সুস্থ মানুষের স্বেচ্ছায় দান করা রক্তই একজনের জীবন বাঁচাতে পারে। মানুষের জন্য রক্তের একমাত্র উৎস হলো আরেক মানুষ। এ কারণেই রক্তকে চিকিৎসাবিজ্ঞানে একটি অমূল্য ও সীমিত ‘সম্পদ’ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে এই মূল্যবান ‘সম্পদ’-এর ব্যবহার সব সময় যৌক্তিক ও প্রয়োজনভিত্তিক হয় না।
রক্ত পরিসঞ্চালনের (ব্লাড ট্রান্সফিউশন) সূচনা হয়েছিল মূলত আকস্মিক রক্তক্ষরণজনিত জীবন সংকট মোকাবিলার জন্য। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি, সন্তান প্রসবকালে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত মা কিংবা বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য রক্ত পরিসঞ্চালন বহু দশক ধরে জীবন রক্ষাকারী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরবর্তীকালে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে রক্তের ব্যবহার আরও বিস্তৃত। বর্তমানে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা, অস্থিমজ্জার রোগ, জটিল রক্তরোগ এবং থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগের চিকিৎসায় রক্ত ও রক্তের উপাদান প্রয়োজন। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী অনেকেরই বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত পরিসঞ্চালনের বিকল্প নেই।
কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে অনেক ক্ষেত্রে যে কোনো রোগীর রক্তস্বল্পতা দেখা দিলেই রক্ত দেওয়াকে সহজ সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। রক্তস্বল্পতার যথাযথ কারণ অনুসন্ধান, রোগ নির্ণয় এবং বিকল্প চিকিৎসার সুযোগ মূল্যায়ন না করেই অনেক সময় রক্ত পরিসঞ্চালন করা হয়। অথচ অধিকাংশ রক্তস্বল্পতা আয়রনের ঘাটতি, ভিটামিন বি-টুয়েলভ বা ফলিক অ্যাসিডের অভাব, দীর্ঘমেয়াদি সংক্রমণ কিংবা অন্যান্য চিকিৎসাযোগ্য কারণে হয়ে থাকে। এসব ক্ষেত্রে যথাযথ চিকিৎসা দিলে রোগী সুস্থ হতে পারেন। ফলে রক্ত দেওয়ার প্রয়োজন না-ও হতে পারে।
অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালনে যেসব রোগীর সত্যিকার অর্থে রক্তের প্রয়োজন, যেমন থ্যালাসেমিয়া, ক্যান্সার বা গুরুতর রক্তক্ষরণে আক্রান্ত ব্যক্তি; তাদের জন্য রক্তের সংকট দেখা দিতে পারে। দ্বিতীয়ত, রক্ত নিজেও ঝুঁকিমুক্ত নয়। আধুনিক স্ক্রিনিং ব্যবস্থার পরও রক্ত পরিসঞ্চালনের সঙ্গে অ্যালার্জিক প্রতিক্রিয়া, জ্বর, ফুসফুসের জটিলতা, রক্তের অতিরিক্ত আয়রন জমা হওয়া এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থেকে যায়। ফলে অপ্রয়োজনীয় রক্ত দেওয়া কখনোই রোগীর জন্য কল্যাণকর নয়।
উন্নত বিশ্বে বর্তমানে রোগীকেন্দ্রিক রক্ত ব্যবস্থাপনার ধারণা গুরুত্ব পাচ্ছে। এর মূল লক্ষ্য হলো রোগীকে তখনই রক্ত দেওয়া, যখন তা সত্যিই প্রয়োজন এবং বৈজ্ঞানিকভাবে উপকারী বলে প্রমাণিত। রক্তকে একটি মূল্যবান ও সীমিত সম্পদ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ব্যবহার করাই এই নীতির ভিত্তি। দেশেও এটি জরুরি। এ জন্য চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, হাসপাতালভিত্তিক ট্রান্সফিউশন নীতি, প্রমাণভিত্তিক গাইডলাইন অনুসরণ এবং রোগীদের সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে। দেশে এমনিতেই স্বেচ্ছায় রক্তদানের হার এখনও কম। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীর পরিবারকে নিজেদের রক্ত জোগাড় করতে হয়। পশ্চিমা বিশ্বে যেখানে রক্তের চাহিদার ৯০ শতাংশ থেকে শতভাগ জোগাড় হয়ে যায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে; সেখানে আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী, চাহিদার মাত্র ৩০-৩২ শতাংশ রক্ত সংগৃহীত হয় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। চাহিদার বিপরীতে রক্তের সরবরাহ যেখানে সীমিত, সেখানে ওই রোগীর আসলেই রক্ত পরিসঞ্চালন প্রয়োজন কিনা, দেখতে হবে।
রক্ত জীবন বাঁচায়– এ কথা যেমন সত্য, তেমনি এটাও সত্য, অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন জীবন রক্ষার পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে। তাই রক্তের প্রতিটি ব্যাগ ব্যবহার হওয়া উচিত যথাযথ প্রয়োজন, বৈজ্ঞানিক যুক্তি এবং রোগীর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে। রক্তের অপচয় রোধ করা শুধু চিকিৎসাবিজ্ঞানের দায়িত্ব নয়; এটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্তব্যও। যে দেশে থ্যালাসেমিয়া রোগীদের অনেক সময় প্রয়োজনীয় রক্তের জন্য অপেক্ষা করতে হয়, সে দেশে অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন শুধু চিকিৎসাগত ভুল নয়; বরং নৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা।
অধ্যাপক ডা. মনজুর মোরশেদ: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান manzur.morshed@gmail.com
