শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দিয়ে বাংলাদেশ ও তার জনগণকে স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। একটি আলাদা ভূখণ্ড এবং তার জনগণ যে বাঙালী নয়, ‘বাংলাদেশী’ হিসেবে আত্মপরিচয়ে পরিচিত হবে, তা নির্ধারণ করে দিয়েছিলেন। তাঁর এই জাতীয়তাবাদী দর্শন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ হয়ে আছে। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলগুলোর ‘বাঙালী জাতীয়তাবাদ’-এর দর্শন দেশের সিংহভাগ মানুষ গ্রহণ করেনি। কারণ, তাদের এই দর্শন দেশকে আলাদা ভৌগলিক পরিচয় এবং দেশের নাগরিকদের স্বতন্ত্র পরিচিতি দেয় না। বাঙালি বলতে বাংলা ভাষাভাষীদের বোঝায়। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মানুষরাও বাংলা ভাষায় কথা বলে। তারা বাংলাদেশের নাগরিক নয়। তারা ভারতীয় হিসেবে পরিচিত।

একইভাবে ইংরেজিতে কথা বললে আমেরিকান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড বা ইংরেজি ভাষাভাষীরা বৃটিশ হয়ে যায় না। ভাষা এক হলেও তাদের আলাদা স্বাধীন দেশ রয়েছে। একইভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং তার নাগরিকরা বাংলাদেশী, এই আত্মপরিচয় নির্ধারণ করেই জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে, আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলোর বাঙালি জাতীয়তাবাদের দর্শন ভারতে বসবাসকারি বাঙালিদের ধারণ করে, যা দেশের আলাদা ভৌগলিক পরিচয় ও নাগরিকত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বাধীনতা পরবর্তী সময় দেশের মানুষও এটা গ্রহণ করেনি। ফলে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে যতবার ক্ষমতায় এসেছে, তাদেরকে জনগণের উপর ভারতীয় ভাবধারার বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে জোরজবরদস্তিভাবে ক্ষমতায় থাকতে হয়েছে। দেশের মানুষ তা মেনে নিতে না পেরে তাদের বারবার ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। আমরা দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা তার দেড় দশকের শাসনামলে দেশকে কীভাবে ভারতের অঙ্গরাজ্যের মতো শাসন করেছেন। তিনি যেন ভারতেরই একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে ভারতের বিজেপি সরকার ও উগ্রহিন্দুত্ববাদীদের কেউ কেউ বাংলাদেশ দখল করে নেয়ার কথা বললেও হাসিনা টুঁ শব্দটি পর্যন্ত করেননি। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর বিজেপির সিনিয়র নেতা ও রাজ্যসভার এমপি সুব্রামানিয়াম স্বামী ত্রিপুরা ইউনিটের এক কর্মসূচিতে বলেছেন, ‘বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে’ (দৈনিক ইনকিলাব ২ অক্টোবর)। এ নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কোনো প্রতিবাদ করেনি। এ থেকে বোঝা যায়, আওয়ামী লীগ ও হাসিনার ভারতপ্রীতি এবং বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে নামে স্বাধীন রেখে ভারতের করদরাজ্যে পরিণত করে রেখেছিলেন।

দুই. যেকোনো স্বাধীন দেশে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত হয়, সে দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, রীতি-নীতি, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে। মৌলিক এ বিষয়গুলোর মধ্যেই দেশ এবং দেশের মানুষের আত্মপরিচয় থাকে। জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বাংলাদেশের প্রকৃত পরিচয় ধারণ করে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তাঁর এই দর্শন ধারণ করে এবং তা এগিয়ে নিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষও তা ধারণ করেছে এবং দলটিকে বারবার ক্ষমতায় এনেছে। দলটিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করে।

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন থেকে মুক্ত থাকার জন্য এবং আওয়ামী লীগের ভারতপ্রীতিকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক উচ্চারণেই জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনজাত। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও হাসিনার পতনের পর ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার জন্যই ২০২৬-এর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এনেছে।

