এ দেশে বাজার নিয়ে আলোচনার কেন্দ্রে সবসময় থাকে ‘দাম’। সামাজিক মাধ্যমে কম দামের বিষয়টি ‘ভাইরাল’ হয়। যেমন ঈদের আগে একটি পাঞ্জাবির ব্র্যান্ডের মালিক এয়ারপোর্টে গিয়ে ভিডিও বার্তায় দাবি করেন, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় বাধা ও হুমকির মুখে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাঁর দাবি, সিন্ডিকেটের নির্ধারিত দামে পাঞ্জাবি বিক্রির চাপ থাকলেও তিনি উৎপাদন খরচ ২৪০ টাকার ওপর ৬০ টাকা লাভ ধরে প্রতি পাঞ্জাবি ৩০০ টাকা বিক্রিতেই সন্তুষ্ট ছিলেন। এমনকি কিছু তরুণ রাজনীতিবিদও জনমতের সঙ্গে সংহতি জানান।
ভিডিও বার্তাটি ‘ভাইরাল’ হওয়ার পর সামাজিক মাধ্যমে তার প্রশংসার পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবিও জোরালো হয়। পরে অবশ্য তিনি নিজের বক্তব্য সংশোধন করেন এবং ব্যবসা সম্প্রসারণের কথাও বলেন। সত্য-মিথ্যা যাচাই নয়; এই নিবন্ধের উদ্দেশ্য ঘটনাটিকে কেন্দ্র করে একটি প্রশ্নের উত্তর খোঁজা: সস্তার দাপটে কি ন্যায্যতা হারিয়ে যাচ্ছে?
লক্ষণীয়, মানুষ কম দামে পণ্য পেয়ে উচ্ছ্বসিত হয়, কিন্তু একটি মৌলিক প্রশ্ন করে না। যেমন পাঞ্জাবির ক্ষেত্রে কেউ জিজ্ঞাসা করেনি, কারিগর ও সেলাই শ্রমিক পাঞ্জাবিপ্রতি কত মজুরি পাচ্ছেন? মাস শেষে তাদের আয় কি সম্মানজনক জীবনযাপনের জন্য যথেষ্ট? এ প্রশ্নগুলো ভাইরাল হয় না। এভাবেই সামাজিক মাধ্যমে ভাইরাল কনটেন্টের প্রতিযোগিতায় আমরা কি অজান্তেই অন্যায্যতাকে স্বাভাবিক করে ফেলি?
কৃষির দিকে তাকানো যাক। আশির দশকে একজন দিনমজুরের আয় ছিল দৈনিক ৩০-৫০ টাকা; চালের দাম ছিল প্রতি কেজি ৫ থেকে ৮ টাকা। একটি পরিবারের দৈনিক দুই কেজি চালের প্রয়োজন ধরলে আয়ের প্রায় এক-তৃতীয়াংশ শুধু চাল কিনতে ব্যয় হতো। এখন দিনমজুরের আয় দৈনিক ৭০০ থেকে এক হাজার টাকা; চালের দাম ৫০-৬০ টাকা কেজি। তার মানে, চালের খরচ আয়ের তুলনায় কমেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
উৎপাদক ও ভোক্তার মধ্যে যে আয় ব্যবধান তৈরি হয়েছে, এ বড় অংশের সুবিধা ভোগ করছে মধ্যস্বত্বভোগীরা। কৃষক উৎপাদন করেন, কিন্তু মূল্য নির্ধারণে তাঁর ভূমিকা সীমিত। অন্যদিকে আড়তদাররা সেই পণ্য বিক্রি করে তুলনামূলক বেশি লাভবান হন, যার প্রতিফলন তাঁর ও পরিবারের জীবনযাত্রায়ও দৃশ্যমান।
এই আয় বৈষম্য দূর করার উপায়ও আছে। যেমন ‘ফেয়ার ট্রেড’ বা ন্যায্য বাণিজ্য ধারণা উৎপাদককে টেকসইভাবে টিকে থাকার মতো মূল্য নিশ্চিত করতে পারে। অন্যদিকে ‘লিভিং ওয়েজ’ বা জীবনধারণ উপযোগী মজুরি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শ্রমিকদের মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেয়। কিন্তু আমাদের দেশে সাধারণত ‘মিনিমাম ওয়েজ’ বা ন্যূনতম মজুরিকে যথেষ্ট মনে করি; সেটা