আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। গত শুক্রবার দুপুরে দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে ভূমিকম্পে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪, যাকে বলা হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে আকস্মিক প্রবল ঝাঁকুনিতে। আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায় যে, গত ফেব্রুয়ারি মাসের ২৭ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত দশ বার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে স্বভাবতই সর্বস্তরের মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে তৈরি হয়েছে গভীর আতঙ্ক ও অনিশ্চয়তা।
এ বিষয়ে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর গণমাধ্যমে বলেছেন, ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাওয়ার কারণ ভূঅভ্যন্তরে যে বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হয়েছে, সেটার বহির্প্রকাশ, যা বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। ছোট-বড় যাই হোক না কেন, ভূমিকম্প ও তজ্জনিত কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেই বললেই চলে। \r\nরাজধানী ঢাকার অবস্থান ভূকম্পনপ্রবণ এলাকায়। সাম্প্রতিককালে প্রায়ই ভূমিকম্প, যদিও তা মৃদু ও ক্ষণস্থায়ী, অনুভূত হচ্ছে। একদিকে পাহাড় ও চা বাগান পরিবেষ্টিত সিলেট, অন্যদিকে প্রাকৃতিক অরণ্য ও পাহাড় অধ্যুষিত পার্বত্যাঞ্চল- দুটোরই অবস্থান ভূকম্পনপ্রবণ টেকটোনিক প্লেটের ওপর। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও মিয়ানমারেও প্রায়ই ছোটখাটো ভূমিকম্প হচ্ছে।
বাড়ি-ঘর ভেঙে পড়াসহ প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিও কম নয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করেন, এতদঞ্চলে যে কোনো সময় মাঝারি থেকে তীব্র ভূমিকম্প হতে পারে। অথচ ভূমিকম্প মোকাবিলা এবং প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের আদৌ কোনো প্রস্তুতি নেই। বাস্তবে এমন আশঙ্কাকে ভ্রূকুটি করে রাজধানী ঢাকা ও দেশের অন্যত্র একের পর এক বহুতল ভবন, সুপারশপ, সুপারমল, বহুজাতিক কোম্পানির সুদৃশ্য ও মনোরম অফিস সর্বোপরি আবাসিক ভবন গড়ে তোলা হচ্ছে- যেগুলো চলমান।\r\nভূকম্পনের পাশাপাশি আরও একটি দিক থেকে রাজধানী ঢাকা রয়েছে সমূহ ঝুঁকির মধ্যে। সেটি হলো অগ্নিকাণ্ড। ২০১৯ সালের মাচে বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ও অন্যান্য ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে। এসব অগ্নিকাণ্ডে জীবনহানিসহ সম্পদের ক্ষয়ক্ষতিও কম নয়। যেটি দুঃখজনক তা হলো, প্রায় সর্বত্রই একই ধরনের ঝুঁকি ও দুর্বলতা দৃশ্যমান। যে কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। কোনো ভবনই রাজউকের বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। ছিল না ফায়ার সার্ভিসের কোনো অনুমোদনও। শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ১ হাজার ৮১৮টি ভবন। সারা দেশে রয়েছে ৫ হাজার ৮৬৮টি। ফলে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে জীবনহানিসহ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।