এ থেকে প্রমাণিত হয়, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং তার ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার নির্ভরশীল দল মনে করে। প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন প্রজন্ম তথা জেন-জি, আলফা জেনারেশনের (২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম) কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন কতটুকু জানাতে বা পৌঁছাতে পেরেছে ও পারছে? বলা বাহুল্য, জেন-জি ও আলফা জেনারেশনের বেড়ে উঠা ও জন্ম শেখ হাসিনার ফ্যাসিজম শাসনের মধ্যে হয়েছে। তারা হাসিনার ফ্যাসিজম দেখেছে এবং তার বয়ান শুনে শুনে বড় হয়েছে। তবে তারা আওয়ামী লীগের ভারতীয় লেজুড়ভিত্তির বাঙালি জাতীয়তাবাদের দর্শন গ্রহণ করেনি বলে জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে।

অন্যদিকে, হাসিনার দীর্ঘ ফ্যাসিসজমের সময়ে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন, তারা খুব কমই জেনেছে। এখনও যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশী জাতীয়াতা বাদ কি, তার স্পষ্ট উত্তর তাদের অনেকে দিতে পারবে না। অন্যদিকে, জামায়াতে ইসলামী নীরবে কাজ করে তার দর্শন তাদের কাছে যতটা পৌঁছিয়েছে, বিএনপি তা পৌঁছাতে পারেনি। ৫ আগস্টের পর জামায়াত কৌশলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে ও পাঠ্যসূচিতে ব্যাপকভাবে তার দর্শন অনুপ্রবেশ ঘটিয়েছে। বিএনপি তার দর্শন প্রতিষ্ঠায় এ কাজটি করতে পারেনি। এ প্রশ্ন আসতে পারে, তাহলে বিএনপি নির্বাচনে কীভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল? পেয়েছে এ কারণে, যারা আমাদের মতো এক্স জেনারেশন, যারা জাতীয়তাবাদী দর্শন গ্রহণ করেছে, তাদের সংখ্যাটি এখনও বেশি। এবারের নির্বাচনে যে কয়েক কোটি নতুন ভোটার ভোট দিয়েছে, তাদের কত শতাংশ জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে ভোট দিয়েছে, সে সম্পর্কে দলটি কোনো গবেষণা করেছে কিনা, তা আমাদের জানা নেই। যদি গবেষণা করে থাকে, তাহলে বোঝা যাবে, এ প্রজন্মের কাছে জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন কতটা পৌঁছেছে, তার একটি ধারণা পাওয়া যাবে। এই দর্শনকে কীভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে যাওয়া যাবে, সে করণীয়ও নির্ধারণ করা যাবে। বিএনপি ক্ষমতায় এসে কি এ ধরনের কোনো উদ্যোগ নিয়েছে? এ নিয়ে কি কোনো চিন্তাভাবনা, পরিকল্পনা বা গবেষণা করছে? এখন পর্যন্ত তার কোনো নমুনা দেখা যাচ্ছে না। বরং ক্ষমতায় এসে দলটি এ দর্শনের ক্ষেত্রে উদাসীন হয়ে গেছে। দর্শন অনুশীলনের পরিবর্তে ধীরে ধীরে ক্ষমতার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ছে। এ প্রবণতা শুভ লক্ষণ নয়। বলা বাহুল্য, মূল ছাড়া বৃক্ষ বাঁচে না।

তিন. একটি দর্শন বাঁচে তার ধারক ও বাহকের মাধ্যমে। পৃথিবীতে অনেক রাজনৈতিক দর্শন সময়ের প্রয়োজনে এসেছে এবং তা কিছু সময়ের জন্য গ্রহণযোগ্য হয়েছে, তারপর লঘিষ্ট হয়ে গেছে। এক সময় বিশ্বে মার্কসবাদ-লেনিনবাদ খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় তা ম্রিয়মান হয়ে গেছে। তবে দেশ ও জাতির আত্মপরিচয়ের জাতীয়তাবাদের দর্শন চিরদিনের স্বীকৃতি হয়ে থাকে। দেশ ও জাতি আত্মপরিচয় নিয়ে টিকে থাকে। এমন দর্শনই দিয়েছেন জিয়াউর রহমান। দুঃখের বিষয়, তাঁর এই দর্শন এখন দলটির পুস্তকে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তার চর্চা দেখা যায় না। যেকোনো দলের মূল পুঁজি তার আদর্শিক লড়াই। এই লড়াইয়ে যতবেশি মানুষ সম্পৃক্ত হয়, তার ভিত্তি তত শক্ত হয়। বিএনপি তার এই আদর্শিক লড়াই থেকে অনেক দূরে সরে গেছে বলে প্রতীয়মান হচ্ছে।

