বাঙালির ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধ জাতিকে এনে দিয়েছিল পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে, মাতৃভাষায় কথা বলার অধিকার আর একটি স্বাধীন সার্বভৌম জাতির স্বীকৃতি। পৃথিবীতে এমন ইতিহাস বিরল যে জাতিকে ভাষা ও স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। প্রতিটি জাতি চায় নিজস্ব ভাষার স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার অধিকার আর স্বাধীন ভূমিতে বসবাস করার স্বীকৃতি। একুশ মানে বাংলা ভাষা, একুশ মানে ভাষার জন্য রফিক-সালাম-জব্বারের রক্ত দেয়া, একুশ মানে চেতনা, একুশ মানে মাথা নত না করা। আমরা যখনই অন্ধকার শক্তির আক্রমণের শিকার হয়েছি, একুশ হয়ে উঠেছে তখন প্রতিরোধের সাহস, আন্দোলন সংগ্রামের প্রেরণা। অবশ্য বাঙালির ভাষা ও সংস্কৃতির শক্তি বাড়ার সঙ্গে সঙ্গেই ভাষা ও সংস্কৃতির প্রতিপক্ষ অন্ধকার শক্তি হারিয়ে যায়নি।
সে কারণেই মাতৃভাষার হাত ধরে থাকা মুক্তচিন্তা ও বাঙালি সংস্কৃতির ওপর হামলার ঘটনাগুলো ঘটেছে। কারণ অপশক্তিরা ভালো করেই জানে বাঙালির শিকড় তার ভাষার লড়াই, সেই লড়াইয়ের স্মৃতি থেকেই দৃঢ় হয়ে ওঠে এই বাংলাদেশের সংস্কৃতির ঔদার্য। সে কারণেই আমরা দেখেছি, পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের সূচনার সময়েই গুঁড়িয়ে দিয়েছে শহীদ মিনার। তবে এই মিনার আমাদের কাছে ইট সিমেন্টের একটি অবয়বই নয়, আমাদের হৃদয়ে স্থাপিত এক বাতিঘর। সেই কারণেই এ মিনার কখনো ভেঙে ফেলা সম্ভব না। যার সূত্র ধরে বলা যায়- এ চেতনার বিনাশ নেই আছে বিকাশ। এবং যা আমাদের অস্তিত্ব। মাঝে মাঝে চারদিকের অবস্থাদৃষ্টে মনে হয়, বাংলা আমার দুঃখিনী বাংলা। পরক্ষণেই সম্বিত ফিরে আসে, একুশ যে অবিনশ্বর। বাংলাতেই আমাদের উন্নতি ও সমৃদ্ধি। কোনো অবস্থাতেই বাংলাকে বাদ দিয়ে নয়।
বাংলা যে আমাদের শেকড়। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। শিশু যেমন মাতৃদুগ্ধ পানে পুষ্ট হয় ঠিক তেমনি মাতৃভাষায় আমাদের সমৃদ্ধি ঘটে। মাতৃভাষা ব্যতিরেক আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথ কখনো মসৃণ হতে পারে না। ভাষা আন্দোলন এবং তাতে সংগ্রামমুখর ছাত্র জনতার আত্মত্যাগ মাতৃভাষার সুমহান মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়। ভাষা আন্দোলনের ফলে যেমন বাঙালি জাতি হারিয়ে ফেলে তাদের আত্মীয়-স্বজনকে, অন্যদিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষা ও সাহিত্য। আমাদের নিজস্ব ভাষা থাকার পরও অফিস-আদালতে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে পারিনি। বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে এর পাশাপাশি অন্যান্য ভাষা চালু রাখা যায়। একুশে ফেব্রুয়ারি ইতিহাস চর্চা করা খুবই জরুরি। ফেব্রুয়ারির ইতিহাস আমাদের শিক্ষা দেয় বিদ্রোহের, অধিকার আদায়ের এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। অতএব ফেব্রুয়ারির ইতিহাসকে কাজে লাগিয়ে আমাদের আদর্শ ও দক্ষ নাগরিক হতে হবে।
বোয়ালখালী, চট্টগ্রাম থেকে
