একুশ মানে মাথা নত না করা। কথাটির যথার্থতা বারবার প্রমাণ হয়েছে বাংলাদেশে। একুশ শিখিয়েছে অন্যায়, অবিচার ও অধিকারহীনতার বিরুদ্ধে প্রতিবাদী, প্রতিরোধী হতে। বায়ান্নর সেই ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি এবার ৭৪ বছরে পদার্পণ করেছে। অমর একুশের চেতনা আজও অমলিন। সেদিন মৃত্যুঞ্জয়ী বাংলার তরুণরা মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে স্বাজাত্যবোধের যে মশাল প্রজ্বালন করেছিলেন, সেই আলো দেশের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বর্তমানে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের দেশে দেশে।\r\nমাতৃভাষার জন্য আত্মদানের এমন নজির বিশ্বে বোধকরি আর নেই। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি জীবনে একুশের প্রভাব এতটাই সর্বব্যাপী যে, ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি।
আত্মপরিচয় বিস্মৃত বাঙালি জাতিকে স্বরূপের সন্ধান দিয়েছে মহান একুশ। জাতি হিসেবে একতাবদ্ধ করেছে যেমন, তেমনি জুগিয়েছে অপরিমেয় শক্তি ও সাহস। অদম্য আত্মবিশ্বাসে করেছে বলীয়ান। একুশ বাঙালির আবহমানকালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন রত্নভাণ্ডারের সঙ্গে যুক্ত করেছে বাঙালি জাতিকে। দিয়েছে সঠিক পথের সন্ধান। একুশের পথ ধরে তাই ৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম ভাষাভিত্তিক একটি দেশ। বাঙালি ও বাংলাদেশ যতদিন থাকবে বিশ্বের বুকে, ততদিন থাকবে অমলিন বাংলা ভাষা ও অমর একুশে। কারণ, একুশের শিকড় প্রোথিত বাঙালির চেতনার গভীরে। একুশ বাঙালিকে অন্যায়, অবিচার ও অধিকারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। এ দেশের মানুষ কখনই সামরিক ও স্বৈরশাসনের কাছে মাথা নত করেনি। আপোস করেনি গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রশ্নে। আর এসবেরই প্রেরণা হয়ে আছে মহান একুশে। বাঙালির জীবনজুড়ে একুশ ভালোবাসার অনন্য প্রতীক হয়ে আছে। সে ভালোবাসা শুধু মাতৃভাষা বাংলার প্রতিই সীমাবদ্ধ নয়, বরং বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকে শুরু করে যা কিছু মহৎ ও মানবিক, সর্বত্রই সুবিস্তৃত তার মমতাময়ী আলো। একুশ মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, নাশকতা, নৃশংসতা ও মাদকের বিরুদ্ধে আপোসহীন লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। বাঙালি এই দিনে আবার জেগে ওঠে বাঙালি জাতীয়তাবাদের মন্ত্রে। গণতন্ত্র ও উন্নয়নকে সুসংহত করার সুদৃঢ় অঙ্গীকারে।
