বাগেরহাট জেলার সর্বদক্ষিণে সুন্দরবনবেষ্টিত দ্বীপ উপজেলা মোংলা। জল আর প্রকৃতিই এখানকার দারিদ্র্যপীড়িত মানুষের প্রধান জীবিকা। সিডরের ক্ষত এখনো সেরে উঠতে পারেনি তারা। এরই মাঝে প্রকৃতির বৈরিতা প্রায়ই তাড়া করে। সংগ্রামী জীবনে পারস্পরিক সহযোগিতা আর মানবিক কল্যাণবোধে এরা বেশ স্পষ্ট হয়ে উঠে। এমনই একটি ছেলে পালক মণ্ডল। মিঠাখালী ইউনিয়নের মৌখালী গ্রামে হোগলাপাতার একটি কুড়ে ঘরে জন্ম। পরের দিনই সিডর তাদের ঘর কেড়ে নেয়। তাতে কি। বাঁশ আর পাতা দিয়ে নতুন ঘর বানানো বাবা রমেশ মণ্ডলের তো মামুলি ব্যাপার। জীবন সংগ্রামের সকল অনুভূতি বেশ প্রবল। তাইতো অন্যের কষ্টগুলো যেন নিজের কষ্ট মনে হয়। ততক্ষণে পালক মণ্ডল কৈশোর পেরিয়ে যৌবনে। চারিদিকে দরিদ্র মানুষের কষ্টগুলো তার চেতনাকে তাড়া করে বেড়ায়।

অসহায় দরিদ্র মানুষের কথা শুনলেই সে তাদের সাহায্য করতে চায়। খবর পেলেই সে ছুটে যায় তাদের কাছে কিছু করার চিন্তায়। যেন দরিদ্র দরিদ্রকে পথ দেখাতে চায়। সবকিছু ছাপিয়ে পালক মণ্ডল এখন মোংলার পরিচিত মুখ। একজন মানবিক তরুণ। বলা যায় কিছু পথশিশুর সখ্যে তার এই মানবিক চেতনার বিকাশ। দুই বছর আগে ঈদ মৌসুমে পথ শিশুদের রঙিন জামা দেওয়ার পর ফেসবুকে এটি ছড়িয়ে পড়ে। এটি দেখে দক্ষিণ কোরিয়া থেকে একটি সংস্থা তাকে ফোন দেয়। তখন সে সুন্দরবন ইউনিয়নে একটি এতিমখানা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করার আহ্বান জানায়। তারা সাড়া দেয়। গড়ে ওঠে এতিমখানা ও হেফজখানা। দেওয়া হয় পবিত্র কুরআন শরিফ ও নিচে বসার মাদুর। বিভিন্ন গণমাধ্যম এটি ফলাও করে প্রচার করে। উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে উঠে পালক মণ্ডল। এককভাবে এসব কাজ করতে গিয়ে চিন্তায় আসে একটি সংগঠনের। গঠন করে মোংলা স্বেচ্ছাসেবী সংস্থা । \r\nএ ঝাক তরুণ তার এই সংগঠনের সহযোগী। সে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে পরিবেশ সুরক্ষার গাছ বিতরণ করে। কিছুদিন আগে বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল বিতরন করা হয়। গ্রামের অসুস্থ বৃদ্ধ নারী ও পুরুষদের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত বাজলে সে তার সহযোগীদের নিয়ে জনগণকে সাইক্লোন সেল্টারে যাওয়ার জন্য প্রচারণা চালায়। দরিদ্র অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। দেশের বিভিন্ন স্থানের বিত্তশালী মানুষ উদ্বুদ্ধ হয়ে তার এই মানবিক কাজে আর্থিক সহায়তা দেয়। একজন দরিদ্র ছেলের এমন মানবিক কর্মকাণ্ডে মোংলার মানুষ অভিভূত। \r\n মোংলা, বাগেরহাট থেকে