গৃহকর্মীরা আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য ও সুখের জন্য কাজ করেন। বিপরীতে তাদের প্রাপ্তি কতটুকু? গৃহকর্মী-সংক্রান্ত যেসব খবর সংবাদমাধ্যমে আসে, তার অধিকাংশই নেতিবাচক। গৃহকর্মী নির্যাতন, এমনকি মৃত্যুর খবরও আমরা দেখেছি। এসব গৃহকর্মী যে শ্রম দেন, তার তুলনায় মজুরি নিয়ে স্বভাবতই উদ্বেগ রয়েছে। গৃহকর্মীদের অধিকার রক্ষায় তাই স্বতন্ত্র ন্যায়পাল নিয়োগে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ ও অধিকার সুরক্ষায় কার্যকর আইনি কাঠামো না থাকায় তারা আজও প্রান্তিক ও অবহেলিত। তিনি যথার্থই দাবি করেছেন, জীবনযাপনের ব্যয় বিবেচনা করে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা জরুরি। পাশাপাশি তাদের নিবন্ধন ব্যবস্থা চালু হলে তা সামাজিক স্বীকৃতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি ছাড়াই অপ্রাতিষ্ঠানিক খাতের বিপুলসংখ্যক গৃহকর্মী হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এক হিসাব বলছে, প্রায় ২৫ লাখ গৃহকর্মী দেশে কাজ করেন। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যেখানে তারা পূর্ণ ও খণ্ডকালীন– উভয় ধরনের কাজ করেন। দেশের অনেকে বিদেশেও গৃহশ্রমিক হিসেবে নিয়োজিত। তারা রেমিট্যান্স পাঠাচ্ছেন বটে, সেখানে তাদের হয়রানি-নির্যাতনের ঘটনা বন্ধ নেই। বিদেশে গৃহকর্মীর ভালো থাকা নিয়ে অবশ্যই দেনদরবার করতে হবে। একই সঙ্গে দেশের গৃহকর্মীর সুরক্ষায় উদাসীন থাকলে চলবে না।
চলতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক সংলাপে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যথার্থ বলেছেন, আমাদের মনমানসিকতার পরিবর্তন জরুরি। পাশাপাশি দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য শ্রম মন্ত্রণালয়ের আওতায় একটি বিশেষ সেল গঠন করা প্রয়োজন। সরকারের আরও দায়িত্ব রয়েছে। তাদের যে মজুরির কথা বলা হচ্ছে, তা নিশ্চিতেও সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশে গৃহকর্মী সুরক্ষা নীতি আছে কাগজ-কলমে। তাদের অধিকার ও কল্যাণে করা হয়েছিল ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’। এক দশক পেরিয়ে গেলেও এ নীতি বাস্তবায়িত হয়নি। এমনকি গৃহকর্মীরা নিজেরা তো বটেই, নিয়োগকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাও এ নীতি সম্পর্কে কতটা অবগত– সে সংশয় রয়েই গেছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউএনওর নেতৃত্বে যেসব মনিটরিং সেল গঠন করার কথা ছিল, তা গঠনই করা হয়নি। কীভাবে তাদের সুরক্ষা নিশ্চিত হবে?
গৃহকর্মীদের কাজের সময়, ছুটি, বিশ্রাম এবং ন্যায্য মজুরি নির্ধারণে সে ধরনের আইন থাকা দরকার। কাজের সময়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ৮ ঘণ্টা করা এবং ওভারটাইম দেওয়ার বিষয় এখানে গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, শুধু আইন করে কি তাদের অধিকার নিশ্চিত করা যাবে? এর আগে আইন হলেও তার প্রয়োগ হয়নি। সে কারণেই আইনের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে হবে।
সে জন্য গৃহকর্মীর মানুষ হিসেবে যে মর্যাদা, সে বিষয়টি সবাই অনুধাবন করলে পরিস্থিতি বদলাতে পারে। গৃহকর্মীদের নিরাপত্তা, ন্যায্যতা ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। উন্নত বিশ্বে যেমন গৃহশ্রমিকদের জন্য আইন আছে, তেমনি তা যথাযথ প্রতিপালিত হয়। তারা তাদের সম্মানজনক মজুরি নিশ্চিত করে থাকে। সে জন্য একদিকে গৃহকর্মী রাখতে অনেক ব্যয় করতে হয়। এ কারণেই বিদেশে অধিকাংশই নিজের কাজ নিজেই করে থাকেন। আমাদের অনেকেই আছেন, যারা সাধারণ কাজও করতে চান না। এটা এক ধরনের বিলাসিতা। কোনো কাজই যে ছোট নয় এবং কারও কাজই যে অগুরুত্বপূর্ণ নয়– এ শিক্ষা সবাইকে দিতে পারলে গৃহকর্মীর সম্মান ও সম্মানী উভয়ই নিশ্চিত হতে পারে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
