আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পর থেকে বহু দশক পর্যন্ত প্রত্যাশিত আলোই ছড়িয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলা যায়, যেখানে বহু খ্যাতিমান শিক্ষক যেমন শিক্ষকতা করেছেন, তেমনি তাদের অসংখ্য শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দ্যুতি ছড়িয়েছেন। অস্বীকার করা যাবে না, পাকিস্তানি শাসন-শোষণবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো সমগ্র জনগোষ্ঠীর আশাভরসার স্থল হয়ে উঠেছিল। স্বাধীনতা-পরবর্তী সময়েও গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ছিল উজ্জ্বল। কিন্তু কয়েক দশক ধরে বিশ্ববিদ্যালয়গুলো যেন পথ হারিয়েছে। একদিকে শিক্ষার্থীদের মধ্যে দলীয় স্বার্থের পাহারা দিতে গিয়ে মারামারি, হানাহানি; অন্যদিকে শিক্ষকেরাও দলবাজি থেকে মুক্ত নন। ইদানীং এ পরিস্থিতির আরও অবনতি লক্ষ্য করা যাচ্ছে। মব সন্ত্রাসের শিকার শুধু শিক্ষার্থীরা নন, শিক্ষকেরাও তা থেকে রেহাই পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বিভাগ চেয়ারপারসন বা প্রধান হবেন কিংবা অনুষদের ডিন থাকবেন, তা নির্ধারণ করছেন ছাত্রনেতারা। এমনকি কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবেন কিনা, তাও শেষোক্তরাই বলে দিচ্ছেন।
দুঃখজনকভাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেগুলোকেই অনুমোদন করছে। অদ্ভুত সব অভিযোগ তুলে শিক্ষকদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে দেওয়া হচ্ছে না; এমনকি অনেককে বহিষ্কারও করা হচ্ছে। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মতের শিক্ষকেরা অন্য মতের শিক্ষকদের সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন, সে দাবি অনুসারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে তদন্ত কমিটিও গঠিত হয়েছে। ইতোমধ্যে শেষোক্ত গ্রুপের সঙ্গে যুক্ত তিন শিক্ষককে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। যে দলাদলি এতদিন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন শিক্ষকদের মধ্যে সংক্রমিত হয়েছে। কী হতে পারে এর পরিণতি?
চিন্তা বা দর্শনে আস্থা স্থাপন ও তা প্রচার করা বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। সমাজ বিবর্তনের ইতিহাসে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের এই মৌলিক অধিকারের ওপর বারবার আঘাত এসেছে। রোম সাম্রাজ্যের পতন ও খ্রিষ্ট ধর্মের উত্থানের পর পশ্চিমা জগতের ‘অন্ধকার যুগের’ শুরু। যাজক শ্রেণির হাতে সকল রাজনৈতিক ক্ষমতা অর্পিত হয়। চার্চ হাজার বছরের পুরোনো প্লেটোর ‘একাডেমি’ ও অ্যারিস্টটলের ‘লাইসিয়াম’ বন্ধ করে দেয়। গ্রিক-রোমান দার্শনিক ও প্রকৃতিবিজ্ঞানীরা যে বস্তুগত ও বৈজ্ঞানিক জ্ঞানের সূত্রপাত করেছিলেন, তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চার্চ ও তার অনুগত পোপ, বিশপ, পাদ্রি ও অনুশাসন ইউরোপের সমাজকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। নতুন কথা বলা ও নতুন জ্ঞান-বিজ্ঞান চর্চা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মানুষের সত্যানুসন্ধানের চিরন্তন আগ্রহ ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম কিছুকালের জন্য স্তিমিত হয়ে গেলেও তা কখনোই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়নি। গির্জা ও যাজক সম্প্রদায়ের অমানবিক ধর্মীয় অনুশাসন, সম্পদের অবৈধ ভোগদখল এবং অসৎ জীবনযাপন ইত্যাদি বিষয় প্রথমে নিভৃত আলোচনার, পরে প্রকাশ্যে প্রতিবাদের বিষয়ে পরিণত হয়।
