গত ১৩ জুন শনিবার দৈনিক ‘ইনকিলাবের’ ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে বাণী দিয়েছেন সেই বাণীর মাধ্যমে আমরা দেখলাম এক নতুন তারেক রহমানকে। দেখলাম এমন এক নতুন তারেক রহমানকে যার মধ্য দিয়ে তার পিতা শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি এবং তার মাতা বেগম খালেদা জিয়া সেই বিএনপিকে যে ধারায় এগিয়ে নিয়ে গেছেন সেই ধারা আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বাণীতে পেলাম। তিনি বলেছেন, সময়ের প্রয়োজনে দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের পক্ষের শক্তির প্রতিনিধিত্বকারী হিসেবে পত্রিকাটি জনমনে একটি বিশেষ স্থান তৈরি করেছিল। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের কণ্ঠস্বর হিসেবে দৈনিক ইনকিলাবের এই দীর্ঘ পথপরিক্রমায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পেরেছে কি না, সেটি বিচার করবেন পাঠক। তবে শত প্রতিকূলতা পেরিয়ে ইনকিলাব বরাবরই গণতন্ত্র এবং জনগণের অধিকারের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেছে। তবে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি সময়ে নিজেদের বিশ্বাসের পক্ষে অটল থাকতে পেরেছে কি না, সেটিও বিচারের ভার পাঠকের হাতে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এযাবৎকালে ইতিহাসের প্রতিটি বাঁকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে যারা চরম আত্মত্যাগ করেছেন, তাদের প্রত্যাশিত একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এই যাত্রাপথে স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিজাতীয় সংস্কৃতির মোকাবিলায় বুদ্ধিবৃত্তিক উপাত্ত নিয়ে দেশজ সংস্কৃতির নিশান উঁচিয়ে ১৯৮৬ সালে দৈনিক ইনকিলাবের আবির্ভাব ঘটেছিল। পত্রিকাটি যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আগামী দিনগুলোতেও সেই লক্ষ্য বাস্তবায়নে তার অগ্রযাত্রা অটল থাকবে, এ প্রত্যাশা করছি।
যে কথাটি ইনকিলাবের জন্মের গোড়ার কথা সেই কথাটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়েছে। দৈনিক ইনকিলাব পরিবারের একজন সদস্য হিসেবে আমার এবং ইনকিলাব কর্তৃপক্ষের কাছে এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রীর কথা, ইনকিলাবের প্রতিষ্ঠা সময়ের প্রয়োজনে। এটিই শতভাগ খাঁটি কথা। অবিভক্ত ভারতবর্ষে মুসলমানরা যখন রাষ্ট্রে নিজেদের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলেন তখন সারা ভারতের মুসলমান সাধারণভাবে এবং বিশেষভাবে অবিভক্ত বাংলার মুসলমানরা একটি দৈনিক পত্রিকার অভাব তীব্রভাবে অনুভব করছিলেন। মুসলমানদের পক্ষে মুসলিম লীগ তার কথা বলে যাচ্ছিল। কিন্তু যতখানি প্রেস কাভারেজ পাওয়ার কথা ছিল ততখানি কাভারেজ তারা পাচ্ছিল না। এমন একটি সংকটময় মুহূর্তে বিশিষ্ট আলেম এবং মুসলিম লীগ নেতা মওলানা মোহাম্মদ আকরাম খাঁন ১৯৩৬ সালের ৩১ অক্টোবর কলকাতায় দৈনিক ‘আজাদ’ প্রতিষ্ঠা করেন। তার পর থেকে দৈনিক আজাদ অনেক ঝড়-ঝঞ্ঝার মাঝেও মুসলমানদের অধিকারের কথা বলে যাচ্ছিল। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব বাস্তবায়নের পর মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রস্তাব সুস্পষ্ট অবয়ব লাভ করে। লাহোর প্রস্তাব প্রথমে পাকিস্তান প্রস্তাব ছিল না। কিন্তু লাহোর প্রস্তাবের পক্ষে জনমত গঠন করতে গিয়ে ধীরে ধীরে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির নাম পাকিস্তান হয়ে ওঠে। আর এ ব্যাপারে পাকিস্তান প্রতিষ্ঠার নায্যতা দৈনিক আজাদের মাধ্যমে কোটি কোটি বাঙালি মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়ে।
