সংক্রামক বা অসংক্রামক কোনো ব্যাধি নয়, দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বায়ুদূষণে। এই তথ্য আপনি বিশ^াস নাও করতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর ১ লাখ ২ হাজার ৪৫৬ জনের মৃত্যু হচ্ছে। একই কারণে প্রতি বছর নয় লাখ মায়ের অকালপ্রসব হচ্ছে এবং প্রায় সাত লাখ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে। বায়ুদূষণজনিত সমস্যা নিয়ে প্রতি বছর ৬ লাখ ৭০ হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছে। এতে সম্মিলিতভাবে বছরে ২৬৩ মিলিয়ন কর্মদিবস হারিয়ে যাচ্ছে।

বাজলো ভোটের বাদ্যি

ভোটের দামামা বেজে উঠেছে। ঘরে বা অফিসে যেখানেই থাকুন, কান না পেতেও শোনা যাচ্ছে নির্বাচনী মিছিলে মাইকে প্রচারণার বাণী। রাস্তায় বেরুলে চোখে পড়ছে ব্যানার ফেস্টুন। মোড়ে মোড়ে জটলা। কয়েকটা দিন হলো বদলে গেছে ঢাকা। মহানগরী যেন হয়ে উঠেছে নির্বাচনের রাজধানী। ভিআইপি প্রার্থীরা ঢাকা থেকে ছুটছেন জেলা শহরে। জমে উঠেছে বাগযুদ্ধ। চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এতে বছরে লাখ কোটি টাকার বেশি ব্যয় হবে। জামায়াতে ইসলামী একদিকে কর-ভ্যাট কমানো এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুতের দাম না বাড়ানো, পাঁচ লাখ শিক্ষার্থীকে বিনাসুদে ঋণ, বিনা খরচে চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এইসব প্রতিশ্রুতি পূরণের বিপুল ব্যয় কোথা থেকে আসবে– তা এখনো দলগুলো স্পষ্ট করেনি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরিতে সাধারণ ভোটাররা নড়েচড়ে বসছেন। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের কাঠামোগত দক্ষতা বাড়লে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। তবে সরকারের যে পরিমাণ অতীত ঋণ রয়েছে, তাতে এই ব্যয় মেটানো কঠিন। কারণ, নতুন সরকারকে আওয়ামী লীগ আমলে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপে পড়তে হবে। এই অবস্থাতে নতুন করে ঋণ নেওয়া কঠিন হবে। সে কারণে এসব প্রতিশ্রুতি পূরণও কঠিন হবে। আবার বিএনপি এবং জামায়াত দুই দলই পরস্পরের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছে। জামায়াত এবং তাদের জোট শরিক এনসিপি নেতারা বলছেন, ফ্যামিলি কার্ডের নামে ধোঁকা দেওয়া হচ্ছে।

চার কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে বলেন, পাঁচ বছরের মধ্যে অন্তত দুই কোটি পরিবারকে দেওয়া সম্ভব; যার মাধ্যমে কার্ডধারী নারীদের মাসে দুই থেকে আড়াই হাজার টাকা নগদ বা খাদ্যপণ্য দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের খরচ কোথা থেকে আসবে– প্রশ্নে বিএনপিপ্রধান বলেছেন, বর্তমানে সামাজিক নিরাপত্তায় ১৩৮ রকমের ভাতা রয়েছে। যাদের যে ভাতা দরকার, তা পাচ্ছে না। এই সম্পদকে এক জায়গায় নিয়ে আসব। ১৩৮টি ভাতার অনেকগুলোর প্রয়োজন নেই। একই জবাব দিচ্ছে জামায়াতও। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের গণমাধ্যমকে বলেছেন, সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই খাতের বরাদ্দে বড় অংশ দুর্নীতির কারণে অপচয় হয়।

জামায়াত তা বন্ধ করবে। এতে অনেক টাকা সাশ্রয় হবে। জামায়াত যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, তা দুর্নীতি বন্ধের মাধ্যমে সাশ্রয় করা টাকা দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলো যেসব প্রতিশ্রুতি দিচ্ছে তা আশাব্যঞ্জক। দলগুলো কর্মসংস্থান, বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জোর দিচ্ছে; যা ভালো লক্ষণ। তবে এগুলো বাস্তবায়নে জন্য সরকারের দক্ষতা প্রয়োজন। বর্তমান আমলাতন্ত্রের তা নেই। বিএনপি যে ইশতেহার প্রণয়ন করছে, তাতে দলটির ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয় থাকবে বলে জানা গেছে। নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ আট খাতে গুরুত্ব দিচ্ছে দলটি। ভোটের মাঠে খাতভিত্তিক প্রচার চালাবে।

বড় আকারের ইশতেহার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় না– এ অভিজ্ঞতার কারণে বিএনপি মূল বিষয়গুলোর সারসংক্ষেপ ইশতেহার ঘোষণার আগে ভোটের প্রচার থেকে তুলে ধরছে। যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কীভাবে কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করা যায়। ২০২৩ সালে ঘোষিত বিএনপির ৩১ দফায় অবাধ নির্বাচন, নির্দলীয় সরকারের অধীনে ভোট, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে এগুলো বিশদভাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনাও ইশতেহারে গুরুত্ব পাবে। বিএনপি নেতারা এসব তথ্য জানিয়ে বলেছেন, ‘পজিটিভ নেশন’ গড়ার ইশতেহার দেবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ইশতেহার হবে দেশের গণতান্ত্রিক সংস্কার, গণমানুষ ও অর্থনৈতিক মুক্তিকে লক্ষ্য রেখে। ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের গণমানুষের অর্থনৈতিক-গণতান্ত্রিক মুক্তি, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ও সংসদীয় ব্যবস্থার আমূল বৈপ্লবিক সংস্কার হবে। গণতন্ত্র শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষাকবজ হিসেবে কাজ করবে।

বিএনপি নেতারা বলছেন, আট খাতে প্রতিশ্রুতি ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলবে। কারণ, বিএনপি কার্ডের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা কখনও দেখা যায়নি। এগুলো যদি বাংলাদেশে প্রবর্তন করা যায় এবং তা যদি সামাজিক খাতে এক ধরনের অগ্রগতি অর্জন হয়, তাহলে সামাজিক ক্ষেত্রে এক বিরাট সুযোগ তৈরি করবে। অন্যদিকে সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থাসহ ছয়টি ভাগে ৩১ দফা নীতি ঘোষণা করেছে জামায়াত। খাতওয়ারি বিস্তারিত থাকবে জামায়াতের ইশতেহারে। যা নির্বাচনের আগে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাচন পরিচালন কমিটির সদস্য সচিব আবদুল হালিম। তিনি বলেন, এবারের নির্বাচনে জামায়াতের প্রধান প্রতিশ্রুতি ক্ষমতায় যেতে পারলে দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করা।

জামায়াত কর ও ভ্যাট কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন সম্ভব কিনা– প্রশ্নে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, উচ্চ করহারের কারণেই মানুষ কর দিতে অনীহা বোধ করেন। এ ছাড়াও ব্যাপক ও কাঠামোগত দুর্নীতি রয়েছে। জামায়াত ক্ষমতায় যেতে পারলে তা বন্ধ করা হবে। ফলে করহার কমলেও রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। ফলে জামায়াত যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে। জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল, পাঁচ বছরের কমবয়সী ও ৬০ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা, গর্ভধারণ থেকে সন্তানের দুই বছর বয়স পর্যন্ত নারীদের বিনামূল্যে পুষ্টিকর খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত।

ব্যয় কীভাবে আসবে– এর জবাবে শুক্রবার দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের ২৮ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে চুরি করে, ওগুলো ওদের পেট থেকে বের করে আনব। আর আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না।’ এনসিপির ‘গিগ ইকোনমি’ খাতে ৫০ লাখ তরুণের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। শ্রমজীবীদের মৌসুমি বেকারত্ব রোধে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তায় ‘জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি’ আইন প্রণয়নের ওয়াদা থাকবে তরুণদের দলটির ইশতেহারে।

কারিগরি শিক্ষার বিস্তৃতি ঘটিয়ে দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি, প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি, তরুণদের জন্য ছয় মাসের ফ্রিল্যান্সিং বুটক্যাম্প ও ২০ হাজার টাকার ডিভাইস ভাউচারের মাধ্যমে পাঁচ বছরে ‘ডিজিটাল ফ্রিল্যান্সিং’ ও ‘গিগ ইকোনমি’ খাতে ৫০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান, বিনামূল্যে ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ বছরে অন্তত ২০ লাখ তরুণ-তরুণীকে জাপান, কোরিয়াসহ অন্যান্য বয়স্ক জনসংখ্যাবিশিষ্ট ও শ্রমঘাটতিগ্রস্ত দেশে দক্ষ অভিবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছে এনসিপি। ‘ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ‘তিন দিনে জাহাজীকরণ’ সক্ষমতা অর্জন, রপ্তানি অর্ডারভিত্তিক ‘বিনা শুল্কে কাঁচামাল’ সুবিধা এবং ‘ওয়ানস্টপ সার্ভিস’– এই তিনটি স্তম্ভের ওপর ভর করে বার্ষিক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি থাকবে এনসিপির ইশতেহারে। উল্লেখ্য, বিএনপি সরকার গঠন করলে যখন চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এক নির্বাচনী জনসভায় বলেছেন, ‘ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারা সবাই ভাইবোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা দিয়ে আগামী দিনে বেকার এবং দায়-দয়ামুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই।’ তারেক রহমান

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণÑ এই দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, এই দুটি ক্ষেত্র ঠিকভাবে সামাল দিতে পারলে দেশের অনেক সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে। বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল–মেকিং প্রতিযোগিতার বিজয়ী ১০ জন তরুণ-তরুণীর সঙ্গে একান্ত আলাপে নিজের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেন তারেক রহমান। এ আলোচনায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ছিলেন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এ অনুষ্ঠান হয়।

শফিকুর রহমান

যুবকদের বেতার ভাতা দেব না, দক্ষ হিসেবে গড়ে তুলব। এ কথা জামায়াতের আমির শফিকুর রহমানের। শনিবার গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর হোসেন

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, তাঁর নাম ভাঙিয়ে অনেকে অন্যায়ভাবে সুবিধা চাইতে পারে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন হতে হবে, প্রতিরোধ গড়তে হবে। অন্যায় কাজে যদি তাঁর আপন ভাইও যান, তাকেও বেঁধে রাখতে হবে। শনিবার সকালে নির্বাচনী প্রচার শুরুর আগে উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

মঈনুল আহসান সাবের

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের ফেসবুক পোস্টে বলেন: মন্ত্রীদের জন্য ৭২টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনটি ভবনে এই ফ্ল্যাটগুলো নির্মিত হবে। একেকটির আয়তন হবে ৮৫০০ থেকে ৯০৩০ বর্গফুট। এই মহতি উদ্যোগের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৮৬ কোটি টাকা। শেষ মুহূর্তের এই সংস্কারটিই আমার কাছে সেরা সংস্কার মনে হয়েছে। ২৬ জানুয়ারি ২০২৬ marufraihan71@gmail.com