ব্যাংকিং ব্যবস্থার মূল শক্তি হলো আমানতকারীর আস্থা। একজন গ্রাহক তার সারা জীবনের সঞ্চয়, উপার্জন ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার প্রত্যাশায় ব্যাংকে অর্থ জমা রাখেন। সেই আমানতের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু সময়ের পরিবর্তনে ব্যাংকের নিরাপত্তার ধারণাও বদলে গেছে। একসময় ব্যাংকের নিরাপত্তা বলতে বোঝানো হতো শক্তিশালী ভল্ট, নিরাপত্তারক্ষী, সুরক্ষিত শাখা, দ্বৈত নিয়ন্ত্রণ এবং নগদ অর্থের নিরাপদ সংরক্ষণ। বর্তমানে এসবের পাশাপাশি যুক্ত হয়েছে কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস), ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম, পয়েন্ট অব সেলস, ডিজিটাল পেমেন্ট গেটওয়ে, সার্ভার, ডেটাবেজ, ক্লাউড কম্পিউটিং এবং আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের নিরাপত্তা। অর্থাৎ ব্যাংকের সম্পদ এখন শুধু ভল্টের ভেতরে নয়; এর একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে। ফলে ব্যাংকিংয়ের প্রচলিত ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে নতুন মাত্রার সাইবার ও প্রযুক্তিগত ঝুঁকি।
আজকের বাস্তবতায় কোনো ব্যাংকের সার্ভার অচল হয়ে যাওয়া, গ্রাহকের তথ্য চুরি, অননুমোদিত ডিজিটাল লেনদেন কিংবা তৃতীয় পক্ষের প্রযুক্তিগত দুর্বলতা পুরো ব্যাংকিং কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাই প্রশ্নটি এখন শুধু কত টাকা আমানত রয়েছে, তা নয়; বরং সেই আমানত পরিচালনার প্রযুক্তিগত অবকাঠামো কতটা নিরাপদ, সেটিও সমান গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ এখন আর শুধু ব্যক্তিগত তথ্য চুরি বা ওয়েবসাইট হ্যাক করার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় হ্যাকাররা এখন ব্যাংকের নিজস্ব হিসাব, ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, কর্মীদের পরিচয়সংক্রান্ত তথ্য এবং তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। ৬ নভেম্বর ব্যাংক রাকায়েতের করপোরেট ওয়েবসাইটে প্রবেশে বিঘ্ন ঘটে এবং ওয়েবসাইটের প্রদর্শিত তথ্য বিকৃত হওয়ার ঘটনা সামনে আসে। ৭ নভেম্বর ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সমস্যাটি তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীর সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। ব্যাংকের দাবি অনুযায়ী, তাদের মূল ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং আমানত ক্ষতিগ্রস্ত হয়নি। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও জানানো হয় যে ওই ঘটনায় অনলাইন ব্যাংকিং কার্যক্রমে বিঘ্ন বা গ্রাহকের তথ্য চুরির প্রমাণ পাওয়া যায়নি। ৪ নভেম্বর ফ্রান্সের ক্রেডিট"মিউচুয়াল আরকিয়ে ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা যায়। ব্যাংকের নিজস্ব হিসাব ব্যবহার করে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর জালিয়াতিমূলক লেনদেন সংঘটিত হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীর প্লাটফর্ম ব্যবহার করে আক্রমণকারীরা ব্যাংকের নিজস্ব আর্থিক লেনদেন ব্যবস্থায় প্রবেশ করেছিল। ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের হিসাব ও আমানত এতে ক্ষতিগ্রস্ত হয়নি এবং নিরাপত্তার স্বার্থে কিছু লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ইন্দোনেশিয়ায় ব্যাংক ও আর্থিক খাতকে লক্ষ্য করে সাইবার আক্রমণের বিভিন্ন প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে।
