প্রত্যেকটা মানুষের প্রতিদিনকার কেন্দ্রবিন্দু যেন এখন কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ফেসবুক একাউন্ট যেন বর্তমান সময়ে এসে পরিচয়পত্রের মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে বৃদ্ধ বয়সী সব মানুষের ফেসবুকে এখন একটা অ্যাকাউন্ট থাকা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনের সবকিছু শেয়ার রূপ নিয়েছেট্রেডিশনে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, এমনকি ব্যবসায়িক যোগাযোগ সবকিছুই এখন ফেসবুকের মাধ্যমে ঘটে থাকে। ছবি, মতামত, ব্যক্তিগত মুহূর্ত, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি- সবই এখন আমরা স্বেচ্ছায় তুলে দিচ্ছি এই প্ল্যাটফর্মে। কিন্তু এ স্বাচ্ছন্দ্য ও সংযোগের আড়ালেই লুকিয়ে আছে এক নীরব হুমকি। ফেসবুকভিত্তিক পরিচয় চুরি।

এটি এমন একটি অপরাধ যা আপনাকে আগাম বার্তা দেয় না। নোটিফিকেশন দেয়না যে আপনার পরিচয় চুরি করা হচ্ছে বা আপনার পরিচয় আর আপনার হাতে নেই। চলে যাচ্ছে অন্য কারো হাতে। ক্ষতিটা তখনই বুঝা যায় যখন নিজের অ্যাকাউন্টে নিজে আর ঢোকা যায় না বা আপনার ফেসবুক ফ্রেন্ডরা আপনাকে জানায় যে আপনার অ্যাকাউন্ট থেকে অদ্ভুত বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে। আপনার নাম ব্যবহার করে কেউ প্রতারণা করছে। বর্তমান সময়ে এসে তথ্য চুরির ঘটনা অহরহ ঘটছে। \r\nএসব সমস্যার কারণ অনেকগুলো হতে পারে। প্রথমত তথ্য অতিরিক্ত শেয়ার করার প্রবণতা। এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি যে আমরা একটা আইসক্রিম খেলেও এটা ফেসবুকে শেয়ার করতে আমরা পছন্দ করি।

প্রত্যেকদিন আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, আমাদের পরিবারের তথ্য, কর্মস্থল, জন্ম তারিখ এমনকি দৈনন্দিন রুটিন আমরা প্রকাশ করে থাকি ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায়।\r\nফেসবুক পরিচয় চোরদের জন্য যেন একটি স্বর্ণ খনি। কারণ ফেসবুকে ব্যবহারকারীর সব তথ্য স্বেচ্ছায় সুন্দর করে সাজানো থাকে। যেমন- নাম, জন্ম তারিখ, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, পারিবারিক সম্পর্ক, আগ্রহ, মতাদর্শ, রাজনৈতিক ঝোঁকসহ আরও অনেক কিছু, যা একটা মানুষ সম্পর্কে জানার জন্য যথেষ্ট। শুধু প্রোফাইল দেখেই একজন অপরাধী অনেক তথ্য সংগ্রহ করতে পারে। এরপর দরকার শুধু একটু কৌশল। ফেসবুকে পরিচয় চুরির কিছু কৌশল রয়েছে।

সবচেয়ে প্রচলিত কৌশল হচ্ছে- আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, কপি রাইট ভায়োলেশন, ভেরিফিকেশন দরকার- এমন বার্তা দিয়ে লিংক পাঠানো। আর সেই লিংকে ক্লিক করলেই ঘটে যায় সর্বনাশ। বেশির ভাগ ক্ষেত্রে মেয়েরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কেননা তাদের অনেকের প্রোফাইলের তথ্য, ছবি ব্যবহার করে খোলা হয় নকল আইডি। এরপর ব্যবহারকারীরর বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। পরিচিত নাম ও প্রোফাইল দেখে অনেকে বুঝতেই পারেন না যে এটা ফেক প্রোফাইল। এই ফেক প্রোফাইল ব্যবহার করে কোনো কোনো ক্ষেত্রে টাকা চাওয়া, ব্যক্তিগত তথ্য নেওয়া এমনকি সামাজিকভাবে বিব্রতকর কাজ করা হয়। ফলে প্রকৃত আইডির মালিককে পড়তে হয় বিপাকে। পরিস্থিতির শিকার ব্যক্তিকে পরিবার, সমাজের কাছে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। পরিবারের সঙ্গে তৈরি হয় দূরত্ব।

বন্ধুদের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়। তাছাড়া প্রতারণার শিকার ব্যক্তির পরিচয় ব্যবহার করে অপরাধ করা হলে তাকে আইনি ঝামেলায়ও পড়তে হয়। প্রাথমিকভাবে তাকেই ব্যাখ্যা দিতে হয় সংঘটিত অপরাধের। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে পরিচয় চুরির শিকার হওয়ার পেছনে কয়েকটি মানসিক ও আচরণগত কারণ রয়েছে। যেমন- অতিরিক্ত বিশ্বাস প্রবণতা, আমার সঙ্গে এমন হবে না এই আত্মতুষ্টি, প্রযুক্তি সম্পর্কে সীমিত জ্ঞান, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস, বিনোদন নামে অযথা অ্যাপ ব্যবহারের প্রবণতা ইত্যাদি। আর সবচেয়ে বড় কারণ হলো আমরা ফেসবুককে এখনো পুরোপুরি ব্যক্তিগত জায়গা মনে করি, যেখানে বিপদ কম। তারপরও ঘটে যায় নানা অঘটন। \r\nএর থেকে পরিত্রাণের উপায় কি? সবকিছুরই যেমন সমস্যা আছে ঠিক তেমন করেই সেই উদ্ভূত সমস্যার সমাধান ও আছে।

এসব সমস্যার সম্মুখীন হলে আমরা শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু রাখতে পারি। যেন পাসওয়ার্ড সহজে অনুমেয় না হয় এবং টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান চালু রাখলে শুধু পাসওয়ার্ড জানলেই কেউ ঢুকতে পারবে না। তাছাড়াও প্রাইভেসি সেটিং ঠিক করা যায়। কে আপনার পোস্ট দেখবে, কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কে আপনাকে খুঁজে পাবে-সবকিছু সীমিত করুন। সন্দেহভাজন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা। আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট দেখলে দ্রুত রিপোর্ট করুন এবং বন্ধুদের জানান। প্রোফাইল একসেস দেয়া অ্যাপগুলো নিয়মিত চেক করে সরিয়ে ফেলুন। প্রতিদিন লগ ইন একটিভিটি দেখুন। কোথা থেকে লগ ইন হয়েছে এই তথ্য চেক করুন। অচেনা ডিভাইস দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। \r\nডিজিটাল জগৎ আমাদের সামনে সম্ভাবনার বিশাল দিগন্ত খুলে দিয়েছে। কিন্তু সেই দিগন্তের আড়ালেই লুকিয়ে আছে পরিচয় চুরির মতো নীরব হুমকি। এটি এমন একটি অপরাধ যা শব্দ করে আসে না কিন্তু ক্ষতি করে গভীরভাবে। তবে প্রযুক্তিকে ভয় নয়, বুঝে ব্যবহারই হলো সমাধান। সচেতনতা, সতর্কতা এবং দায়িত্বশীল আচরণই পারে আমাদের ডিজিটাল পরিচয় রক্ষা করতে। ডিজিটাল যুগে নিজের পরিচয় রক্ষা মানেই নিজের অস্তিত্ব রক্ষা।\r\nলেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়