ডিসেম্বরে নয়াদিল্লিতে তাপমাত্রা কমার মুখেও উষ্ণতা বাড়িয়ে তুলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। ধারণা করা হচ্ছে, ৪-৫ ডিসেম্বর দুই দিনের এই সফর লিখে দেবে আগামী বেশ কয়েক দশকের রূপরেখা। ২০২১ সালের ঠিক এই সময়ে ৬ ডিসেম্বর তিনি ভারতে এসেছিলেন ঝটিকা সফরে। রাশিয়া নিয়ে ভারতীয়দের মধ্যে আবেগ থাকলেও তখন সফর ঘিরে উদ্বেলতা বা উত্তেজনা ছিল না। অনেক ভারতীয় দৈনিক প্রথম পাতায় অন্য ঘটনাকে বেশি প্রাধান্য দিয়েছিল। কালের স্রোতে সে সফর মিশে যায়। কয়েক মাস পরে ইউক্রেনে শুরু হয় ‘স্পেশাল অপারেশন’। পশ্চিমা দুনিয়াকে পরোয়া না করে ভারত সেই যুদ্ধে রাশিয়ার পক্ষেই থেকেছে।

এস-৪০০ নিয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দুর্দমনীয় আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্রের নানাবিধি নিষেধাজ্ঞার ভয়ে তারা পিছপা থেকেছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে অহিনকুল সম্পর্কের মধ্যে ভারত বরং রাশিয়ার কাছ থেকে সুলভ মূল্যে কিছু এস-৪০০ এবং এস-৫০০ প্রমিথিউস সংগ্রহ করতে চাইছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে ভারতের অস্ত্র আমদানিতে রাশিয়ার অংশ ছিল ৭৬ শতাংশ; যদিও হালে এসে তা কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে মূলত আমদানি বৈচিত্র্যের কারণে।

এই প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুতিনের সফর। কেননা, ২০২২ সাল থেকে চলমান ইউক্রেন যুদ্ধকালে রাশিয়াকে একঘরে করে দেওয়ার যে সর্বৈব চেষ্টা করেছে ন্যাটো তথা ইউরোপের দেশগুলো, সেটাতে ভারত কখনও সুর মেলায়নি। লেনদেন, পণ্য পরিবহনে বিশেষ প্রতিকূলতা থাকলেও রুশ-ভারত ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও কম ব্যবসা প্রায় ৬৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে ২০২৪-২৫ অর্থবছরে। এ ছাড়া দুই দেশ ২০৩০ সালের মধ্যে সেটাকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাইছে।

পুতিনের এবারের ভারত সফরে হতে চলেছে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তি। এর মধ্যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট বা ‘রেলস’ নিয়ে দুই দেশের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রেলস হলো রাশিয়া-ভারত পারস্পরিক প্রতিরক্ষা সমঝোতা; রাশিয়ার নিম্নকক্ষ ডুমা পুতিনের ভারত সফরের আগে আগেই ৩ ডিসেম্বর সেটা অনুমোদন করেছে। রেলস যৌথ কার্যক্রমের জন্য পারস্পরিক লজিস্টিকস প্রবেশাধিকার এবং আর্কটিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনী ব্যবহারের মতো কৌশলগত অর্জন বৃদ্ধি করবে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রও ‘লিময়া’ বা লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল ২০১৬ সালে।

রাশিয়ার আর্কটিক অঞ্চলে ভারত আগেই বিনিয়োগ করেছে। এ অঞ্চল ঘিরে দুটি দেশের মধ্যে নানা ক্ষেত্রে যেমন সহযোগিতা বৃদ্ধি পাবে, তেমনি প্রায় ১০ লাখ কর্মী ভারত থেকে আপাত এবং আগামীতে ৩০ লাখ কর্মী নেবে রাশিয়ার নানা সংস্থা। ভারতের কাছে দক্ষ শ্রমিক থাকলেও ভাষা বাধা ও আবহাওয়া তাদের জন্য প্রতিকূল হয়ে দাঁড়ায়। তাই রাশিয়া মূলত মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত দেশগুলো থেকেই শ্রমিক সংগ্রহকে প্রাধান্য দেয়। তাতে অবশ্য রুশ-ভারত কৃষি সহযোগিতা আটকে থাকছে না; ২০২৪ সালেও এই খাতে বাণিজ্য ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের সার আমদানির ২৭-৩৩ শতাংশও আসে রাশিয়া থেকে। দুনিয়া যখন খাদ্য সংকটে ভুগছে, খাদ্যশস্যসহ কৃষিপণ্যে সহযোগিতার চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আর কী হতে পারে?

যে কোনো দেশের পারস্পরিক সুসম্পর্কের একটা বড় নিদর্শন হলো কূটনীতি ও নাগরিক যোগাযোগের বিকেন্দ্রীকরণ। ভারত আর রাশিয়ার সম্পর্ক গত বেশ কয়েক দশক ধরেই শুধু আর দিল্লি ও মস্কোর মধ্যে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে দুই দেশেরই প্রাদেশিক অঞ্চলগুলোতে। সামরিক, বাণিজ্যিক, তেল, কৃষি বাদেও ভ্লাদিমির পুতিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হবে আগামী দিনের দুনিয়া নিয়ে। সেই দুনিয়ার রূপরেখা নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাম্প্রতিক আলোচনা এবং ইউক্রেনে শান্তি চুক্তির সম্ভাবনার প্রেক্ষাপটে পুতিনের ভারত সফর দুই দেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক আরও নানা বার্তা দিচ্ছে।

মনে আছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক পরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সময় তাঁর চেহারায় রুশ ঐতিহ্যের ভক্তি ও শক্তির যে ছাপ দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই রাশিয়া সহজে ইউক্রেন ইস্যু ছেড়ে দেবে না। পশ্চিমা দুনিয়ার সব বাধা ও নিষেধাজ্ঞা অতিক্রম করে রাশিয়া যেভাবে বাণিজ্য ও অর্থনীতি এখনও মজবুত করে রেখেছে, সেটা ভারতের মতো দক্ষিণ বিশ্বের দেশগুলোকেও নিঃসন্দেহে অনুপ্রাণিত করতে পারে। সেখানে দাঁড়িয়ে নিষেধাজ্ঞা-উত্তর ভূ-রাজনীতি পুনর্গঠনে পুতিনের ভারত সফর ‘মাল্টি পোলার’ বা বহুধ্রুবীয় শক্তি-সমীকরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।

অয়নাংশ মৈত্র: নয়াদিল্লিস্থ ভারতীয় সাংবাদিক; ফেলো, সেন্টার অব জিও ইকোনমিক্স ফর দ্য গ্লোবাল সাউথ