অনেক ক্ষেত্রে জীবনযাপনের ব্যয় মেটানোর জন্যও অপর্যাপ্ত। এই ধারণাগুলো প্রয়োগ করতে পারায় আফ্রিকার কফি উৎপাদক ও লাতিন আমেরিকার কোকো উৎপাদকরা এখন পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন। এ ছাড়াও অনেক দেশে ‘এথিক্যাল সাপ্লাই চেইন’ বা নৈতিক সরবরাহ শৃঙ্খল ধারণার প্রয়োগে পণ্য উৎপাদন থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপ ও ব্র্যান্ড বা ক্রেতার শর্ত হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নৈতিক সরবরাহ শৃঙ্খল ধারণাটি গুরুত্ব পায়। ফলে অভ্যন্তরীণ সংস্কারের মধ্য দিয়ে কমপ্লায়েন্স শিল্পকারখানায় শ্রমিক নিরাপত্তা ও কর্মপরিবেশের কিছু মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। এতে বোঝা যায়, নীতি ও চাপ একসঙ্গে কাজ করলে বাংলাদেশের মতো দেশগুলোতেও পরিবর্তন সম্ভব। প্রশ্ন হলো, যে মানদণ্ড বিদেশে তৈরি পোশাক রপ্তানিতে প্রয়োগ করা হয়েছে, একই মানদণ্ড কি আমাদের অভ্যন্তরীণ বাজারে প্রয়োগ করা হয়েছে? স্থানীয় সেলাই কর্মী, কৃষক বা অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ক্ষেত্রে এমন নৈতিক কাঠামো এখনও অনুপস্থিত। ফলে আমরা এক ধরনের দ্বৈত বাস্তবতায় বাস করছি। রপ্তানিমুখী খাতের মান আর দেশের অভ্যন্তরে বাণিজ্যের মান একই রকম নয়। তাহলে প্রশ্ন আসে, যে মানদণ্ড আমরা বিদেশি ক্রেতার জন্য মানতে পারি, সেটি কেন দেশের মানুষের জন্য মানতে পারি না?
যদি আমরা নিজেদের দেশেই আন্তর্জাতিক মানদণ্ড– ন্যায্যমূল্য, মানসম্মত জীবনধারণ উপযোগী মজুরি এবং নৈতিক সরবরাহ শৃঙ্খল কার্যকরভাবে অনুসরণ করতে পারি, তাহলে শুধু শ্রমিকের ন্যূনতম মজুরি নয়, বরং মানসম্মত জীবনমান নিশ্চিত করা সম্ভব।
বাস্তবতা হলো, সামাজিক মাধ্যমে আমরা ‘কম দাম’ উদযাপন করি। কিন্তু সেই কম দামের পেছনে থাকা অন্যায্যতা উপেক্ষা করি। যে শ্রমিক আমাদের পোশাক তৈরি করে কিংবা যে কৃষক আমাদের খাদ্য উৎপাদন করে, তাদের জীবনের বাস্তবতা আমাদের আলোচনার বাইরে থেকে যায়। এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, নৈতিক সংকটও তৈরি করছে। এই বাস্তবতায় সমাধান খোঁজা জরুরি। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো ভ্যালু চেইনে স্বচ্ছতা আনা এবং কৃষকের জন্য ন্যায্যমূল্য ও শ্রমিকের জন্য জীবনধারণ উপযোগী মজুরি নিশ্চিত করা দরকার। মধ্যস্বত্বভোগীদের অস্বাভাবিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, যাতে তারা ভোগবাদী সমাজে থেকেও উৎপাদক, শ্রমিক ও ভোক্তার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে আগ্রহী হয়। সস্তার মোহ থেকে বেরিয়ে ন্যায্যতার পথে হাঁটাই সময়ের দাবি। তাতে যদি ভোগ কিছুটা কমাতে হয়, সেটাও ভালো।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
