ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে নতুন স্বর্ণযুগের বিজয়ী হিসেবে অভিহিত করেছেন। তবে শান্তি আলোচনায় ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানে আসন্ন শুক্রবারের আলোচনায় বেশ চাঙ্গাভাবেই অংশ নিচ্ছে। তাদের কাছে এখনও উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে এবং তারা হরমুজ প্রণালীর ওপর আংশিক নিয়ন্ত্রণ দাবি করছে। সংকীর্ণ এই জলপথটি বন্ধ করে বিশ্বকে জিম্মি করার ক্ষমতা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননসহ সব জায়গার জন্য প্রযোজ্য। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুতই তা অস্বীকার করেছেন এবং উত্তর সীমান্তে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেওয়া হবে। তবে তেহরান জাহাজ চলাচলে রাজি হলেও শর্ত দিয়েছে যে, সেখানকার যাতায়াতের নিয়ন্ত্রণ ইরানি সশস্ত্র বাহিনীর হাতে থাকবে। মধ্যপ্রাচ্যের খবর বলছে, ইরানের সঙ্গে ওমান সাথে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং প্রতিটি জাহাজ থেকে দুই মিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা করছে। এর ফলে তেহরান একদিকে 'গেটকিপারের’ ক্ষমতা পেল এবং এটি তার জন্য আয়ের নতুন উৎস সৃষ্টি করেছে। তবে টোল দিলে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে কি না, তা নিয়ে জাহাজ মালিকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

পাঁচ সপ্তাহের যুদ্ধে ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংস করার মতো কঠোর হুমকি দিলেও তা তেহরানকে দমাতে পারেনি। শেষ পর্যন্ত ট্রাম্পের ১৫ দফার বদলে ইরানের দেওয়া ১০ দফার ভিত্তিতেই পাকিস্তানে আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার। এতদিন এগুলো সবই ওয়াশিংটনের রেড লাইনের মধ্যে ছিল। এখন ধারণা করা হচ্ছে, ইরান তাদের ইউরেনিয়াম মজুদকে দর কষাকষির শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ২৮ ফেব্রুয়ারির হামলার আগে তেহরান এই মজুদ ছেড়ে দিতে রাজি থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তারা আগের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীর নতুন নিয়ন্ত্রক হিসেবে ইরান এখন মার্কিন প্রশাসনের ওপর বড় ধরনের চাপ সৃষ্টির সক্ষমতা রাখে।

জুলিয়ান বোর্গার: গার্ডিয়ানের সাংবাদিক; ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক