ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র গত বছরজুড়ে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। শুল্ক বাধার রোলারকোস্টার, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লোক দেখানো আলোচনা এবং ইসরায়েলের সঙ্গে মিথ্যা ‘যুদ্ধবিরতি’ ঘোষণা, এমনকি গাজাকে ‘সমুদ্রের সম্পত্তি’ হিসেবে রূপান্তর করার প্রকাশ্য বার্তা দেশটির খারাপ পরিণতির জন্য যথেষ্ট ছিল।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র আরও কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলো আরও ভয়ংকর। দেশটি খ্রিষ্টানদের ‘রক্ষা’ করার জন্য নাইজেরিয়ায় বোমা হামলা চালিয়েছে, ভেনেজুয়েলায় আক্রমণ করেছে এবং আন্তর্জাতিক জলসীমায় দেশটির নৌকা গুঁড়িয়ে দেওয়ার কয়েক মাস পর এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে। আর ইরান, গ্রিনল্যান্ড ও মেক্সিকোকে সামরিক হস্তক্ষেপের প্রকাশ্যে হুমকি দেয়। যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই তাঁর গণনির্বাসনের প্রতিশ্রুতি রাখার প্রক্রিয়ায় আইনবিরোধী কাজ করেই চলেছে। ২০২৬ সালের শুরু থেকে ফেডারেল ইমিগ্রেশন অফিসাররা কমপক্ষে তিনজন মার্কিন নাগরিককে গুলি করে হত্যা করেছেন। তাদের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ায় ৪৩ বছর বয়সী কিথ পোর্টার জুনিয়র, মিনেসোটায় ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড ও অ্যালেক্স প্রেটি। গুড এবং প্রেটি উভয়কেই ক্যামেরার সামনে হত্যা করা হয়। বিভিন্ন দিক থেকে ধারণকৃত ঘটনার চিত্রে ফেডারেল ইমিগ্রেশন সংস্থাগুলোর প্রাণঘাতী অস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার ধরা পড়েছে। তাদের এ তৎপরতার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ আরও জোরালো হয়েছে।

যদি এসব ঘটনা ইরানের মতো অন্য কোনো দেশে ঘটত, তাহলে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ডাক দিত। কিন্তু দেশে-বিদেশে মার্কিন হুমকি এবং তাদের কর্মকাণ্ড বিবেচনায় নিলে বিশ্বকে এখন একজন মনীষীর কথা স্মরণ করতে হয়। কথাটি তিনি বলেছিলেন নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসের প্রথম দিকে; তিনি হলেন প্রয়াত রেভারেন্ড ড. মার্টিন লুথার কিং জুনিয়র। তাঁর সেই কথাটি হলো: বিশ্ববাসীর উচিত মার্কিন করপোরেশন, তাদের তৈরি পণ্য ও নেতৃত্বাধীন যে কোনো প্রকল্প বা ঘটনা বয়কট করা এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া।

সহিংসতা, গৃহযুদ্ধ অথবা সামরিক পদক্ষেপের আশ্রয় না নিয়ে মার্কিন আগ্রাসনকে বিশ্ববাসী মোকাবিলা করতে চাইলে দেশটির ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টির বিকল্প নেই। যদিও ১৯৫০-এর দশকে লুথার কিং এবং অনেক কৃষ্ণাঙ্গ মানুষের অবস্থান ছিল অত্যন্ত ছোট বলয়ে সীমাবদ্ধ। কিন্তু তারা বুঝতে পেরেছিলেন, যারা দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর শ্রম ও ঘাম শোষণ করছিল, যুক্তরাষ্ট্রে তাদের পকেটে আঘাত করলে কার্যকর ফল পাওয়া যেতে পারে। হিংসার বশবর্তী হয়ে দৈনন্দিন বর্ণবাদী আক্রমণের বিরুদ্ধে চালিয়ে যাওয়া তাদের সংগ্রামে এটি ছিল কয়েকটি হাতিয়ারের মধ্যে একটি।

যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশ্নে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা’র জন্য বিশ্বব্যাপী তাৎপরতা দরকার। বিশ্বের উচিত ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি নেতৃত্বাধীন বিডিএস (বয়কট, বিচ্ছিন্নতা ও নিষেধাজ্ঞা) আন্দোলনের মতো কিছু একটা গড়ে তোলা এবং সেই শিক্ষাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের বর্ণবাদী শাসনের অবসান ঘটাতে বিডিএস চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল অহিংস পথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক চাপ প্রয়োগ করা। ২০০৫ সালের জুলাই মাসে ১৭০টি ফিলিস্তিনি সংগঠনের সহায়তায় এ পদক্ষেপ শুরু হয়। বিডিএসের প্রতিষ্ঠাতা হলেন ওমর বারঘৌতি ও প্রয়াত ইনগ্রিড জারাদাত গ্যাসনার। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী বয়কট, বিচ্ছিন্নতা ও নিষেধাজ্ঞা থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। সোভিয়েত প্রচারণা হিসেবে যা বাতিল করা হয়েছিল তার বেশির ভাগই ছিল অনস্বীকার্য কিছু বাস্তবতা। ‘পুঁজিবাদের কুফলগুলো সামরিকবাদ এবং বর্ণবাদের কুফলের মতোই বাস্তব।

ডোনাল্ড আর্ল কলিন্স: ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসরিয়াল লেকচারার; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম