তিন দেশের নেতাদের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনার বাইরে থেকে গেছে, তা হলো তাদের মধ্যে দুটি দেশের (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) প্রভাববলয়ে চলমান যুদ্ধ।

ট্রাম্পের ক্ষেত্রে মূল বিষয় ইরান যুদ্ধ। সংঘাত শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এর অবসান ঘটাতে পারেনি ওয়াশিংটন। শীর্ষ বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা হয়তো এমন ছিল যে চীন, এমনকি রাশিয়াও যদি ইরানের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে, তবে ওয়াশিংটন তা স্বাগত জানাবে।

তবে ইরান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের এ ব্যর্থতা রাশিয়া ও চীনের জন্য খুব একটা অস্বস্তিকর নয়। বরং যুদ্ধটি দীর্ঘায়িত হওয়ায় দেশ দুটি কৌশলগত সুবিধা পেতে পারে। ফলে সংঘাতের অবসানে তারা যে খুব একটা তাড়াহুড়ো করবে না, সেটিই স্বাভাবিক। ইউরেশিয়ার অন্য প্রান্তে রয়েছে ইউক্রেন যুদ্ধ। বৈঠকে ইউক্রেনের প্রসঙ্গ একবারের জন্যও ওঠেনি। এর একটি কারণ, এ সংঘাতে তিন নেতার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের কেউই বৈঠকে উপস্থিত ছিলেন না। এমন পরিস্থিতিতে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে বসে ইউক্রেন নিয়ে নতুন কোনো ঘোষণা দেয়া ট্রাম্পের জন্য ইউরোপের কাছে বড় ধরনের অস্বস্তির কারণ হতে পারত।

[দ্য কনভারসেশনের এক নিবন্ধে]

জো অ্যাডেতুনজি : সম্পাদক, দ্য কনভারসেশন ইউকে