বাংলাদেশের জন্ম হয়েছিল আগুনে, রক্তে আর অশ্রুতে। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে গড়া এই জাতি দশকের পর দশক পেরিয়ে আবার প্রমাণ করেছে, তার মেরুদ- ভাঙা যায় না, তার চেতনা নেভানো যায় না। সাম্প্রতিক গণঅভ্যুত্থান সার্বভৌমত্ব ও ন্যায়বিচারকে আবার জাতীয় জীবনের কেন্দ্রে ফিরিয়ে এনেছে। কিন্তু ইতিহাস একটি নিষ্ঠুর সত্য বারবার শেখায়Ñ একটি মুক্ত জাতির শত্রুরা বিপ্লব সফল হলেই উধাও হয়ে যায় না। তারা নতুন মুখোশ পরে ফেরে, ভেতরে ঢুকে পড়ে এবং যেখানে ঐক্যের ফুল ফুটেছিল সেখানে বিভেদের বিষাক্ত কাঁটা বপন করে। আজ বাংলাদেশ ঠিক এমনই এক ভয়ঙ্কর ও নির্ণায়ক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে সঠিক পথ বেছে না নিলে শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবে না।

একালে শত্রুরা আর সীমান্ত পেরিয়ে সেনাবাহিনী পাঠায় না। আজকের হাতিয়ার আরও সূক্ষ্ম, আরও অদৃশ্য এবং অনেক অর্থেই আরও ভয়ঙ্কর। শত্রু গোয়েন্দা সংস্থাগুলো বিশেষজ্ঞদের ভাষায় যাকে বলে ‘প্রভাব বিস্তার অভিযান’, তার মাধ্যমে কাজ করে। এটি একটি সুপরিকল্পিত ও সমন্বিত প্রচারযুদ্ধ, যার লক্ষ্য জনমতকে বিকৃত করা, সামাজিক বিভেদকে আগুনের মতো ছড়িয়ে দেওয়া, বৈধ সরকারকে কলঙ্কিত করা এবং নিজেদের পছন্দের অনুগত শক্তিকে ক্ষমতার কেন্দ্রে বসানো। সোশ্যাল মিডিয়া, ভাড়াটে সাংবাদিক ও বিদেশি অর্থায়নে প্রভাবশালীদের মাধ্যমে মিথ্যা ও বিকৃত আখ্যান ছড়িয়ে সরকারের প্রতি জনআস্থা ধ্বংস করা হয়। হিন্দু-মুসলিম বিভেদ, আঞ্চলিক পরিচয় ও রাজনৈতিক ফাটলরেখাকে অস্ত্র বানিয়ে একই মাটির সন্তানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়। অর্থনৈতিক বিপর্যয়ের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের বিষ ঢেলে দেওয়া হয়। ‘মানবাধিকার’ বা ‘গণতন্ত্র প্রচার’-এর সোনালি মোড়কে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে এনজিও ও আইনি প্রতিষ্ঠানে অর্থায়ন করা হয়। আর সবচেয়ে ঘৃণ্যভাবে যে শহীদদের রক্তে এই বিপ্লব সফল হয়েছে, তাঁদের আত্মত্যাগকে পেছন থেকে অবৈধ প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা করা হয়। এগুলো কল্পিত হুমকি নয়Ñ এগুলো ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-সহ আঞ্চলিক শক্তিগুলোর দলিলভুক্ত ও বারবার পরীক্ষিত কৌশল, নেপাল থেকে শ্রীলঙ্কা, মালদ্বীপ থেকে মিয়ানমার পর্যন্ত, যার প্রয়োগ দেখা গেছে। চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত ভাগ করার কারণে বাংলাদেশ এই অপতৎপরতার সবচেয়ে বড় ও প্রধান লক্ষ্যবস্তু।

ভারতীয় আধিপত্যের প্রশ্নটি আর কূটনৈতিক ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখার সময় নেই, সাহস করে সরাসরি বলার সময় এসেছে। দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি প্রভাবশালী অংশ ক্ষমতায় টিকে ছিল জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে নয়Ñ টিকে ছিল নয়াদিল্লির পৃষ্ঠপোষকতা ও সক্রিয় সমর্থনের জোরে। সম্পর্কটি ছিল নিছক লেনদেনের রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে সুরক্ষা, কূটনৈতিক ঢাল এবং প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহিতার নির্মম দমন। বাংলাদেশের জাতীয় স্বার্থ বারবার ভারতের কৌশলগত হিসাবের বেদিতে বলি হয়েছে, আর দেশের মানুষকে তা মুখ বুজে মেনে নিতে বাধ্য করা হয়েছে।

