মানুষের পূর্ণাঙ্গ সুস্থতা কেবল শারীরিক সুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক– এই চারটি দিকেই সুস্থ ও সবল থাকার সমন্বিত ধারণা হচ্ছে সর্বাঙ্গীণ সুস্থতা বা টোটাল ফিটনেস। একজন ব্যক্তি যখন সবদিক থেকে ভালো থাকে, তখনই তাকে টোটালি ফিট বা সর্বাঙ্গীণ সুস্থ বলা যায়।
মানসিক ফিটনেস শারীরিক ফিটনেসের মতোই গুরুত্বপূর্ণ। আবেগের ভারসাম্যের পাশাপাশি অর্জন করতে হবে প্রতিদিনের বৈচিত্র্যময় পরিস্থিতি থেকে ভালো কিছু গ্রহণ করার সক্ষমতা। ক্লিনিক্যাল সাইকোলজি ও নিউরোসায়েন্স বিশেষজ্ঞ ডা. এন্ড্রু মিকির মতে, মানসিক ফিটনেস হলো ইতিবাচক অনুভূতি, চিন্তা ও কাজের সমন্বয়ে মনের এক সমৃদ্ধ অবস্থা। শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা ঠিক থাকলে তাকে যেমন শারীরিক ফিটনেস হিসেবে ধরা হয়, তেমনি মনের স্বাভাবিক সামর্থ্য ও আবেগীয় ভারসাম্য বজায় থাকলে তাকে মনের ফিটনেস বলা যায়।
আপনি মানসিকভাবে কতটুকু ফিট– এটি বোঝা যাবে যখন আপনার জীবনে যত সমস্যা বা প্রতিকূলতাই আসুক, আপনাকে তা ডিস্টার্ব করতে পারবে না। আপনি আশাবাদী ও ইতিবাচক থাকবেন। পারিপার্শ্বিক নেতিবাচকতা আপনাকে প্রভাবিত করবে না। জীবনযুদ্ধে আপনি জয়ী হবেন হাসিমুখে। এর ফলে আপনার সুখ কখনও কেউ কেড়ে নিতে পারবে না।
পরিসংখ্যানে দেখা গেছে, ৭৫ শতাংশ রোগের কারণই হচ্ছে মনোদৈহিক বা ভুল জীবনধারা। এসব রোগের প্রভাব শরীরে দেখা গেলেও এর উৎস হলো মানসিক। নেতিবাচক আবেগ জমে জমে মনোজগতে জটের সৃষ্টি করে। অর্থাৎ কোনো ঘটনার প্রেক্ষিতে নেতিবাচক মানসিক প্রতিক্রিয়া ও ভুল জীবনধারাই ৭৫ শতাংশ রোগ সৃষ্টির কারণ। তাই এসব রোগই শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুস্থ জীবনদৃষ্টি ও বৈজ্ঞানিক জীবনধারা গ্রহণের মাধ্যমে নিরাময় হতে পারে। অন্যান্য রোগ নিরাময়েও ওষুধ, সার্জারির পাশাপাশি সুস্থ জীবনদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্যই প্রয়োজন পজিটিভ থিংকিং বা ইতিবাচক চিন্তা। আর এটি দৃঢ়ভাবে ঘটে যখন আমরা মেডিটেশন করি। মেডিটেশন মনকে প্রশান্ত করে। প্রশান্ত মন সুস্থ জীবনযাপনের প্রথম অনুষঙ্গ, যা নির্ভর করে সঠিক দৃষ্টিভঙ্গির ওপর। সঠিক জীবনদৃষ্টি জীবনযাপনের বিজ্ঞানচর্চায় অপরিহার্য। আমাদের দেশে এ চর্চাকে আরও সহজ করেছে কোয়ান্টাম মেথড। বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতকের সহজবোধ্য মেডিটেশন চর্চা এখন ঘরে ঘরে বেশ জনপ্রিয় ও ফলপ্রসূ। যেখানে জীবনযাপনের বিজ্ঞানচর্চার ওপরেই গুরুত্ব দেওয়া হয়। আর জীবনযাপনের বিজ্ঞান অন্যান্য ফিটনেসের মতো মানসিক ফিটনেসও তৈরি করে। প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি দূর করে তাকে সঠিক কর্মমুখী বা প্রো-অ্যাকটিভ দৃষ্টিভঙ্গি প্রদান করে। একজন মানুষ হয়ে ওঠে কৃতজ্ঞচিত্ত। প্রতিটি সমস্যাকে তিনি গ্রহণ করেন চ্যালেঞ্জ হিসেবে। আত্মবিশ্বাস ও প্রজ্ঞার যথাযথ প্রয়োগের মাধ্যমে সমস্যাকে রূপান্তরিত করেন নতুন সম্ভাবনায়। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন বদলে দেয় তার জীবনকে।
শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক– চারদিকের সর্বাঙ্গীণ সুস্থতা কিন্তু এক দিনেই অর্জিত হবে না। বিন্দু বিন্দু করে, প্রতিদিন নিয়মিত করণীয় করে লক্ষ্যের দিকে এগোতে হবে। প্রথমেই টোটাল ফিটনেস বাড়াতে প্রয়োজনীয় ধাপগুলো লিখে ফেলা জরুরি। করণীয় লিপিবদ্ধ করলে ব্রেনের কাছে লক্ষ্যটা পরিষ্কার হবে। অর্জনের সম্ভাবনাও বেড়ে যাবে। শারীরিক ফিটনেসের জন্য প্রয়োজনীয় ব্যায়াম, কায়িক শ্রম, হাঁটা, সঠিক খাদ্যাভ্যাস। মানসিক ফিটনেসের জন্য নিয়মিত মেডিটেশন চর্চা।
সামাজিক ফিটনেসের জন্য পরিচিত-অপরিচিত পরিমণ্ডলে সালাম ও কুশল বিনিময় চর্চা এবং আত্মিক ফিটনেসের জন্য প্রার্থনায় আরও বেশি মনোযোগী হতে পারলে ধীরে ধীরে দীর্ঘ ও সুস্থ জীবন লাভের অনুঘটক হিসেবে ধরা দেবে সর্বাঙ্গীণ সুস্থতা বা টোটাল ফিটনেস।
ডা. আয়েশা হান্না: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
