একটি নিম্ন-মধ্যবিত্ত দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়খাত। প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ পাঠান, তা শুধু তাদের পরিবারের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও আবাসন নিশ্চিত করে না একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছর কয়েক লাখ নারী-পুরুষ জীবিকার সন্ধানে দেশের সীমানা পেরিয়ে বিদেশে পাড়ি জমান। কিন্তু প্রবাসী শব্দটি উচ্চারিত হলেই আমাদের কল্পনায় প্রথমে ভেসে ওঠে একজন পুরুষের চিত্র। নারীরা থেকে যান আড়ালে, প্রান্তে অদৃশ্য এক বাস্তবতায়। সমাজ এখনো প্রবাসী পুরুষদের অবদানকে স্বীকৃতি দিলেও নারীদের ক্ষেত্রে সেই সম্মান প্রায় অনুপস্থিত।
অথচ সংবাদ প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর এক লাখেরও বেশি নারী বিভিন্ন পেশায় বিদেশে কর্মরত হচ্ছেন। এই বিপুল সংখ্যক নারীর অর্থনৈতিক ও সামাজিক অবদান আজও যথাযথভাবে মূল্যায়িত হয় না।\r\nমধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রবাসী নারীরা কঠিন ও অনিশ্চিত কর্মপরিবেশে জীবনযাপন করেন। তারা গৃহকর্মী, রাঁধুনি, পরিচ্ছন্নতা কর্মী, কেয়ারগিভার, নার্স, পোশাক শ্রমিক কিংবা রেস্টুরেন্টে ওয়েট্রেস, ক্যাশিয়ার বা কিচেন হেল্পার হিসেবে কাজ করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রতিদিন ১০ ঘণ্টার বেশি পরিশ্রম করতে হয়। অনেক সময় অসুস্থ হলেও বিশ্রাম বা ছুটির সুযোগ মেলে না।\r\nবাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় নারীদের কর্মজীবন বরাবরই অনিশ্চিত।
দরিদ্র পরিবারের অনেক নারী অভাবের তাড়নায়, অনিয়মিত বেতন, পারিবারিক কলহ, নির্যাতন কিংবা স্বনির্ভরতার আকাক্সক্ষায় প্রবাসজীবন বেছে নেন। পরিবার থেকে দূরে, নিরাপত্তাহীন পরিবেশে থেকেও তারা সহ্য করেন শারীরিক ও মানসিক নিপীড়ন। তবু থেমে থাকেন না। নিয়মিত দেশে রেমিটেন্স পাঠিয়ে যান। অনেক ক্ষেত্রে পরিবার জানেও না, তারা কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই পাঠানো অর্থের ওপর নির্ভর করেই সন্তানের লেখাপড়া, বাবা-মা বা স্বামীর চিকিৎসা ব্যয় নির্বাহ হয়। শুধু তাই নয়, অনেক প্রবাসী নারী দেশে ফিরে গ্রামীণ নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলেন। প্রতিষ্ঠা করেন ছোট ব্যবসা, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখে।\r\nবাংলাদেশে প্রায় ৫ থেকে ৭ কোটি পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবাসী নারীদের রেমিটেন্সের ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী নারীদের পাঠানো রেমিটেন্স দেশের মোট রেমিটেন্সের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অবদান রাখে। এই অবদান মোটেও নগণ্য নয়। তবুও সমাজে যেন তারা অবহেলিত, তাদের ত্যাগের কথা খুব কমই আলোচিত হয়। তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের উদ্যোগও এখনো অপর্যাপ্ত।\r\nপ্রবাসী নারীরা কর্মস্থল ও বাসাবাড়িতে নানাবিধ ঝুঁকির সম্মুখীন হন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ওখঙ)-এর ২০২৩ সালের গবেষণা অনুযায়ী প্রায় ৪০ শতাংশ প্রবাসী নারী শ্রমিক শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তারা পাচ্ছেন ভয়, লাঞ্ছনা ও অনিশ্চয়তা। দীর্ঘদিনের সামাজিক ট্যাবু ও তথাকথিত লজ্জাবোধ এই অবহেলার মূল কারণ।
প্রবাসী নারীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও অবজ্ঞাপূর্ণ মনোভাব তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় পরিবারের অতিরিক্ত প্রত্যাশাও তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সরকারি নীতিমালার সীমাবদ্ধতা ও দূতাবাসগুলোর কার্যকারিতার অভাব প্রবাসী নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চুক্তিভঙ্গ, বেতন না পাওয়া কিংবা নির্যাতনের অভিজ্ঞতা অন্য নারীদের প্রবাসজীবনে আগ্রহ হারাতে বাধ্য করছে। অনেক নারী দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে না পারায় নির্যাতনের ঘটনাগুলো চাপা পড়ে যায়।\r\nপ্রবাসী নারীদের অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ দরকার। তাদের জন্য আলাদা হটলাইন চালু, আইনি সহায়তা নিশ্চিতকরণ, নিয়মিত মনিটরিংয়ের জন্য দূতাবাসে বিশেষ কর্মকর্তা নিয়োগ জরুরি। একই সঙ্গে ন্যায্য বেতন, নিরাপদ কর্মপরিবেশ ও দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করা চাই। পারিবারিক ও সমাজিক পর্যায়ে প্রবাসী নারীদের ত্যাগের স্বীকৃতি এবং প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। তাদের পেশার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। নারীদের পাঠানো রেমিট্যান্স শুধু অর্থ নয় এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের এক শক্তিশালী ভিত্তি। তারা নীরব যোদ্ধা হলেও, সম্মান ও সক্রিয় মনোযোগের মাধ্যমে তাদের অবদানকে জাতির সামনে তুলে ধরা এখন সময়ের দাবি।\r\nলেখক : শিক্ষার্থী\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়