॥দুই॥ পাকিস্তান প্রতিষ্ঠার পরেও দৈনিক আজাদ তার ইসলামী মূল্যবোধ এবং দ্বিজাতিতত্ত্বভিত্তিক পাকিস্তান প্রতিষ্ঠার যুক্তি প্রচার করা অব্যাহত রাখে। আজাদ পাকিস্তান বা স্বাধীন পাকিস্তান কায়েমের পর মুসলিম লীগ ক্ষমতাসীন হয়। রাজনীতির স্বাভাবিক নিয়মে একটি স্বাধীন রাষ্ট্রে বিরোধী দল থাকতে হয়। রাজনীতির এই স্বাভাবিক নিয়মেই ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। ঠিক একই কায়দায় বিরোধী দলেরও প্রয়োজন হয় একটি মুখপত্রের। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মওলানা ভাসানীর নেতৃত্বে। অতঃপর আওয়ামী লীগের মুখপত্র হিসেবে ১৯৪৯ সালের ২৪ ডিসেম্বর প্রকাশিত হয় সাপ্তাহিক ‘ইত্তেফাক’। প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ সভাপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী এবং ইয়ার মোহাম্মদ খাঁন। এই সাপ্তাহিকটি দৈনিক ‘ইত্তেফাক’ হিসাবে প্রতিষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর ১৯৫৩ সালে। দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
পাকিস্তান আমলে সময়ের প্রয়োজনে মুসলিম জাতীয়তাবাদের ঝাণ্ডা উড়ানো হয়েছিল। মুসলিম জাতীয়তাবাদ ভিত্তিক পাকিস্তান কায়েম হলে পাকিস্তানের পূর্বাঞ্চল অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলার (পরবর্তীতে প্রথমে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ) বাঙালিরা স্বায়ত্তশাসনের দাবিতে মুখর হয়ে ওঠে। এই দাবির তথা আন্দোলনের নেতৃত্ব দেন প্রথম মওলানা ভাসানী এবং পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড পাকিস্তানের অন্যতম স্র্রষ্টা এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার মুখর প্রবক্তা হলেও তার অধীনস্ত আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের দাবিতে রাজনীতি করেন। এই সময় শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদের দাবির প্রতি বলিষ্ঠ সমর্থন জ্ঞাপন করে ইত্তেফাক এবং তার প্রকাশক-সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
বৈরুতে শেখ মুজিবের নেতা সোহরাওয়ার্দী ইন্তেকাল করলে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন। সোহরাওয়ার্দী ছিলেন ১৯৪৬ সালে দিল্লি কনভেনশনে ভারতের পশ্চিম ও পূর্বাঞ্চল মিলে এক পাকিস্তান প্রস্তাবের উত্থাপক। আজীবন তিনি ছিলেন অখণ্ড পাকিস্তানের পক্ষে। তার ইন্তেকালের পর শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। সোহরাওয়ার্দীর মৃত্যুর পর থেকে শুরু করে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত শেখ মুজিব বা আওয়ামী লীগ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেনি।
সময় এগিয়ে চলে। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়। এই স্বাধীনতার ভিত্তি ছিল ১৯৭০ সালের শেখ মুজিবের ভূমিধস বিজয়। তিনি পাকিস্তান জাতীয় পরিষদে যে ১৬৭টি আসন লাভ করেন সেটি তাকে পুরো পাকিস্তানে পাঁচটি প্রদেশ মিলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়। সত্তরের নির্বাচনে শেখ মুজিব যে নির্বাচনী মেনিফেস্টো ইস্যু করেন সেখানেও ধর্মনিরপেক্ষতার কোনো কথা ছিল না। ১৯৭১ সালের মার্চ মাসে ঢাকায় পাকিস্তানের তৎকালীন সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিব যে আলোচনা করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ কর্তৃক প্রণীত যে শাসনতন্ত্রের খসড়া তিনি সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের হাতে অর্পণ করেন সেখানেও ধর্মনিরপেক্ষতার কোনো কথা ছিল না। কিন্তু ১৯৭২ সালের ডিসেম্বর মাসে তিনি যে সংবিধান চালু করেন সেখানে সবাইকে হতচকিত করে ধর্মনিরপেক্ষতার বিধান সংযোজিত হয় এবং সমস্ত ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ হয়।