ফারাক্কা বাঁধ দশকের পর দশক ধরে বাংলাদেশকে গঙ্গার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রেখেছে। বাংলাদেশের কৃষক তার মাঠে পানি পায় না, মৎস্যজীবী নদীতে মাছ পায় না, প্রকৃতি তার স্বাভাবিক প্রবাহ ফিরে পায় না। তিস্তা পানিবণ্টন চুক্তিÑ দশকের পর দশক ধরে প্রতিশ্রুত, বারবার বিলম্বিতÑ ভারত বাংলাদেশের সার্বভৌম স্বার্থকে কতটা তুচ্ছ মনে করে তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। বাণিজ্যের ক্ষেত্রেও একই দ্বিমুখী নীতিÑ ভারত বাংলাদেশের বাজার ও ট্রানজিট-করিডোর অবাধে ভোগ করে, অথচ একই সাথে অশুল্ক বাধার উঁচু দেয়াল তুলে বাংলাদেশি পণ্যকে তার বাজার থেকে দূরে রাখে। বিএসএফ বছরের পর বছর প্রায় সম্পূর্ণ দায়মুক্তির সাথে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে আসছে। নিরীহ কৃষক, গবাদিপশু ব্যবসায়ী, সাধারণ পথচারী তার শিকার। প্রতিটি হত্যা বাংলাদেশের সার্বভৌমত্বের এবং এর নাগরিকদের মানবিক মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। আর সবচেয়ে গভীর ক্ষতটি হলো অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি ও নিরবচ্ছিন্ন হস্তক্ষেপÑ পছন্দের দলকে সমর্থন করা, মিডিয়ায় গোপনে অর্থায়ন করা এবং বাংলাদেশের ভোটারদের রায় যাই হোক কেবল নিজের স্বার্থের অনুগত সরকার ক্ষমতায় রাখার জন্য গোয়েন্দাসম্পদ মোতায়েন করা।

এটা ভারত-বিদ্বেষ নয়, এটা কখনো ছিল না। বাংলাদেশের মানুষের সাধারণ ভারতীয় নাগরিকদের সাথে শতাব্দীর গভীর সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক বন্ধন রয়েছে। কিন্তু দুই জনগণের মধ্যে বন্ধুত্ব আর এক রাষ্ট্রের সার্বভৌমত্বকে আরেক রাষ্ট্রের পদতলে বিছিয়ে দেওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রথমটি লালন করতে হবে, দ্বিতীয়টি দৃঢ়তার সাথে প্রতিরোধ করতে হবে এবং এই প্রতিরোধই প্রকৃত সার্বভৌমত্বের প্রমাণ। যে গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ পাল্টে দিল সেটা হঠাৎ আসেনি; এটি ছিল বছরের পর বছরের জমে ওঠা অসহ্য ক্ষোভের অনিবার্য বিস্ফোরণ। যে তরুণ কখনো হাতিয়ার স্পর্শ করেননি তিনি বুক পেতে গুলির সামনে দাঁড়ালেন। শ্রমিক কারখানা ছেড়ে রাস্তায় নামলেন। মা সন্তানের জন্য সরকারি ভবনের সামনে বুকের পাটা দিয়ে দাঁড়ালেন। এই বিপ্লবের শহীদরা ১৯৭১-এর শহীদদের গৌরবময় উত্তরাধিকারে চিরকালের জন্য যুক্ত হয়ে গেলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অস্থিতিশীলতার কলকাঠি ঘুরতে শুরু করল। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল উদ্দেশ্যপ্রণোদিত কন্টেন্টেÑ নতুন সরকারকে ‘হিন্দু-বিরোধী’ বা ‘ইসলামপন্থী’ বলে রং মাখিয়ে সংখ্যালঘুদের আতঙ্কিত করা এবং ভারত ও পশ্চিমা মহলে কৃত্রিম উদ্বেগ তৈরির সুচিন্তিত পরিকল্পনায়। সাম্প্রদায়িক উত্তেজনার যেকোনো ঘটনা লক্ষগুণ বাড়িয়ে পরিবেশন করা হলো। অর্থনৈতিক ভয়ের আখ্যান ছড়িয়ে সরকারের অযোগ্যতার একটি মিথ্যা চিত্র আঁকার চেষ্টা হলো।

কেউ কেউ বলবেন, জাতীয় ঐক্যের কথা বলা মানে সমালোচনা বন্ধ করা বা সরকারের ব্যর্থতা ঢেকে রাখা। এটি সবচেয়ে মৌলিক ভুল পাঠ। ঐক্য মানে অন্ধ আনুগত্য নয়, একমত হওয়ার বাধ্যবাধকতা নয়। সুস্থ গণতন্ত্রের জন্য চাই জোরালো বিতর্ক, শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর এবং নির্ভীক সাংবাদিকতা। শহীদরা বিপ্লবী ভাষায় মোড়ানো নতুন কোনো স্বৈরতন্ত্রের জন্য প্রাণ দেননি, তাঁরা প্রাণ দিয়েছেন এমন বাংলাদেশের জন্য যেখানে সরকার জনগণের সেবক, প্রভু নয়। কিন্তু বৈধ ভিন্নমত এবং বিদেশি প্রভাবে সৃষ্ট কৃত্রিম বিভাজনের মধ্যে পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে হবে। প্রথমটি গণতন্ত্রকে শক্তিশালী করে, দ্বিতীয়টি কেবল বিদেশি স্বার্থ পূরণ করে। হিন্দু হোক বা মুসলিম, ঢাকার হোক বা সিলেটের, বিপ্লব সমর্থন করুক বা না করুক, কোনো বাংলাদেশিরই অধিকার নেই নিজের দেশকে বিদেশি গোয়েন্দা অপতৎপরতার রঙ্গমঞ্চে পরিণত হতে দেওয়ায়। শহীদদের স্বপ্ন ছিল সুনির্দিষ্ট, স্পষ্ট ও স্পন্দনশীল। এমন বাংলাদেশ যেখানে প্রতিটি শিশু পটভূমি নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা ও সমান সুযোগ পাবে। এমন অর্থনীতি যা শ্রমিক ও কৃষকের ঘাম ও শ্রমের যথাযথ মর্যাদা দেবেÑ কেবল মুষ্টিমেয় ধনকুবের ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের নয়। এমন বিচার ব্যবস্থা, যা দলমতনির্বিশেষে ভয়হীনভাবে ন্যায়বিচার নিশ্চিত করবে। এমন পররাষ্ট্রনীতি যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সাথে সমান মর্যাদায় ও সমান শর্তে সম্পর্ক গড়ে উঠবেÑ করুণার প্রার্থী হিসেবে নয়, সার্বভৌম জাতি হিসেবে। এই স্বপ্ন পূরণ সম্ভব নয় এমন দেশে, যা কৃত্রিম বিভাজনে পক্ষাঘাতগ্রস্ত, বিদেশি পৃষ্ঠপোষকতার মুখাপেক্ষী এবং স্বাধীন পথে হাঁটার সাহস দেখালেই গোয়েন্দা অভিযানের শিকার হয়।

এই লক্ষ্যে পৌঁছাতে সুনির্দিষ্ট পদক্ষেপ এখনই নেওয়া দরকার। বিদেশি প্রভাব অভিযান শনাক্ত ও জনসমক্ষে উন্মোচনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়তে হবে। স্বাধীন সাংবাদিকতাকে সহায়তা করতে হবে এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বিভ্রান্তির কারখানাগুলোকে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে। তিস্তা, সীমান্তহত্যা ও ন্যায্য বাণিজ্যশর্তের প্রশ্নে ভারতের সাথে দৃঢ় কিন্তু পরিপক্ক কূটনৈতিক অবস্থান নিতে হবে। চীন, উপসাগরীয় রাষ্ট্র, আসিয়ান ও পশ্চিমা বিশ্বের সাথে কৌশলগত সম্পর্ক গভীর করে নিশ্চিত করতে হবে যে, কোনো একটি শক্তি যেন আর কখনো বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে জিম্মি করে রাখতে না পারে। আর সর্বোপরি, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও দলীয় প্রভাবমুক্ত বেসামরিক প্রশাসন গড়ে তুলতে হবেÑ কারণ এগুলোই সার্বভৌমত্বের প্রকৃত ও অভেদ্য দুর্গপ্রাচীর।

শহীদদের রক্ত এ জন্য ঝরেনি যে, বাংলাদেশ এক পরাধীনতার শৃঙ্খল ভেঙে আরেক পরাধীনতার খাঁচায় ঢুকবে। বিদেশি গোয়েন্দারা তাদের এয়ারকন্ডিশনড দূতাবাস থেকে এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এ জন্য তাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দেননি। তাঁরা জীবন দিয়েছেন এমন বাংলাদেশের জন্য, যে মাথা উঁচু করে দাঁড়ায়, নিজের সত্য নিজে উচ্চারণ করে, সংখ্যালঘুকে বুকে আগলে রাখে এবং পৃথিবীর সাথে সমকক্ষের মর্যাদায় সম্পর্ক রাখে। বাংলাদেশের শত্রুরা বাজি ধরছে যে এই জাতি একদিন ক্লান্ত হয়ে পড়বে, বিভেদে ডুবে যাবে এবং ভুলে যাবে কীসের জন্য লড়েছিল। আসুন, ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করি, সেই বাজি চিরতরে ভুল।

লেখক: নিরাপত্তা বিশ্লেষক।