এ ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—ওয়েবসাইট হ্যাক, সেবা বিঘ্ন, তথ্য চুরি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের আমানত আত্মসাৎ এক বিষয় নয়। তবে প্রতিটি ঘটনাই ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের ব্যাংক খাত গত এক দশকে ডিজিটাল সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বিইএফটিএন, বিএসিপিএস, এনপিএসবি, বিডি-আরটিজিএস, বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন সম্পন্ন হচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এটিএম, বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম এবং বিভিন্ন ডিজিটাল চ্যানেল গ্রাহকদের ব্যাংকিং সেবাকে করেছে দ্রুত, সহজ ও অধিকতর সহজলভ্য।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের প্রধান পাঁচটি পেমেন্ট প্লাটফর্মে মোট ২৮ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৫০২টি লেনদেন সম্পন্ন হয়েছে। এসব লেনদেনের মোট আর্থিক মূল্য ছিল প্রায় ৪৭ লাখ ৯০ হাজার ৫৭৩ কোটি টাকা। এর মধ্যে বিইএফটিএনে প্রায় ১৮ কোটি ৪৪ লাখ এবং এনপিএসবিতে প্রায় ৮ কোটি ৪৭ লাখ লেনদেন হয়েছে। আর্থিক মূল্যের হিসাবে বিডি-আরটিজিএসের অবদান ছিল প্রায় ৬৪ শতাংশ। এ পরিসংখ্যান শুধু ডিজিটাল লেনদেনের সম্প্রসারণ নয়; বরং বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং প্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্বও তুলে ধরে। তবে প্রযুক্তিনির্ভরতা যত বাড়ছে, ঝুঁকির ক্ষেত্রও তত বিস্তৃত হচ্ছে। বিশেষ করে পুরনো প্রযুক্তি, বিভিন্ন প্রজন্মের সফটওয়্যার, সীমিত দক্ষ জনবল, তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা, বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং পুরনো ও নতুন সিস্টেমের সমন্বয় ব্যাংকগুলোর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। আরো সহজভাবে বললে, "ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের প্রধান ঝুঁকি হলো আমানতের নিরাপত্তা, সাইবার জালিয়াতি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, প্রযুক্তিগত বিভ্রাট এবং কার্যকর গ্রাহকসেবার অভাব।
বাংলাদেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও সরকারি সতর্কতা রয়েছে। বিজিডি ই-গভ সিআইআরটি-২৫ জুলাই, ২০২৫-এ ক্রিটিক্যাল ইনফরমেশন অবকাঠামো, ব্যাংক, বিদ্যুৎ ও জনসেবামূলক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করে। ওই সতর্কবার্তায় ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনের নিরাপত্তা বিষয়ক দুর্বলতা, ওয়েবসাইট বিকৃত বা পরিবর্তন করে দেয়ার ঘটনা, চুরি বা ফাঁস হওয়া ব্যবহারকারীর পরিচয়সংক্রান্ত তথ্য ও প্রবেশাধিকার এবং সমন্বিতভাবে একাধিক উৎস থেকে পরিচালিত বিদ্যমান সেবা অচল করে দেয়ার ঝুঁকি উল্লেখযোগ্য।
একই সঙ্গে সার্বক্ষণিক ২৪ ঘণ্টা নিরাপত্তা পর্যবেক্ষণ, একাধিক স্তরের পরিচয় যাচাইকরণ ব্যবস্থা, নিয়মিত নিরাপত্তা হালনাগাদ, এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত তথ্যের বিকল্প সংরক্ষণ এবং সাইবার নিরাপত্তাসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার জন্য পূর্বপ্রস্তুত কার্যপরিকল্পনা আরো শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়।
এখানে মূল বিষয় হলো, বাংলাদেশের ব্যাংক খাতের ডিজিটাল অগ্রগতির পাশাপাশি সাইবার প্রতিরোধক্ষমতা ও পরিচালনগত স্থিতিশীলতাও সমান গুরুত্ব পেতে হবে। সিবিএস ব্যাংকের প্রধান প্রযুক্তিগত অবকাঠামো। এখানে অননুমোদিত প্রবেশ, তথ্য পরিবর্তন, সফটওয়্যার দুর্বলতা কিংবা সার্ভার অচল হয়ে গেলে শাখা ও কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এটিএম স্কিমিং, কার্ড ক্লোনিং, পিন নম্বর চুরি (পিন থেফট) এবং অননুমোদিত কার্ড লেনদেন গ্রাহকের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ফিশিং, ভুয়া