আদর্শিক এই লড়াই করতে হয় বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে ন্যারেটিভ তৈরি করে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ন্যারেটিভ তৈরির অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমরা দেখেছি, পতিত আওয়ামী লীগ তার শাসনামলে কীভাবে শেখ মুজিবকে পাঠ্যপুস্তক থেকে শুরু করে দেশের আনাচে-কানাচে মূর্তি স্থাপন, শত শত কোটি টাকা খরচ করে জন্মশতবার্ষিকী পালন, সিনেমা, সাহিত্য রচনা করে তার দর্শনকে তুলে ধরেছিল। আওয়ামী লীগের অনুসারী বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে কীভাবে তাকে দেবতাতুল্য করে তুলেছিল। মুক্তিযুদ্ধকে কীভাবে তার একক কৃতিত্ব হিসেবে তুলে ধরেছিল। এমন ন্যারেটিভ তৈরি করেছিল যে, সবাইকে আওয়ামী লীগ হয়ে যেতে হবে। এমনকি হাসিনাকে নানা বিশেষণে বিশেষিত করে এক মহান নেত্রী হিসেবে তুলে ধরেছিল।

তবে বছরের পর বছর ধরে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে তাদের এই ন্যারেশন তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফলে তারা তা চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে তাদের সামনে দর্শনগত একটা শূন্যতা তৈরি হয়েছে। বিএনপি এখন ক্ষমতায়। সে কি পারছে, আমাদের দেশ ও জাতির আত্মপরিচয় নির্ধারণ করে দেয়া জিয়াউর রহমানের দর্শনকে তাদের সামনে তুলে ধরতে? আমরা বলছি না, বিএনপিকে আওয়ামী লীগের মতো জোর করে গোয়েবলসীয় কায়দায় দর্শন গিলাতে হবে। আমরা বলছি, ইতিহাসে যার যেটুকু অবদান ও অবস্থান তা ঠিক রেখে, বিপুল ও স্বতঃস্ফূর্তভাবে জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী দর্শন তা তুলে ধরতে। বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে এ দর্শনকে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরতে।

জাতীয়তাবাদী দর্শন যে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ও স্থায়ী বর্ম, এ বিষয়টি তুলে ধরতে। চার. অত্যন্ত পরিতাপের বিষয়, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন তুলে ধরার মতো কার্যকর কোনো মাধ্যম নেই। এ দর্শনকে তুলে ধরার মতো না কোনো বুদ্ধিজীবী মহল রয়েছে, না কোনো সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন রয়েছে। বরাবরের মতো এই মাধ্যমে দলটির দুর্বলতা অত্যন্ত প্রকট। অথচ এখনো পতিত আওয়ামী লীগ নানা কৌশলে তার বয়ান গেয়ে যাচ্ছে। তার অনুসারি বুদ্ধিজীবী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা টেলিভিশন চ্যানেল, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়ে-বিনিয়ে কিংবা সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। বলা হয়ে থাকে, গণমাধ্যম এখনো আওয়ামী অনুসারিরা ঘাপটি মেরে রয়েছে। সময়-সুযোগ বুঝে তারা বিএনপি সরকারের পিণ্ডি চটকাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম স্বাধীনভাবে চলবে, এটাই স্বাভাবিক। তবে সরকারের নিজস্ব পলিসি এবং দলের যে দর্শন ও আদর্শ, তা তুলে ধরারও তো তাগিদ থাকতে হবে। আওয়ামী লীগের মতো জোরজবরদস্তি বা হস্তক্ষেপ না করে কীভাবে গণতান্ত্রিক উপায়ে তার এই দর্শন গণমাধ্যমে তুলে ধরা যায়, সে চিন্তা করতে হবে। সভা, সেমিনার, গবেষণা, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনের বুদ্ধিবৃত্তিক চর্চা, শিল্প-সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে, তা তুলে ধরতে হবে। এই উদ্যোগ বিএনপি থেকেই নিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো উদ্যোগ দলটির মধ্যে নেই। ফলে পতিত স্বৈরাচারের অনুসারি ও দোসররা এসব মাধ্যমে মাথাচাড়া দিয়ে উঠেছে, যা সরকার ও তার দলের জন্য অশনিসংকেত। darpan.journalist@gmail.com