হোয়াইট হাউজে ফিরে আসার প্রায় দুই বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের অসমাপ্ত কাজই যেন আবার শুরু করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব অর্থনীতিকে যে উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থা সুফল দিয়ে আসছিল, তিনি সেটিকে এক প্রকার ভেঙে ফেলছেন। কয়েক ডজন দেশের ওপর চরম হারে শুল্কারোপ করেছেন তিনি। বারবার শুল্কের হার বাড়ানো-কমানোর পাশাপাশি বিভিন্ন পণ্য ও দেশের ক্ষেত্রে শুল্কহার পরিবর্তন করছেন নিজের ইচ্ছামতো। এতে যুক্তরাষ্ট্রের শুল্কহার এখন মহামন্দার সময় আরোপিত স্মুট-হাওলি শুল্কের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ট্রাম্পের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের কিছু শিল্পকে সুরক্ষা দিলেও এর খেসারত দিতে হচ্ছে এসব শিল্পের ওপর নির্ভরশীল অন্য খাতগুলোকে। উদাহরণস্বরূপ, আমদানি করা ইস্পাতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের কারণে গত এক বছরে যুক্তরাষ্ট্রে হট-রোলড কয়েল স্টিলের গড় দাম বেড়েছে ৫২ শতাংশ। এতে ইস্পাত উৎপাদনকারীদের উৎপাদন ও মুনাফা বেড়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি, কৃষি সরঞ্জাম এবং গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান।
ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য ছিল, যেমনটা তিনি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, কর্মসংস্থান বৃদ্ধি করা, বিশেষ করে উৎপাদন শিল্পে; যুক্তরাষ্ট্রের চলতি হিসাবের ঘাটতি ও বাণিজ্য ঘাটতি কমানো এবং দেশটির শিল্পকে শক্তিশালী করা। কিন্তু এসব লক্ষ্যের কোনোটিই অর্জিত হয়নি। উল্টো মূল্যস্ফীতি আরো দ্রুততর হয়েছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের গবেষকরা দেখিয়েছেন, শুল্কারোপ না করা হলে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে পণ্যমূল্য বরং সামান্য কমত। এর পরিবর্তে দাম আকাশচুম্বী হয়েছে। দেশটিতে পেট্রলের দাম বেড়েছে ৩৪ শতাংশ, ফুয়েল অয়েলের দাম ৭৪ শতাংশ। এছাড়া কম্পিউটার সফটওয়্যারের দাম ২৮ শতাংশ এবং বিমান ভাড়াও ২২ শতাংশ বেড়েছে।
পণ্যমূল্যের লাগামহীন বৃদ্ধি ট্রাম্পের জনপ্রিয়তা কমিয়েছে। যেভাবে বিশৃঙ্খল ও খামখেয়ালিভাবে শুল্কারোপ এবং সংশোধন করা হচ্ছে, তাতে বিশ্বজুড়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের এক গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের শুল্ক ব্যবস্থা আগের তুলনায় প্রশাসনিকভাবে বেশি জটিল এবং কম অনুমানযোগ্য। এসব শুল্ক কত দিন বহাল থাকবে এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই। ফলে দেশীয় উৎপাদন সক্ষমতা ও দরকষাকষির ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে গৃহীত এ কাঠামো শেষ পর্যন্ত এমন ব্যয় ও অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা এর মূল লক্ষ্যকেই ব্যাহত করবে।
ব্যয় বৃদ্ধি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পণ্যবাণিজ্যে ঘাটতি কমেনি, বরং আগস্ট নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে। চীনের সঙ্গে পণ্যবাণিজ্য ঘাটতি ৩২ শতাংশ কমলেও অন্যান্য দেশ থেকে আমদানি বৃদ্ধির কারণে সে হ্রাস কোনো কাজে আসেনি। ফলে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে।
কর্মসংস্থান সৃষ্টিতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ২০২৪ সালে উৎপাদন শিল্পে কর্মসংস্থান দশমিক ৭ শতাংশ কমেছিল। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে তা আরো ১ দশমিক ২ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যান্য খাতও, বিশেষ করে কৃষি, বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কারণ ট্রাম্পের শুল্কের জবাবে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিকল্প সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের পথ বেছে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করার পাশাপাশি ট্রাম্পের শুল্কনীতি দেশটির অধিকাংশ বাণিজ্য অংশীদারকেও ক্ষতিগ্রস্ত করেছে। এ ক্ষতির পরিধি চীনের গণ্ডি ছাড়িয়ে এমন সব দেশেও পৌঁছেছে, যাদের একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সমর্থক হিসেবে বিবেচনা করা হতো। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির (নাফটা) অধীনে কানাডা ও মেক্সিকোর অভিজ্ঞতা এর একটি উদাহরণ। ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তিটি পুনরায় আলোচনা করে সংশোধন করেছিলেন এবং এখন আবারো তা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছেন। আরো বিস্ময়কর বিষয় হলো, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ তুলে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ওপরও শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প।
ট্রাম্প যখন বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেন, তখন সমালোচকরা পূর্বাভাস দিয়েছিলেন যে তার আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের ঘাটতি কমাতে কোনো ভূমিকা রাখবে না, বরং এতে বাণিজ্য ব্যবস্থাটিই দুর্বল হয়ে পড়বে। তাদের আশঙ্কা ছিল, বিভিন্ন দেশ পাল্টা শুল্ক বাড়ানোর মাধ্যমে প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ কমে যাবে।
তাদের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। কোনো দেশ তার আয়ের তুলনায় বেশি ব্যয় করলে সংজ্ঞা অনুযায়ী দেশটির চলতি হিসাবের ঘাটতি তৈরি হয়, যার সবচেয়ে বড় উপাদান হলো বাণিজ্য ঘাটতি। শুল্কারোপের মাধ্যমে এ ভারসাম্যহীনতা দূর করা সম্ভব হয়নি, বরং ঘাটতির পরিমাণ মোটামুটি অপরিবর্তিতই রয়েছে।
তবু এখনো আশার কিছু বিষয় রয়েছে। অধিকাংশ দেশ ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার বিষয়ে সংযত থেকেছে। এর ফলে নিজেদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও সম্ভাব্য ক্ষতির পরিমাণ সীমিত রাখা সম্ভব হয়েছে। আর তাতে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এপ্রিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছিল, ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ থাকলেও চলতি বছর তা কমে ৩ শতাংশে দাঁড়াবে। পরে ইরানের যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধি সত্ত্বেও সংস্থাটি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৩ দশমিক ১ শতাংশে নিয়ে আসে। অন্যদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা ২০২৬ সালে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ৯ শতাংশ করেছে, যা আগের পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি।
এসব পরিস্থিতি থেকে আশা করা যায়, ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়লে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উন্নতি ঘটবে। বিশেষ করে মার্কিন ভোটারদের কাছে তার শুল্কনীতি কতটা অজনপ্রিয় হয়ে উঠেছে, তা বিবেচনায় নিলে এমন সম্ভাবনা আরো জোরালো হয়।
[স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট-২০২৬ ]
অ্যান ও. ক্রুগার : বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রথম উপব্যবস্থাপনা পরিচালক