অ্যাপ, নকল ওয়েবসাইট, ওটিপি সংগ্রহ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিম সোয়াপের মাধ্যমেও গ্রাহকের ব্যাংকিং পরিচয় চুরি হওয়ার সম্ভাবনা থাকে। অসাধু কর্মকর্তা-কর্মচারী কিংবা অতিরিক্ত প্রযুক্তিগত প্রবেশাধিকারসম্পন্ন ব্যক্তি নিজ ক্ষমতার অপব্যবহার করে তথ্য চুরি বা অননুমোদিত লেনদেন করতে পারেন। ব্যাংকের সফটওয়্যার সরবরাহকারী, ডেটা সেন্টার, ক্লাউড সেবা প্রদানকারী, পেমেন্ট প্রসেসর কিংবা অন্যান্য আউটসোর্সিং প্রতিষ্ঠানের দুর্বলতা ব্যাংকের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। র্যানসমওয়্যারের মাধ্যমে ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য ও সিস্টেম অকার্যকর করা এবং ডেটা ব্রিচের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা সম্ভব। পাশাপাশি সাইবার হামলা, বিদ্যুৎ বিপর্যয়, নেটওয়ার্ক বিচ্ছিন্নতা কিংবা ডেটা সেন্টারের সমস্যায় ব্যাংকের সেবা বন্ধ হয়ে যেতে পারে। অস্বাভাবিক লেনদেন, অর্থ পাচার, ভুয়া হিসাব ব্যবহার এবং প্রতারণামূলক অর্থ স্থানান্তর শনাক্ত করতে ব্যর্থ হলে ব্যাংকের আর্থিক ও সুনামগত ঝুঁকি তৈরি হয়।
সাইবার নিরাপত্তা শুধু ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডিপার্টমেন্টের দায়িত্ব নয়; এটি সামগ্রিক এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের অবিচ্ছেদ্য অংশ। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, ইন্টারনাল অডিট এবং আইসিটি—সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত সাইবার নিরাপত্তা নীতি, ঝুঁকি নেয়ার ক্ষমতা, বাজেট, জবাবদিহি ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ সার্ভার, নেটওয়ার্ক, ডেটাবেজ ও ব্যবহারকারীর কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কার্যকর এসওসি এবং সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে হবে। গুরুত্বপূর্ণ সিস্টেম, দূর থেকে প্রবেশ (রিমোট অ্যাকসেস), প্রশাসকের নিয়ন্ত্রণ এবং অগ্রাধিকারপ্রাপ্ত ব্যবহারকারীর (প্রিভিলেজড ইউজার) ক্ষেত্রে শক্তিশালী এমএফএ নিশ্চিত করতে হবে। ব্যাংকের সিবিএস, এটিএম নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, বাংলা কিউআর এবং এপিআই-সহ গুরুত্বপূর্ণ সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা নিয়মিত পরীক্ষা করে দ্রুত সমাধান করতে হবে।
প্রযুক্তি সরবরাহকারী ও আউটসোর্সিং প্রতিষ্ঠানের নিরাপত্তা সক্ষমতা যাচাই, চুক্তিভিত্তিক জবাবদিহি, অডিটের অধিকার এবং তথ্য সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও স্থানান্তরের ক্ষেত্রে এনক্রিপশন ব্যবহার করা জরুরি। প্রধান তথ্য কেন্দ্রের পাশাপাশি ভৌগোলিকভাবে পৃথক দূরবর্তী স্থানে দুর্যোগ পুনরুদ্ধার কেন্দ্র স্থাপন করতে হবে। অস্বাভাবিক লেনদেন, গ্রাহকের স্বাভাবিক লেনদেনের আচরণের ব্যতিক্রম এবং সন্দেহজনক অর্থ স্থানান্তর শনাক্ত করার জন্য আধুনিক লেনদেন পর্যবেক্ষণ ও জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে।
সাইবার হামলা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি সীমিত করা, সংশ্লিষ্ট ব্যবস্থা বিচ্ছিন্ন করা, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং দ্রুত সেবা পুনরুদ্ধারের জন্য একটি কার্যকর সাইবার নিরাপত্তা ঘটনা মোকাবেলার দল থাকাটাও জরুরি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, তথ্যের ব্যাকআপ, নিরাপত্তাগত দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষা এবং সাইবার নিরাপত্তা ঘটনা মোকাবেলার কার্যকারিতা স্বাধীনভাবে নিরীক্ষা করতে হবে। চিহ্নিত দুর্বলতাগুলো সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমাভিত্তিক সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২৯ মার্চ ২০২৬ তারিখে বিআরপিডি-২ সার্কুলার নম্বর ০২-এর মাধ্যমে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬) জারি করা হয়েছে। এতে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও উপাত্তের সুরক্ষা, নেটওয়ার্ক ও অবকাঠামোগত নিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল, থ্রেট মনিটরিং, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, থার্ড-পার্টি রিস্ক এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর মধ্যে এর পরিপালন নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হলেও গ্রাহকের অসতর্কতা অনেক সময় প্রতারণার সুযোগ তৈরি করে। তাই প্রত্যেক গ্রাহকের কিছু মৌলিক নিয়ম মেনে চলা জরুরি, যেমন ওটিপি, পিন কোড, সিভিভি, পাসওয়ার্ড ইত্যাদি কখনো কাউকে শেয়ার না করা; ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করলেও গোপন তথ্য প্রকাশ না করা; এসএমএস, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ই-মেইলে আসা অপরিচিত লিংকে ক্লিক না করা; শুধু ব্যাংকের অনুমোদিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করা; শক্তিশালী পাসওয়ার্ড এবং যেখানে সম্ভব মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা; এসএমএস ও লেনদেন অ্যালার্ট চালু রাখা; পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে আর্থিক লেনদেন না করা; মোবাইল ফোনে পর্দা লক (স্ক্রিন লক), জৈবিক পরিচয় যাচাইকরণ (বায়োমেট্রিক অথেনটিকেশন) এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ (আপডেট) নিশ্চিত করা; নিয়মিত ব্যাংক হিসাব ও লেনদেন পরীক্ষা করা; অজানা লেনদেন দেখলে অবিলম্বে ব্যাংকের অফিশিয়াল হেল্পলাইন বা শাখায় যোগাযোগ করা; নিজের ব্যাংক হিসাব অন্যের লেনদেনের জন্য ব্যবহার করতে না দেয়া; হঠাৎ সিম নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে বা সিম সোয়াপের (সিম সোয়াপ) সন্দেহ হলে মোবাইল অপারেটর ও ব্যাংককে দ্রুত অবহিত করা।
ব্যাংকের নিরাপত্তাই আমানতকারীর আস্থার ভিত্তি। ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু অর্থ নয়, জনগণের আস্থা। প্রযুক্তি সেই আস্থাকে শক্তিশালী করতে পারে, আবার দুর্বল নিরাপত্তা ও অব্যবস্থাপনা সেই আস্থাকে ক্ষতিগ্রস্তও করতে পারে। কারণ এ আস্থার ওপর নির্ভর করে ব্যাংকগুলো বছরের পর বছর টেকসই ব্যবসা করে যাচ্ছে। সাইবার নিরাপত্তা কোনো এককালীন প্রকল্প নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। আজকের নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল নতুন প্রযুক্তি ও নতুন আক্রমণ পদ্ধতির কারণে অপর্যাপ্ত হয়ে যেতে পারে। তাই নিয়মিত মূল্যায়ন, প্রযুক্তির হালনাগাদ, দক্ষ জনবল, কার্যকর নিয়ন্ত্রণ এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্বশীলতা, নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি, প্রযুক্তিগত সক্ষমতা এবং গ্রাহকের সচেতনতাসহ সব কিছুর সমন্বয় অপরিহার্য। মনে রাখতে হবে, আধুনিক ব্যাংকিংয়ে নিরাপত্তা শুধু ভল্টের দেয়াল দিয়ে পরিমাপ করা যায় না; এর প্রকৃত শক্তি নির্ভর করে প্রযুক্তিগত প্রতিরোধক্ষমতা, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আমানতকারীর আস্থার ওপর।
অর্থাৎ ব্যাংকিং লেনদেন সঠিক, নিরাপদ ও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য হার্ডওয়্যার আইটেম, সফটওয়্যার, গ্রাহকের সচেতনতা, ব্যাংকের মানবসম্পদ এবং পারস্পরিক সংযুক্ত প্রতিষ্ঠান, সেবা, প্রযুক্তি ও কার্যক্রমের সমন্বিত পরিবেশ (ইকো-সিস্টেম) থাকতে হবে।
বিপ্লব চন্দ্র ঘোষ: ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
