সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ৬ বাংলাদেশি সেনার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আকস্মিক হামলায় নিহত ৬ শান্তিরক্ষী সেনাসদস্যের বাড়িতে বাড়িতে স্বভাবতই চলছে স্বজনদের আহাজারি ও শোকের মাতম। স্বজনদের কেউই এই মৃত্যু মেনে নিতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘটনায় শোকাহত সেনাদের পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর শোক ও সমেবেদনা। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীও এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সহানুভূতি। আমরাও এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের সদস্যেদের প্রতি জানাই গভীর সমবেদনা।

উল্লেখ্য, সুদানের আবেই এলাকার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে গত শনিবার স্থানীয় সময় ৩.৪০ মিনিটে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্রগোষ্ঠী ড্রোন হামলা চালায়। এই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। আহত হন ৮ জন শান্তিরক্ষী। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৭ জনকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। ৬ শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।\r\nগৌরবের বিষয় হলো, বর্তমানে বাংলাদেশ বিশ্বে তৃতীয় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বশান্তির মঞ্চে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ।

সংঘাতপূর্ণ ও গৃহযুদ্ধের শিকার, গণহত্যা বা গণনির্বাসনের ঝুঁকিতে থাকা দেশ বা অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুনর্গঠন, যুদ্ধবিরতি চুক্তি বা শান্তিচুক্তি বাস্তবায়নের প্রয়োজন। মানবিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিতেও জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করে থাকে। স্মরণযোগ্য, ইতোপূর্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ শান্তিরক্ষী সেনা শহীদ হয়েছেন বিভিন্ন দেশে। \r\nদীর্ঘ সাড়ে তিন দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। সাহস, ত্যাগ আর গৌরবের পথরেখা ধরে বিশ্বে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ১৯৮৮ সালে ইরান ইরাকে সামরিক পর্যবেক্ষক দলে সেনাবাহিনীর ১৫ সদস্য পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করে বাংলাদেশ। তাদের কর্মদক্ষতা ও নিষ্ঠা যুদ্ধপীড়িত সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদাকে করেছে আরও সমুন্নত। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্য রয়েছে। শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৫ শান্তিরক্ষী ২৪টি দেশে ২৬টি মিশনে পেশাদরিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশ পুলিশের ২৪ শান্তিরক্ষী। দেশবাসীর প্রত্যাশা, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে শান্তি রক্ষাসহ মানবতার পক্ষে পেশাগত দক্ষতার সঙ্গে নিরলস দায়িত্ব পালন করে স্বদেশের মুখ আরও উজ্জ্বল করবেন।