॥তিন॥ বাংলাদেশের মানুষ একই সঙ্গে বাঙালি এবং মুসলমান। বাঙালি মুসলমানদের রক্তে ধর্মনিরপেক্ষতা নেই। বাঙালি মুসলমানরা চিরদিন স্বাধীনতাকামী। বাংলার বারো ভূঁইয়ারা দিল্লির শাসনের বিরোধিতা করেছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিব যখন ভারতের সাথে ২৫ বছরের গোলামি চুক্তি করেন তখন জনগণ সেটি মেনে নেয়নি। শুধু গোলামি চুক্তি নয়, ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য বিনাশের যে ধারাবাহিক পদক্ষেপ আওয়ামী লীগ গ্রহণ করে তার বিরুদ্ধেও আওয়াজ তোলার কোনো মুখপত্র ছিল না। জেনারেল জিয়াউর রহমান শেখ মুজিবের শাসনতন্ত্র থেকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ অপসারণ করে আল্লাহর প্রতি ঈমান, সামাজিক ন্যায়বিচার ও বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করেন। জেনারেল জিয়ার এসব পদক্ষেপ কোটি কোটি বাংলাদেশি সমর্থন করেন।
জিয়াউর রহমানের এই ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত করা এবং জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসেন আলেম সমাজের নেতা আলহাজ মওলানা আব্দুল মান্নান। ১৯৮৬ সালের ৪ জুন তিনি প্রতিষ্ঠা করেন দৈনিক ‘ইনকিলাব’। জেনারেল জিয়া এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের কথা তার কাজে প্রকাশ করলেও সেটিকে লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া কঠিন ও মহতী প্রচেষ্টায় জন্মলাভ করে দৈনিক ‘ইনকিলাব’।
আমরা ইতোপূর্বে দেখিয়েছি যে, সময়ের প্রয়োজনে প্রকাশিত হয়েছিল দৈনিক ‘আজাদ’ এবং ‘ইত্তেফাক’। তেমনি সময়ের প্রয়োজনেই আজ থেকে ৪০ বছর আগে প্রকাশিত হয়েছিল দৈনিক ‘ইনকিলাব’। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেন, সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে দৈনিক ‘ইনকিলাব’, তখন তিনি লাখ লাখ মানুষের হৃদয়ের কথাটিই বলেন। শহীদ জিয়া এবং বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক গগনে দুটি উজ্জ্বল নক্ষত্রের নাম। বাংলাদেশের স্বাধীনতার পায়ে আধিপত্যবাদের যে গোলামির জিঞ্জির পরিয়ে দেয়া হয়েছিল সেই শিকল ভাঙার গান করেছিলেন এবং দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। দুঃসাহসী ও যোগ্য স্বামীর যোগ্য সহধর্মিণী হিসেবে শহীদ জিয়ার ঝাণ্ডাকে উড্ডীন রেখেছিলেন বেগম খালেদা জিয়া।
দৈনিক ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাণী দিয়েছেন সেই বাণীতে শুধু একটি দৈনিক পত্রিকার প্রতি তার শুভেচ্ছাই প্রতিফলিত হয়নি; বরং সেই শুভেচ্ছা বাণীর মধ্য দিয়ে বাঙময় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি। সেই রাজনীতি হলো শহীদ জিয়ার রাজনীতি। সেই রাজনীতি হলো বেগম খালেদা জিয়ার রাজনীতি। এই বাণীর মধ্য দিয়ে প্রতিফলতি হয়েছে যে, আদর্শিকভাবে তারেক রহমান যোগ্য ও আদর্শবাদী পিতা এবং যোগ্য ও আদর্শবাদী মাতার যোগ্য ও আদর্শবাদী সন্তান।
Email:journalist15@gmail.com
