চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়ায় জন্মেছে দুই শতাধিক জাতের আম, যা শুধু জাতীয় অর্থনীতিরই নয়, সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। এ কারণেই চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবে ব্র্যান্ডিং করা হয়েছে। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, যা মানুষের কাছে পরিচিত আম গবেষণা কেন্দ্র হিসেবে। শুরু থেকেই জনবল সংকট থাকলেও কেন্দ্রটি নতুন আমের জাত উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের আমের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী এখানে আছে আধুনিক ল্যাবরেটরি, জেনেটিক ব্যাংক, নার্সারি, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রায় ৫০ একর গবেষণাক্ষেত্র।

দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ১৮টি আমের জাত অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪টি জাতই উদ্ভাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রের গবেষকদের হাতে। \r\nদেশে এখন হাজার কোটি টাকার আম বাণিজ্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ আমেরিকায় রপ্তানি হচ্ছে আম, যাচ্ছে চীনেও । এক যুগে আমের বাণিজ্যিক আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। মানুষের মুখে আম নিয়ে প্রবল উচ্ছ্বাস। শিশু থেকে বুড়ো, গরিব থেকে ধনী- প্রত্যেকের রসনা তৃপ্ত করেছে এই সুস্বাদু রসালো ফলটি। সব মিলিয়ে আসন্ন মৌসুমে ফলসম্পদের সমাহারে রাজার আসন পেতে বসুক এই উপকারী ফল, এমনটাই প্রত্যাশা। এটি ভারত উপমহাদেশ ও এশিয়ার একটি বিশেষ ফল। আম শরীরের জন্যও খুব কার্যকরী।

আমে রয়েছে- ক্যালোরি, কার্বোহাইড্রেট, সুগার, প্রোটিন, ক্যারোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, থায়ামিন, রিবোফ্লোবিন, ফলিক এসিড, জিংক, ভিটামিন বি ও ভিটামিন সি। একসঙ্গে এত ভিটামিন, মিনারেল ও শরীরের প্রয়োজনীয় অন্যান্য উপাদানের জোগান খুব কম ফলেই আছে। মোটকথা, আমে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি একত্রে পাওয়া যায়। তাই আমকে বলা যায়, সব রোগের জন্য শক্তিশালী প্রতিরোধক। আমের ভিটামিন এ গর্ভস্থ শিশুদের জন্যও উপকারী। তারুণ্য বজায় রাখতে এর ভূমিকা অপরিসীম। এতে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। দাঁত, নখ, চুল মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে।\r\nজাতীয় বৃক্ষ আম গাছের সুস্থতা নিশ্চিত করার জন্য আলাদাভাবে কিছু করার নেই, শুধু তাকে নিজের মতো করে বাড়তে দিতে হবে। কোনো ক্ষতিকর রাসায়নিক যেন তাকে বিকৃত না করে। আমকে বলা যায়, সব রোগের জন্য শক্তিশালী প্রতিরোধক। এমন একটি ফল নষ্ট হবে, এটি কোনো কাজের কথা নয়। তাই ফলের জন্য বিখ্যাত এলাকাগুলো চিহ্নিত করে সরকারিভাবে শীতাতপনিয়ন্ত্রিত ফল স্টোররুম অথবা আধুনিক প্রযুক্তিতে ফল সংরক্ষণের সুব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমের কল্যাণে অর্থনীতি বেগবান হোক। সেই সঙ্গে প্রয়োজনীয় গবেষণা উপকরণ, আধুনিক ল্যাব সুবিধা ও পর্যাপ্ত গবেষকের সংযুক্তিতে আম গবেষণা কেন্দ্র -এর উদ্ভাবনে আমের জাতে আসুক আরও বৈচিত্র্য।