রাষ্ট্রের চালক রাজনীতি, আর রাজনীতি মানে উচ্চ হৃদয়বৃত্তি–যেখানে জনগণের কল্যাণই চূড়ান্ত লক্ষ্য। বিপদ ঘটে তখন যখন রাজনৈতিক দল হয়ে যায় রাষ্ট্রের মালিক; তখন সব কাজে জনগণ হয় উপেক্ষিত। রাজনৈতিক দল দলীয় বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে মশগুল থাকে, এতে সমর্থন করার চামচার অভাব হয় না।

বর্তমান সময়ে আলোচিত নিউ পলিটিকস-ওল্ড পলিটিকস। এ আলোচনার মধ্যে লুকিয়ে আছে মানুষের মৌলিক দাবি–খেয়ে-পরে শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। তার জন্য প্রয়োজন নির্মোহ, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, দক্ষ ও সাহসী নেতৃত্ব। এর অভাব বা দুর্ভিক্ষ রয়েছে, যা দৃশ্যমান। ভোট আসছে। দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ভোটে অংশগ্রহণকারী দলগুলো প্রার্থী নির্বাচিত করেছে। রাজনীতিই ধ্যান-জ্ঞান এমন কতজন প্রার্থী অংশ নিচ্ছেন? সংসদ বহুকাল ধরেই আপাদমস্তক রাজনীতিবিদ পাচ্ছে না। যা পেয়েছে বা পাবে সেটা খুব সামান্য। এখানে সংকট ঘনীভূত এবং ঘুরপাক খাচ্ছে। এবারও কোটিপতি সংসদ সদস্য প্রার্থী নেহাত কম নয়। স্বাভাবতই কোটিপতিরা শ্রমজীবী শ্রেণির প্রতিনিধিত্ব করে না, নিজ শ্রেণিস্বার্থ রক্ষাই তাদের দায়িত্ব। বিকল্প ভাবতে হবে, এখনই সময়।

রাজনীতি বাঁচলে বাঁচে রাষ্ট্র, রাষ্ট্র বাঁচলে বাঁচে জনগণ। বি-রাজনীতি যখন রাজনীতিকে হাইজ্যাক করে তখন রাষ্ট্রের সবকিছু টালমাটাল হয়ে যায়। রাষ্ট্র হারায় দৃঢ়তা, সক্ষমতা এবং হুমকির মুখে থাকে সার্বভৌমত্ব। নেতাদের কিছু দায় রয়ে যায়, কর্মীদের রাজনৈতিক বুদ্ধিমত্তা বিকাশে কমতি থাকলে তারা জনগণের মাঝে ক্রিয়া করতে পারে না। সেটি যখন পারে না তখন দল শুকাতে থাকে। ঠিক তখন বিপরীত আদর্শ সুযোগ বুঝে আঘাত করে। রাজনীতি এক মহান ব্রত। তবে পলিটিক্যাল মাইন্ড বা রাজনীতিমনস্কতা এখানে খুব গুরুত্বপূর্ণ। দেশপ্রেম যা আসে শৈশবে পরিবার বা স্কুলের গণ্ডি, সিনেমা, কবিতা বা সাহিত্য থেকে। পরোপকার, উদার, দরদি মন সত্যিকার রাজনৈতিক কর্মীর পূর্বশর্ত। অথচ রাজনীতির নামে লুটেপুটে খাওয়ার রেওয়াজ বহুদিনের, এখনও তা চলছে।

জোসেফ স্টালিন বলেছিলেন, পৃথিবীর সব পুঁজির চেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি হচ্ছে জনগণ এবং কর্মী, কর্মীর যত্ন এখানে প্রণিধানযোগ্য। সেই যত্ন নেওয়ার অভাব এখানে স্পষ্ট। ফিদেল কাস্ত্রো বলেছিলেন, নৈতিকতা বুলেটপ্রুফ ভেস্টের চাইতেও শক্তিশালী। মাও সে তুং শতফুল ফোটার কথা বলেছিলেন। দার্শনিক ডায়াজনিস দিনের আলোয় লণ্ঠন হাতে মানুষ খুঁজতেন। সক্রেটিস বলেছিলেন, ‘হাউ ম্যানি থিংস আই ক্যান ডু উইদাউট–কম কম দিয়ে আমি চলতে পারি।’ রাজনীতিবিদরা নব্য উদারবাদের বিপরীতে দাঁড়িয়ে রাষ্ট্র, জনগণ ও ভূখণ্ডের কল্যাণে সক্রেটিসের ছোট্ট বাক্যটি কি গ্রহণ করবেন? শত সুবিধা পেছনে ফেলে জনকল্যাণে জ্ঞান-বুদ্ধি আর সামর্থ্য দিয়ে শান্তিময় আর নিখাদ ভালোবাসা মিশিয়ে জনগণের পাশে থাকবেন কি? থাকবেন কি জনগণের প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত? ভুলে গেলে চলবে না, রাষ্ট্র জনগণের, উৎপাদকের, নিপীড়িত, শোষিত আর বঞ্চিতের আর তারাই নিয়ামক। বেকার, চাকরিহারা, দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের কল্যাণ নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সংগত কারণেই রাজনৈতিক দল এবং নেতাদের ওপর এ দায়িত্ব পড়ে। শোষণের বিপরীতে সাম্যে আর প্রগতির জয়গানের প্রত্যাশা অবশ্যই খুব বেশি চাওয়া নয়।

বিশ্ব আজ জোরজুলুমের। সম্প্রতি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে অপহরণ করল। মার্কিন হুমকি জারি আছে কিউবা, গ্রিনল্যান্ডসহ বহু দেশের বিরুদ্ধে। ইরানে সাম্রাজ্যবাদের খেলা বিশ্ববাসী নীরবে দেখছে, প্রতিবাদও হচ্ছে। নতুন প্রজন্মের প্রতি আহ্বান–প্রশ্ন করো, উত্তর চাও। অধিকার বুঝে নেওয়ার জন্য প্রস্তুত হও। রাষ্ট্র শাসকের নয়, তোমার মতো সাধারণ নাগরিকের। দায়িত্বপ্রাপ্ত বা ক্ষমতাসীনরা তোমার হক তোমার হাতে পৌঁছে দেবে, দিতে হবে।

সাব্বাহ আলী খান কলিন্স: সাবেক ছাত্রনেতা