একটা সময় ছিল যখন কৃষিকাজ শুধুমাত্র একটা পেশা ছিল না, ছিল আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তখন গ্রাম মানেই ছিল সবুজ মাঠ, কৃষকের ঘামে ভেজা মাটি আর ফসলের গন্ধ। কিন্তু সময় বদলেছে। আজকের তরুণ সমাজ ক্রমেই কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। মাঠ ছেড়ে অফিস বা বিদেশযাত্রার স্বপ্নে বিভোর হচ্ছে। তাদের কাছে কৃষিকাজ কোনো সম্মানজনক বা লাভবান কাজের মধ্যেই যেন পড়ে না। কিন্তু প্রশ্ন হলো-এই যে তরুণদের কৃষি বিমুখতা; এই সংকটের দায় কার? তরুণদের অনীহা নাকি রাষ্ট্রের ব্যর্থতা? নাকি সমাজ ব্যবস্থার বিরাট কোনো অসঙ্গতি?\r\nবাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে বাইরের দেশেও রপ্তানি করে থাকে আমাদের দেশের কৃষিজাত পণ্য।

আমাদের ক্ষুধা নিবারণ করে থাকে সঙ্গে আমাদের জাতীয় অর্থনীতিতেও অবদান রাখে কৃষিকাজ। বাংলাদেশের একটা বড় অংশ হচ্ছে তরুণ। কিন্তু তরুণদের খুব কম সংখ্যকই আজ কৃষিকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। তবে একটা সামান্য অংশ তরুণকে দেখাও যাচ্ছে পড়াশুনা শেষ করে গ্রামে চলে যাচ্ছে কৃষিকাজ, খামারি কাজ করার জন্য। তবে এই সংখ্যাটা খুবই নগণ্য। এর বিপরীত দৃশ্যটাই বেশি দেখা যাচ্ছে। তরুণদের চোখে এখন কৃষিকাজ একটি শেষ ভরসার পেশা । পড়াশুনায় ব্যর্থ হলে বা অন্য কোথাও চাকরি না হলে- তবেই কেউ কেউ কৃষির দিকে তাকায়। এই মানসিকতা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়; এটি একটি দীর্ঘদিনের সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার ফল।\r\nআমরা আধুনিকতার দ্বার অতিক্রম করে বহু দূর এগিয়ে এসেছি; তবুও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চিন্তা ধারার কোনো ধরনের পরিবর্তন হয়নি।

সমাজে আজও কৃষি কাজ নামটি শুনলেই কেমন যেন এক অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে। দেওয়া হয় না যথাযথ মর্যাদা। আর যদি কোনো শিক্ষিত ছেলে কৃষিকাজের যাওয়ার ইচ্ছাও পোষণ করে তবে তার সম্মান নিজে বিসর্জন দেওয়ার পূর্বেই যেন আমাদের সমাজ ব্যবস্থা তার সম্মান বিসর্জন দিয়ে দেয়। কৃষক শব্দটি যেন এখনো অশিক্ষিত, দরিদ্র বা পিছিয়ে পড়া-এই ধরনের ধারণার সঙ্গে জড়িত। অথচ আধুনিক বিশ্বে কৃষি এখন প্রযুক্তিনির্ভর, গবেষণাভিত্তিক এবং লাভজনক একটি পেশা। এই সামাজিক দৃষ্টিভঙ্গি তরুণদের কৃষি থেকে দূরে সরিয়ে দেয়। তারা চায় সম্মান, পরিচিত ও নিরাপত্তা-যা কৃষিতে তারা খুঁজে পায় না।\r\nকৃষি কাজের সবচেয়ে বড় সমস্যা হলো অনিশ্চয়তা। আবহাওয়া, বন্যা, খরা, রোগবালাই-সবমিলিয়ে কৃষি সবসময় ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে যুক্ত হচ্ছে ন্যায্যমূল্য অভাব।

কৃষক সারাবছর হার ভাঙ্গা পরিশ্রম করে কৃষিপণ্য ফলানোর জন্য। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হাজার হাজার টাকা খরচ করে কৃষিকাজের পেছনে; কিন্তু সেই পণ্য বাজারে উঠলে পায় না যথাযথ মূল্য। মধ্যস্বত্বভোগী, আড়তদার ও দালাল চক্র লাভের বড় একটা অংশ নিয়ে নেয়। ফলস্বরূপ কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তরুণরা এই বাস্তবতা দেখে ভয় পায়-একটি এমন পেশায় কেন যাবে, যেখানে পরিশ্রম বেশি, লাভ কম আর ভবিষ্যৎ অনিশ্চিত?\r\nকৃষিতে তরুণদের আগ্রহ না থাকার আরও একটি বড় কারণ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। আমাদের শিক্ষা ব্যবস্থা কৃষিকে কখনোই আকর্ষণীয় করে তুলতে পারেনি স্কুল কলেজের পাঠ্যক্রমে কৃষি বিষয়ে কোনো বাস্তবমুখী শিক্ষা নেই। কৃষিকে দেখানো হয় একটি প্রথাগত, পুরনো পেশা হিসেবে-আধুনিক বিজ্ঞান বা উদ্ভাবনের জায়গা হিসেবে নয়।

বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ তৈরি হলেও, মাঠপর্যায়ে তাদের কাজের সুযোগ সীমিত। গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে কৃষকের বাস্তব জীবনের সংযোগ দুর্বল। ফলে তরুণরা কৃষি শিক্ষাকে ভবিষ্যতের নিরাপদ পথ মনে করে না।\r\nতাছাড়াও এখানে আরও একটু বড় কারণ হলো রাষ্ট্রীয় নীতির সীমাবদ্ধতা। রাষ্ট্র কৃষিকে অগ্রাধিকার খাত বললেও বাস্তবে তা খুবই কম প্রতিফলিত হয়। কৃষকের জন্য সহজ ঋণ, ফসলের ন্যায্যমূল্য, আধুনিক যন্ত্রপাতি, সংরক্ষণাগার, বিপণন ব্যবস্থা-এসব ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়েছে। তরুণদের জন্য বিশেষ কৃষি উদ্যোগ, স্টার্টআপ সহায়তা বা প্রশিক্ষণ কার্যক্রম থাকলেও তা পর্যাপ্ত নয় কিংবা সঠিকভাবে বাস্তবায়িত হয় না। নীতির সঙ্গে বাস্তবতার এই ফারাক তরুণদের হতাশ করে।\r\nআরও রয়েছে জমির সংকট ও উত্তরাধিকার সমস্যা।

ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের ফলে কৃষিজমি কমে যাচ্ছে। অনেক সময় জমি উত্তরাধিকার সূত্রে ভাগ হয়ে এত ছোট হয় যে কৃষি লাভজনক থাকে না। তরুণরা দেখে বাপ-দাদার জমিতে আর টিকে থাকা সম্ভব নয়। ফলে তারা বিকল্প পথ খুঁজে।\r\nসবচেয়ে দুঃখজনক সঙ্গে সত্য যে সমস্যাটা তা হলো প্রযুক্তির অভাব না থাকা সত্ত্বেও ব্যবহারের সংকট। প্রাচীনকালে যখন কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া ছিল। তখন মানুষ নিজের শরীরের শক্তি ক্ষয় করে গরু দিয়ে হালচাষ করত। কিন্তু আমরা এখন এক প্রযুক্তির যুগে বসবাস করছি। তাই যদি প্রযুক্তি তরুণ বান্ধব করা যেত, কৃষিকে ডিজিটাল ও উদ্ভাবনী পেশা হিসেবে তুলে ধরা যেত; তবেই চিত্র ভিন্ন হতে পারত।\r\nএছাড়াও তরুণদের শহরমুখী জীবন ও ভোগবাদী সংস্কৃতি ও রয়েছে। আজকের তরুণ সমাজ শহর কেন্দ্রিক।

শহর মানেই উন্নয়ন, চাকরি, আধুনিকতা তাদের মনে গেঁথে দেওয়া হয়েছে যখন থেকে বুঝ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকচিক্যপূর্ণ শহুরে জীবন তরুণদের আকর্ষণ করে। কৃষকের জীবন সেখানে অনুপস্থিত। ভোগবাদী সংস্কৃতি তরুণদের দ্রুত আয় ও আরামদায়ক জীবনের দিকে ঠেলে দিচ্ছে। কৃষি সেখানে ধৈর্যের খেলা -যা বর্তমান প্রজন্মের মানসিকতার সঙ্গে অনেক সময়ই খাপ খায় না।\r\nএই যে কৃষি থেকে তরুণদের মুখ ফিরিয়ে নেওয়া; এটার দায়ভার কার? এই প্রশ্নের একক কোনো উত্তর নেই। এই দায়ভার সরকার থেকে সমাজ সবাইকেই নিতে হবে। এখানে আমাদের রাষ্ট্রের দায়, আমাদের শিক্ষা ব্যবস্থার দায়, সমাজের দায়, বাজার ব্যবস্থার দায় এবং আমাদের সবার দায়। সমস্যা সমাধানের পথে হাঁটতে হবে রাষ্ট্রকে। কৃষিকে অবশ্যই লাভজনক পেশায় রূপান্তর করতে হবে। ন্যায্যমূল্য ও সরাসরি বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তরুণদের জন্য কৃষি উদ্যোক্তা কর্মসূচি, স্টার্টআপ সুবিধা, প্রযুক্তি সহায়তা ও সহজে ঋণের ব্যবস্থা করতে হবে। শিক্ষায় স্মার্ট এগ্রিকালচার ও এগ্রোটেক অন্তর্ভুক্ত করে কৃষিকে আধুনিকভাবে উপস্থাপন করতে হবে। কৃষিকে সমাজে সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সর্বশেষ, ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন মার্কেটিং ব্যবহারের মাধ্যমে কৃষিকে তরুণবান্ধব করে তুলতে হবে। কৃষি থেকে তরুণদের মুখ ফিরিয়ে নেওয়া শুধু একটি পেশাগত সংকট নয়; এটি একটি জাতীয় সংকট। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিপর্যায়ে সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে তবে কৃষি আবার তরুণদের কাছে সম্ভাবনাময় ও সম্মানজনক পেশায় ফিরে আসবে।