বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশ এবং দেশের মানুষ নিয়ে একটা পরিকল্পনা রয়েছে। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আগামী নির্বাচনে নির্বাচিত হলে তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তারেক রহমান সাংবাদিকদের সামনে আগামী দিনে তার পরিকল্পনা উপস্থাপন করেন। একই সঙ্গে উল্লেখ করেছেন, সামনে অনেক চ্যালেঞ্জ। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না তা আগামি বলে দেবে। সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও একই আকাক্সক্ষা। আমরা আশাবাদী হতে চাই। আশাই মানুষকে সামনের পথে এগিয়ে নিয়ে যায়। \r\nতারেক রহমান দেশের মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, নারীদের অধিকার এবং সামাজিক ক্ষমতায়ন নিয়ে বলেছেন। বলেছেন, নারীর অধিকার বা ক্ষমতায়ন করতে হলে নারীর কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি কৃষি এবং কৃষকের উন্নয়নের কথা তুলে ধরেছেন। পরিবেশ, বিশেষ করে বিশুদ্ধ পানির সমস্যা নিয়ে বলেছেন। আইটি ব্যবস্থাপনাও বাদ দেননি। তার বক্তব্যে, একজন আধুনিক মনস্ক রাজনীতিকের চিত্র প্রকাশ পেয়েছে। \r\nবাংলাদেশের সাধারণ মানুষ জটিল কিছু বোঝে না। সহজ কথা সহজ করে শুনতে চায়। সংস্কার কি হবে, না হবে তা নিয়ে খুব যে ভাবে, তা মনে হয় না। এ দেশের সাধারণ মানুষ খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের নিশ্চয়তা চায়। এরপর শিক্ষা ও চিকিৎসা। এবং সামাজিক নিরাপত্তা। এগুলোর নিরাপদ নিশ্চয়তা পেলেই, তারা নিজেদের সুখী মনে করে। তারেক রহমানের সেদিনের কথামালা’য় এরকম একটা সুখী সমাজের চিত্র উপস্থাপন করেছেন।\r\nবাংলাদেশের নতুন প্রজন্ম নতুন কিছু দেখতে চায়, যা আধুনিক বিশ্ব বা উন্নত দেশের জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি।
এ রকম একটা রাষ্ট্র গড়ে তুলতে হলে একজন অভিভাবকের উপস্থিতি প্রয়োজন। তারেক রহমান উল্লেখ করেছেন, দেশে ফিরে বিভিন্ন এলাকার নবীনদের সঙ্গে আলাপচারিতায় তিনি এটা উপলব্ধি করেছেন। সাধারণ মানুষ আর পেছনের দিকে ফিরে যেতে চায় না। নতুন এবং আধুনিক উন্নত পথে হাঁটতে চায়। নতুনেরা চাইছে, এমন স্বপ্ন দেখানো নেতা বা অভিভাবক। এটা যে এটা তিনি উপলব্ধি করেছেন, সেটাই হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত। \r\nবাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী। নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা বা স্বাবলম্বী করতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আর্থিক স্বাবলম্বী না করা গেলে সামাজিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র যতই আইন প্রণয়ন করুক না কেন, নারীকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হবে। তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান নারীর কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি উল্লেখ করে সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন। \r\nবিএনপির চেয়ারম্যান উল্লেখ করেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য আছে। রাজনৈতিক কর্মী হিসেবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সব রাজনৈতিক দলের সদস্যদের কাছে সামগ্রিকভাবে সমাজের সব মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে, বিভিন্ন মতপার্থক্যগুলো যাতে আমরা আলাপ-আলোচনা করতে পারি। আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস চালু রাখতে হবে।