এক হাজার বছরের এই অজ্ঞানতার পর পনেরো শতকের ইতালির রেঁনেসা, ধর্মীয় রিফরমেশন এবং শিল্পবিপ্লবের মাধ্যমে ইউরোপ সেই ঘোর অন্ধকার কাটিয়ে ওঠে। পুরোনো সামন্তবাদী অর্থনীতি ও সংস্কৃতিকে পরাজিত করার ৪০০-৫০০ বছরের অবিরাম আন্দোলন ও বহু মানুষের জীবনের বিনিময়ে গড়ে উঠেছিল উন্নত ইউরোপ। এই দীর্ঘ সময়ে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকাও পাল্টে যায়। প্রাচীন আইনকানুন ও অনুশাসনের ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠে নতুন যুগের নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য ১৮৫০ সালে প্রধানমন্ত্রী জন রাসেল গঠন করেন বিশ্ববিদ্যালয় কমিশন। ভিমরুলের চাকে ঢিল পড়ে। অক্সফোর্ড, কেমব্রিজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সে কমিশন বর্জন করে। উপাচার্য ও রক্ষণশীল অধ্যাপকরা সেই কমিশনের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। কিন্তু সবার সেসব অভিযোগ মিথ্যা প্রমাণ করে কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করে। সেটিই হলো আধুনিক বুর্জোয়া গণতান্ত্রিক অনুশাসন। সেই অনুশাসনের মাধ্যমেই আজ পৃথিবীর সকল দেশের সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে।
পাকিস্তানবিরোধী যত আন্দোলন হয়েছিল, তার সবগুলোর একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের একুশ দফায় ও ১৯৬৯ সালের ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফায় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল অন্যতম প্রধান।
তাই স্বাধীনতার পর চারটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন লাভ করে। দুর্ভাগ্য এই যে, সে স্বায়ত্তশাসন ক্রমেই অচল করে তোলা হয় এবং বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনহীন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়। বিশ শতকের অভিজ্ঞতায় দেখা যায়, মানুষের গণতান্ত্রিক অধিকার যত সম্প্রসারিত হয় এবং রাজনৈতিক ক্ষমতা যত সাধারণ মানুষের কাছাকাছি আসে, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন তত সুদৃঢ় হয়। বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রশ্নটি কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তসহ খেটে খাওয়া সকল সাধারণ মানুষের অধিকারের প্রশ্নের সঙ্গে জড়িয়ে পড়েছে। জনগণ যেখানে অধিকারহারা, শোষিত,
অত্যাচারিত, সেখানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাসক ও শোষক শ্রেণির সংঘাত অনিবার্য। এর উল্টোটি ঘটলে বলতে হবে বিশ্ববিদ্যালয় তার প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্যচ্যুত হয়েছে। যে কথা দিয়ে শুরু করেছিলাম, বিশ্ববিদ্যালয় একটি ‘সমষ্টিগত ব্যক্তিত্ব’; সেখানে নানা ধরনের মানুষ একসঙ্গে কাজ করে। ভিন্নমুখী মনমানসিকতা, চিন্তাভাবনা ও ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষের মিলনভূমি হলো বিশ্ববিদ্যালয়। ৪০ বছর বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুবাদে দেখেছি ওপরের কথাটি কত বড় সত্য! বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী শিক্ষকরা–আমাদের একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হয়নি। রাজনৈতিক মতবাদ যা-ই থাকুক না কেন শিক্ষকদের মধ্যে সুসম্পর্কের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়নি কখনও। সেই ঐতিহ্য ভেঙে পড়েছে। তার ফলে আজ আর বিশ্ববিদ্যালয় জ্ঞানার্জনের প্রতিষ্ঠান নয়। খ্রিষ্ট ধর্মের বিজয়ের পরের অবস্থায় আমরা ফিরে গেছি। একাডেমি ও লাইসিয়ামে তালাবদ্ধ করা হয়নি। দরজা খোলাই ছিল। সেখান থেকে আলো নয়, অন্ধকার ছড়িয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও হাট হয়ে খোলা আছে। কিন্তু জ্ঞানচর্চার বদলে সেখানে আজ অচ্ছুত রাজনীতির অশুভ পদক্ষেপের করাল গ্রাসে শিক্ষা নির্বাসিত।
শহিদুল ইসলাম: শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক
