বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সাম্প্রতিক বছরগুলোতে বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও গুণগত মান, শিখনদক্ষতা এবং শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যের দিক থেকে এখনও বড় ধরনের কাঠামোগত দুর্বলতায় ভুগছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিখন ঘাটতি, পরীক্ষানির্ভর শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষিত শিক্ষকের স্বল্পতার কারণে প্রয়োজনীয় বিশ্লেষণী ও ব্যবহারিক দক্ষতা গড়ে উঠছে না। উচ্চশিক্ষায় ভর্তির হার বাড়লেও গ্র্যাজুয়েট বেকারত্ব কমছে না, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক পাঠ্যক্রম শিল্পখাতের বাস্তব চাহিদা ও ভবিষ্যৎ দক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে “degree-rich but skill-poor” অর্থনীতির উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বব্যাংক, ILO, WHO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণে দেখা যায়, কারিকুলাম হালনাগাদের ধীরগতি, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় অপর্যাপ্ত বিনিয়োগ এবং ভোকেশনাল শিক্ষার প্রতি সামাজিক অবহেলার কারণে দক্ষ মানবসম্পদ তৈরির সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। মেডিক্যাল শিক্ষায় আধুনিক ক্লিনিক্যাল স্কিল ও প্রযুক্তি প্রশিক্ষণের অভাব এবং ভোকেশনাল শিক্ষায় কম ভর্তি হার শিল্পখাত ও স্বাস্থ্যখাতে দক্ষ জনবল সংকটকে আরও তীব্র করছে। এর ফলে উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ জনবল পেতে হিমশিম খাচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষানীতিতে কাঠামোগত সংস্কার অপরিহার্য। শিক্ষার প্রতিটি স্তরে Outcome-based curriculum বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ, কার্যকর Industry–Academia সমন্বয় কাঠামো গঠন, ভোকেশনাল শিক্ষাকে মূলধারায় আনা এবং শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণায় বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো সময়ের দাবি। দক্ষতা–কেন্দ্রিক ও ভবিষ্যতমুখী শিক্ষাব্যবস্থার মাধ্যমেই বাংলাদেশ তার বর্তমান কর্মক্ষম জনগোষ্ঠী-নির্ভর অর্থনৈতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় রূপান্তরিত করতে সক্ষম হবে।

লেখক: বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস, ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ।