‘ঈদ’, এই শব্দটি উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে আনন্দ, মিলনমেলা, নতুন পোশাক আর সুস্বাদু খাবারের চিত্র। বাড়ি ফেরা, আত্মীয়-স্বজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখাÑ এসব মিলিয়ে ঈদ শুধু ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক এক বিশাল আয়োজন। ২০২৬ সালের মার্চে সরকারি ছুটি ও সাপ্তাহিক অবকাশ মিলিয়ে ঈদের আনন্দ অনেকের জন্য বিস্তৃত হয়েছে প্রায় দশ থেকে বারো দিন।
২০২৬ সালের মার্চ মাসের ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত সরকারি ছুটি। ২৪ ও ২৫ মার্চ কর্ম দিবস। অনেকেই ২৪-২৫ ছুটির সুযোগ পায়। সঙ্গে ২৬ ছুটি ও ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে অনেকের জন্য ঈদের আনন্দ পরিণত হয়েছে দীর্ঘ ১২ দিনের উৎসবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ তারিখ আমদানি ও রপ্তানি অঞ্চলের ব্যাংক খোলার নির্দেশনা এসেছে সীমিত পরিসরে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো না কোনো নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই থাকতে হয়।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি? এই আনন্দের আড়ালে রয়েছে এক ভিন্ন বাস্তবতাÑ এক বিশাল জনগোষ্ঠী আছে যারা এই পুরো সময়টাতে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যায়। তাই প্রশ্ন ওঠে, ঈদের এই আনন্দ কি সবার জন্য সমান? আমরা প্রায়ই ভেবে দেখি না, এই রঙিন উৎসবের আড়ালে কত মানুষ নিজের ছুটি, নিজের আনন্দ আর পরিবারকে ছেড়ে দায়িত্ব পালন করছে। তাদের ঈদ কেমন হয়, তারা কোন পরিস্থিতিতে আনন্দ উদযাপন করে, এসব প্রশ্নই আমাদের নজরে আসে না।
রাষ্ট্র ও সমাজের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কিছু সেবাখাত কখনো বন্ধ রাখা যায় না। এগুলোকে সাধারণত ‘এসেনশিয়াল সার্ভিস’ বা ‘অপরিহার্য সেবা’ বলা হয়। বাংলাদেশে ঈদের সময় যেসব খাত সর্বক্ষণ সক্রিয় থাকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, র্যাব, বিজিবি, আনসার), স্বাস্থ্যসেবা (চিকিৎসক, নার্স, জরুরি বিভাগ), বিদ্যুৎ ও জ্বালানি খাত, ব্যাংকিং ও আর্থিক সেবা (এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন সাপোর্ট), পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধার সেবা, সংবাদমাধ্যম ও তথ্যপ্রচার, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়িকদের সাথে জড়িত কর্মচারীগণ। মসজিদ ও মাদ্রাসা ও এতিমখানা ইত্যাদিতে দায়িত্বরত ব্যক্তিবর্গ। গৃহ পরিচালিকা, নিরাপত্তা প্রহরী, সিএনজি ও রিকশাচালক এছাড়া বিভিন্ন শ্রেণীর দৈনন্দিন পেশাজীবী মানুষ।
পুলিশ যখন রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করছে, তখন ঘরে ঘরে মানুষ আনন্দ উদযাপন করছে। চিকিৎসক জরুরি বিভাগে রোগী দেখছেন, বিদ্যুৎকর্মী সারাদিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছেন, সংবাদকর্মী মাঠ থেকে তথ্য সরবরাহ করছেন। ব্যাংকাররা বিশেষ করে যারা কার্ড সেকশন, আইটি সেকশন, এক্সপোর্ট ও ইমপোর্ট শাখাসমূহে কর্মরত। এছাড়াও অন্যান্য পেশাজীবী ও শ্রমজীবী যারা দৈনন্দিন বাধ্যতামূলক দায়িত্ব পালন করে থাকে। গবেষণা থেকে জানা যায়, বিশ্বব্যাপী মোট কর্মশক্তির ২০ থেকে ৩০ শতাংশ মানুষ সরাসরি ফ্রন্টলাইন সেবায় নিয়োজিত থাকে। উন্নয়নশীল দেশে এই হার আরও বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে মোট কর্মশক্তির প্রায় ৮৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছে। বিভিন্ন সেবাখাতের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ঈদের সময় প্রায় ২৫ থেকে ৪০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে অন্তত একজন অন্যদের আনন্দ নিশ্চিত করতে নিজের আনন্দের একটি অংশ ত্যাগ করছেন।
এই দায়িত্ব সাধারণত শিফট ভিত্তিক হয়। সকাল ৬/৮টা থেকে ২/৩টা, বিকাল ২/৩টা থেকে ৯/১০টা, রাত ৯/১০টা থেকে ৬/৮টাÑ এসব সময় ধরে কাজ হয়। তবে বাস্তবতা আরও কঠিন। অনেকেই ডাবল শিফটে কাজ করেন, অনেকে অন-কল থাকেন এবং জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল হয়। ঈদের সময়ে দায়িত্ব শুধু থাকে না, বরং বাড়ে বহুগুণে। সড়কপথে যাত্রী চাপ বৃদ্ধি পায়, ক্লান্ত চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। খাদ্যে বিষক্রিয়া, অতিভোজন এবং শিশুদের অসুস্থতা যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি ফাঁকা বাড়ি, ছিনতাই ও চুরির প্রবণতা অপরাধ প্রবণতা বাড়িয়ে তোলে। ফলে এই দায়িত্বশীল মানুষদের কাজ হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং।
বাস্তব জীবনের উদাহরণ বিবেচনা করলে, একজন চিকিৎসক ঈদের সকাল ৮টায় জরুরি বিভাগে দাঁড়িয়ে রোগীর সেবা দিচ্ছেন, যখন তার পরিবার নামাজ ও আনন্দ উদযাপন করছে। একজন পুলিশ সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, নিজের সন্তানের নতুন জামা দেখার সময়ও পাচ্ছেন না। বিদ্যুৎকর্মী গভীর রাতে কল পেয়ে লাইনে ত্রুটি মেরামত করছেন, তার পরিবারের সাথে খাবারের আনন্দও ত্যাগ করতে হচ্ছে। এই ত্যাগ শুধু ব্যক্তি বা পেশাজীবীর নয়, পরিবারেরও। সন্তানরা অপেক্ষা করছে, স্ত্রী বা স্বামী একা ঈদ পালন করছে, পারিবারিক আনন্দ অসম্পূর্ণ থাকে। তবুও তারা গর্ববোধ করে, ভাবে আমার বাবা বা মা মানুষের জন্য কাজ করছে। ঈদের অর্থনীতিতেও কর্মীরা অপরিহার্য। বাজারে বিক্রি কয়েকগুণ বাড়ে, মোবাইল ব্যাংকিং লেনদেন দ্বিগুণ হয়, পরিবহন খাত সর্বোচ্চ ব্যস্ততায় থাকে। এই বিশাল অর্থনৈতিক কার্যক্রম সচল রাখে সেই মানুষরাই। দীর্ঘ সময় দায়িত্ব পালন মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে। ক্লান্তি, মানসিক চাপ এবং বার্নআউটের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম, কাউন্সেলিং ও পারিবারিক সহায়তা। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা উল্লেখ করে, মানসিক সহায়তা ও সমর্থন ছাড়া দায়িত্বশীল কর্মীদের দক্ষতা ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশে ‘ডিলে ঈদ’ বা পরে ঈদ উদযাপন নতুন বাস্তবতা হিসেবে দেখা দিয়েছে। দায়িত্ব শেষে পরিবার একত্র হয় এবং আলাদা দিনে আনন্দ ভাগ করা হয়। এটি প্রমাণ করে, ঈদ কেবল একটি নির্দিষ্ট দিনের উৎসব নয়; এটি একটি অনুভূতি, যা সময় ও শারীরিক উপস্থিতির সীমা ছাড়িয়ে যায়। শ্রম অধিকারও গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী ওভারটাইম প্রদান করা উচিত, বিকল্প ছুটি নিশ্চিত করা উচিত এবং নিরাপদ কর্মপরিবেশ থাকা উচিত। কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। নীতিনির্ধারকদের উচিত এই বিষয়গুলো জোরদার করা, যাতে অপরিহার্য খাতের কর্মীরা ন্যায্য অধিকার পান।
লেখক: ব্যাংকার ও তথ্য পদ্ধতি গবেষক।
