উচ্চ-ভর্তির হার থেকে উন্নত মানের শিক্ষার দিকে যেতে বাংলাদেশের শিক্ষাখাতে একটি বড় ধরনের সংস্কার অপরিহার্য বলে মনে করা হচ্ছে। বর্তমান প্রচেষ্টাগুলো অবকাঠামোগত, শিক্ষণ পদ্ধতি এবং দক্ষতার ঘাটতির মতো সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। নব-নির্বাচিত সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, কারিগরি শিক্ষা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদার সাথে শিক্ষা ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব দিয়ে একটি ১২-দফা সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু সম্প্রতি, “শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস” এবং “একজন শিক্ষক, একটি ট্যাব উদ্যোগ” সম্পর্কিত দুটি প্রধান বিষয় দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে, দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং একটি দারিদ্র্যমুক্ত জাতি পুনর্গঠনের লক্ষ্যে সরকারকে অবশ্যই শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান উন্নয়নের প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হবে এবং শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বাংলাদেশে অনলাইন শিক্ষা সংক্রান্ত আলোচনায় সাধারণত ডিজিটাল বৈষম্যের বিষয়টিই উঠে আসে, যেখানে দরিদ্র শিক্ষার্থীদের কাছে ডিভাইস (স্মার্টফোন) এবং ইন্টারনেট সংযোগ বা সুবিধা নেই। তাছাড়া, শিক্ষার্থীদের কম অংশগ্রহণ এবং মনোযোগের অভাবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাসের শিক্ষণ কার্যকারিতা কমে যাওয়া একটি বড় উদ্বেগের বিষয়। সরকারের “একজন শিক্ষক-একটি ট্যাব” উদ্যোগের ক্ষেত্রে, শিক্ষকদের প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহারের জন্য অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং ডিভাইসের সম্ভাব্য অপব্যবহারের মতো বিষয়গুলোই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ।
দেশব্যাপী স্কুল/কলেজে অনলাইন শিক্ষা চালু করার ক্ষেত্রে প্রযুক্তিগত এবং আর্থিক প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় নেওয়া জরুরি । স্মার্টফোন, ল্যাপটপ এবং দ্রুতগতির ইন্টারনেটের অসম প্রাপ্যতা অনলাইন শিক্ষাকে বৈষম্যমূলক করে তোলে, বিশেষ করে গ্রামীণ এলাকার বা নিম্ন-আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য। এই বাস্তবতাকে গুরুত্ব সহকারে মোকাবেলা করা প্রয়োজন। করোনা মহামারীকালে আমরা এই পরিস্থিতিটি খুব বাজেভাবে অনুভব এবং উপলদ্ধি করেছি। ভার্চুয়াল ক্লাসে মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং। শিক্ষক এবং অভিভাবক উভয়েই শিক্ষার্থীদের কম অংশগ্রহণ, সরাসরি যোগাযোগের অভাব এবং ব্যবহারিক/ল্যাবরেটরি ক্লাস পরিচালনায় অসুবিধার কথা জানান, যা ভার্চুয়াল ক্লাসরুমের কার্যকারিতাকে সীমিত করে। বেশিরভাগ অভিভাবক এবং স্কুল-কলেজের অনেক শিক্ষক ইতোমধ্যেই ভার্চুয়াল ক্লাস নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন – এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় গত দশ দিন ধরে বেশ আলোচিত হচ্ছে। এমনকি আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াই, তারাও অনলাইন শিক্ষা গ্রহণে অনিচ্ছুক, কারণ তারা এটিকে সময়ের অপচয় বলে মনে করে!
যাহোক, শিক্ষকদের কারিগরি জ্ঞান নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়ে গেছে, কারণ কার্যকরভাবে অনলাইন পাঠদান পরিচালনার জন্য অনেকেরই ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন। বেশিরভাগ স্কুল বা কলেজে অবকাঠামোগত সহায়তা (আইটি সক্ষমতা) অপর্যাপ্ত। একটি কার্যকর রূপান্তর নিশ্চিত করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাও একটি বাস্তবিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
শিক্ষাকে আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত “একজন শিক্ষক, একটি ট্যাব” উদ্যোগটি সর্বস্তরের শিক্ষাব্যবস্থার সমস্যাগুলোর কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়। বর্তমান বা প্রচলিত ব্যবস্থাটি প্রায়শই শিক্ষণ পদ্ধতির চাহিদা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং শেখার অপরিহার্য মানবিক উপাদানগুলোকে আমলে নিতে ব্যর্থ হয়। বিগত বছরগুলোতে—আওয়ামী লীগ সরকারের আমলে—উচ্চ রক্ষণাবেক্ষণ ব্যয়, প্রযুক্তিগত ত্রুটি এবং অপব্যবহারের কারণে অনুরূপ পরীক্ষামূলক কর্মসূচিগুলোও ব্যর্থ হয়েছিল। অধিকন্তু, শিক্ষার প্রাথমিক মডেল হিসেবে অনলাইন ক্লাসের ওপর নির্ভর করা “ডিজিটাল বিভাজন” আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করে, কারণ সুবিধাবঞ্চিত বা নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের প্রায়শই প্রয়োজনীয় ডিভাইস বা দ্রুতগতির ইন্টারনেট সুবিধা থাকে না।
ভার্চুয়াল ক্লাসরুমের কারণে প্রায়শই শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যায় এবং সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার অভাব দেখা দেয়, যা সামাজিক-আবেগীয় শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্ক্রিন-টাইম চোখের চাপ এবং মাথাব্যথার মতো শারীরিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়; অন্যদিকে ডিজিটাল ডিভাইসগুলো মনোযোগে বড় ধরনের ব্যাঘাত ঘটায়, যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ কমিয়ে দেয়।
প্রাতিষ্ঠানিক অবহেলা দূর করতে নতুন সরকারকে অবশ্যই শিক্ষা খাতের একটি ব্যাপক ইতিবাচক সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে থাকতে পারে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, কার্যকর শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন ও তাদের ভালো বেতন প্রদান, উচ্চ হারে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো এবং মানসম্মত শিক্ষা ও দক্ষতা নিশ্চিত করার জন্য পাঠ্যক্রম যুগোপযোগী করা।
স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বাংলাদেশকে এখন অবিলম্বে গতানুগতিক মুখস্থ-নির্ভর মূলধারার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক ও কর্মজীবনমুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তর করতে হবে। কলেজ/বিশ্ববিদ্যালয় স্নাতকদের (যেখানে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বাড়ছে) এবং চাকরির বাজারের চাহিদার মধ্যে ব্যবধান বা অসামঞ্জস্য মোকাবেলার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বর্তমানে শিক্ষা খাতে ব্যয় জিডিপির প্রায় ২ শতাংশ, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। টেকসই বা অর্থবহ উন্নতির জন্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা এই ব্যয় বাড়িয়ে ৪-৬ শতাংশ করার সুপারিশ করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সামাজিক ব্যবধান দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঞ্চনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দরিদ্র, প্রতিবন্ধী এবং দুর্যোগ-কবলিত শিশুসহ মাত্র ৬৪% শিশু মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে। শিক্ষকদের গুণগত মান উন্নয়নের বিষয়টি যথাযথভাবে সমাধান করা প্রয়োজন। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে পাঠ্যক্রমের আধুনিকায়ন অপরিহার্য।
শিক্ষাখাতকে রাজনৈতিক অস্থিরতা থেকে রক্ষা করতে এবং এর ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি স্থায়ী “শিক্ষা কমিশন” খুবই প্রয়োজন— যদিও সরকার এমন একটি কমিশন গঠনের কথা ভাবছে। শিক্ষার্থীদের আরও ভালোভাবে সম্পৃক্ত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষক প্রশিক্ষকদের আধুনিক শিক্ষণ-দক্ষতা প্রদান করা অত্যন্ত জরুরি। আর, অবশ্যই, যুব সমাজকে পেশাদার সম্পদে পরিণত করার লক্ষ্যে কারিগরি শিক্ষার আধুনিকীকরণ করা উচিত।
মানসম্মত শিক্ষাকে অবহেলা করলে তা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, এবং শিক্ষাখাত ও একটি স্থিতিশীল অর্থনীতির চাহিদার মধ্যে বিরাট ব্যবধান তৈরি করবে। একটি মজবুত অর্থনৈতিক ভিত্তির জন্য দেশের প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করা অপরিহার্য। প্রকৃতঅর্থে, শিক্ষা সংস্কারের জন্য শুধুমাত্র প্রযুক্তিগত সরঞ্জাম বা ডিভাইসের উপর নির্ভর না করে শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং পারস্পরিক/সরাসরি নির্দেশনার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত বোঝাপড়া গড়ে তোলা আবশ্যক। বস্তুত, সরকারকে “প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত” শিক্ষাখাতে যুগান্তকারী সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে ভাবতে হবে এবং অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
শেখ নাহিদ নিয়াজী: সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ nahidneazy@yahoo.com
