চোখে দেখলে মনে হবে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত। বাস্তবে এটি কোনো সাধারণ ফসলি জমি নয়; রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এক সময়ের ঐতিহ্যবাহী ও বৃহত্তম জলাশয় ‘উন্তা বিল’। এখন কেবল সরকারি নথিপত্রে বিল হিসেবে আছে, অথচ একসময় সেখানে ছিল অগাধ নীল জলরাশি আর বৈচিত্র্যময় মাছের ভান্ডার।

সম্প্রতি বিলের অবস্থা সরেজমিন দেখতে গিয়েছিলাম সেখানে। সঙ্গে ছিলেন বিশিষ্ট নদী গবেষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এবং প্রভাষক খাইরুল ইসলাম। দেখলাম বিলের স্বছ পানির পরিবর্তে সবুজ ধান আর ভুট্টাক্ষেত। বিলের কিছু জায়গায় ভূগভর্স্থ পানি তুলে কৃত্রিম মাছ চাষ করা হচ্ছে।

বিলপাড়েই কথা হয় এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে। ৮০ বছর বয়সী আব্দুস সাত্তার স্মৃতি হাতড়ে জানালেন, চৈত্র মাসেও বিলের পানিতে মানুষ ডুবে যেত, এখন সেটি পুরে গিয়ে ‘ভুঁই’তে (ফসলি জমি) পরিণত। বিলের পশ্চিম পাড়ে ছিল বিশাল বাঁশঝাড়। এলাকায় সেটি ‘আন্ধার বাঁশের ঝাঁড়’ নামে পরিচিত ছিল। দিনের বেলায়ও সেই বাঁশঝাড়ে প্রবেশ করতে ভয় করত মানুষ। তাঁর মুখেই শোনা গেল ‘বুড়ির ঘাট’-এর গা ছমছমে ভৌতিক পরিবেশের গল্প।

মাছের প্রাচুর্য নিয়ে তাদের বর্ণনা ছিল অবিশ্বাস্য। ১৫ সের (প্রায় ১৪ কেজি) ওজনের বিশালকায় গজার কিংবা ১৩-১৪ সের ওজনের রুই মাছ এই বিলে এক সময় ছিল অতি সাধারণ ব্যাপার। এরশাদ ভাই স্মৃতিচারণ করে বললেন: ‘আমি এই বিলে ১৩ সের ওজনের রুই মাছ ধরেছি; বড় বড় কচ্ছপ দেখেছি। রুপালি ঝিলিক তোলা চাপিলা আর ছোট কত্তি ও দারকা মাছের মেলা বসত এই বিলের নানা প্রান্তে। বর্ষাকালে আশপাশের জমির পানি বিল দিয়ে মরা তিস্তা নদীতে যেত। এখন বিল ভরাট হওয়ায় পানি সরতে পারে না। ফলে বর্ষায় আশপাশের বাড়িঘরে পানি উঠে যায়; সৃষ্টি হয় জলাবদ্ধতা।’

এককালে উন্তা বিলের বাঁশঝাড় ছিল সাদা বক, কানিবক, নিশিবক ও পানকৌড়ির নিরাপদ আবাস। বিলের টলটলে জলের ওপরের ঘাস ও কচুরিপানার ওপর নির্ভয়ে চরে বেড়াত ডাহুক, দলপিপি আর জলময়ূর। বিলের পানিতে মাছ ধরার প্রতিযোগিতায় মেতে থাকত হরেক প্রজাতির মাছরাঙা। শীতের আমেজ আসতেই বিলের বুক ভরে যেত পাতি সরালি, ধলা বালিহাঁস, বাদি হাঁস, নাকতা হাঁস, মেটে হাঁসসহ বিভিন্ন জাতের বুনোহাঁসে।

বিলের পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছের মগডালে ছিল শিকারি পাখিদের রাজত্ব। সেখানে ডানা মেলত ভুবন চিল, কাটুয়া চিল আর সোনালি ডানার রাজকীয় শঙ্খচিল। মাঝেমধ্যে আকাশ থেকে নেমে আসত শিকারি ঈগল কিংবা উচ্ছিষ্ট-ভুক শকুনের দল। বিলপাড়ের ঘন গাছগাছালিতে ছিল পেঁচার বাস। সেখানে গম্ভীর স্বরে ডাকত হুতুম পেঁচা; দেখা মিলত লক্ষ্মীপেঁচা ও নিম পেঁচার। গাছে গাছে কাঠঠোকরা আর টুনটুনির চঞ্চলতা ছিল সারাবছরের সঙ্গী। বসন্ত এলে বিল এলাকা মুখরিত হতো কোকিলের ‘কুউ-কুউ’ ডাক আর বউ কথা কও, দোয়েল-শ্যামার মিষ্টি শিসে। বিলের জল ও পাড়ে ছিল বিচিত্র সাপের আবাস। ঢোড়া ও দাঁড়াশের পাশাপাশি দেখা মিলত বিষধর গোখরা, পদ্ম গোখরা, ত্বরিতগতির কাল কেউটে ও সাপখেকো শঙ্খিনীর। বিলের নির্জন পাড়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকত শিকারি প্রাণী– শিয়াল, খেঁকশিয়াল, বেজি, গুইসাপ, মেছোবিড়াল, বনবিড়াল আর গন্ধগোকুল।

বর্তমান জলবায়ু সংকটের যুগে উন্তা বিলের গুরুত্ব মাত্রা পেয়েছে আরও বহু গুণ। বিশেষ করে ইটভাটা বেষ্টিত এ অঞ্চলে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড ও মিথেন শোষণের মাধ্যমে বিলটি প্রাকৃতিক ‘কার্বন সিঙ্ক’ হিসেবে কাজ করে। খরাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এ অঞ্চলের বাতাসে জলীয় বাষ্প সরবরাহ করে স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণেও বিলটি ভূমিকা রাখে। পাশাপাশি বৃষ্টির পানি ধারণ ও পরিস্রাবণের মাধ্যমে এটি ভূগর্ভে পানি পুনর্ভরণে সহায়তা করে, যা এ অঞ্চলের কৃষিকাজ ও সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করে। কিন্তু যে গতিতে বিলটি ভরাট হচ্ছে, তাতে আগামী ২-৩ বছরের মধ্যে মানচিত্র থেকে ‘উন্তা বিল’ নামটি মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে আশার কথা, উন্তা বিলের সুরক্ষা, জলাভূমি সংরক্ষণ এবং এর বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা ইতোমধ্যে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’-এ দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন করা গেলে হয়তো উন্তা বিলের প্রাণ-প্রকৃতি কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে শুধু সরকারি প্রকল্পই যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ।

এ কে এম ফজলুল হক: সংগঠক, নদী অধিকারকর্মী, রংপুর