্তু এখনও লাখ লাখ আপিল বিচারাধীন এবং যাদের শুনানি বাকি রয়েছে তারা বর্তমানে ভোটাধিকারহীন।

এই ক্ষয় প্রক্রিয়াটি আমাদের অস্তিত্বের মূল ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। যখন নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং সাংবিধানিক অধিকারের চেয়ে নির্বাহী কর্তৃপক্ষের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়, তখন গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। রাষ্ট্র যখন পদ্ধতিগতভাবে নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেয়, তারপর জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দমন করে, তখন তা জনগণের সম্মিলিত ইচ্ছা প্রকাশের মূল পথগুলোকেই রুদ্ধ করে দেয়। এ কারণেই আমাদের এমন একটি নির্বাচনী পরিবেশ রক্ষায় শক্ত হয়ে দাঁড়াতে হবে, যেখানে প্রত্যেক যোগ্য নাগরিকের ভোট সুরক্ষিত থাকবে এবং নির্বাচন কমিশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো শাসকগোষ্ঠীর সহযোগী না হয়ে জনগণের নিরপেক্ষ অভিভাবক হিসেবে কাজ করবে।

শশী থারুর: ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী এবং কংগ্রেসদলীয় সংসদ সদস্য; দি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম