গত এক মাসে তিনটি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন তাদের ছাত্রছাত্রী দ্বারা। সর্বশেষ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে একজন শিক্ষককে জোর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে ৯ ঘণ্টা আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-চাকসুর তিন নেতা এবং তাদের সহযোগীরা। তাঁকে হেনস্তার ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেখা যায়, সেই শিক্ষক চিৎকার করে বাঁচার পথ খুঁজছেন। আরেকটি ভিডিওতে দেখা গেল, ভুক্তভোগী শিক্ষককে নিয়ে আরেক শিক্ষক লিফটে উঠছেন; হয়তো নিরাপদ স্থানে নেওয়ার জন্য; আর একজন ছাত্রী তাঁকে আঘাত করার চেষ্টা করছেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষক গ্রুপ থেকে সাধারণ শিক্ষকদের ভোটে নির্বাচিত ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন; ডিনদের উদ্দেশে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি তিনি নিজেই ছয়জন ডিনের পদত্যাগপত্র লিখে ওই ডিনদের ফোন করে পদত্যাগপত্রে সই করতে বলেন। তাদের পদত্যাগের দাবিতে সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে উপাচার্যসহ প্রশাসনের সব কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এমন চরম অমর্যাদাকর ও ভয়ংকর পরিস্থিতিতে শেষমেশ ওই ছয় ডিন উপাচার্যের সঙ্গে বৈঠকে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন।
গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে গিয়ে পাঁচজন আওয়ামী লীগ সমর্থক শিক্ষককে হেনস্তা করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ-সংক্রান্ত একাধিক ভিডিও আমরা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের রুমে গিয়ে তাঁকে হুমকি-ধমকি দিয়ে কথা বলার ভিডিও আমরা দেখেছি।
এসব ঘটনার কোনোটিই বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই স্বাভাবিক বলে মনে হয়। বিস্ময়কর হলো, এই বিষয়গুলোর বেশির ভাগই ঘটছে ‘সাধারণ শিক্ষার্থী’র নামে। অথচ সাধারণ শিক্ষার্থীদের এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। গত ১৩ জানুয়ারি সমকাল জানিয়েছে, ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে সেখানে যারা এসব ঘটনা ঘটিয়েছেন, তাদের অনেকে ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত। কেউ কেউ ছাত্রশিবির নিয়ন্ত্রিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আগে থেকেই। আর ঢাবি, রাবির ঘটনাগুলোর সঙ্গে জড়িত বেশির ভাগেরই রাজনৈতিক পরিচয় ছাত্রশিবির। কৌতূহলের বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দূরের কথা, সরকারও এসব নিয়ে কোনো রা করছে না। বর্তমান শিক্ষা উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনিও নীরবে এসব ঘটতে দিচ্ছেন। অভিযোগ আছে, সরকারি শিক্ষা প্রশাসনের সঙ্গে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো ছাত্রশিবিরের মুরব্বি দল জামায়াতে ইসলামীর সমর্থকদের দখলে। এটিই যেন ভিত্তি পাচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার বলে পরিচিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়ের পরিবেশ সৃষ্টিকারী এসব অপ্রতিরোধ্য ঘটনায়।
কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা চললেই সেখানে শিক্ষার পরিবেশ আছে– নিশ্চিত করে বলা যায় না। প্রয়োজন ভয়মুক্ত পরিবেশ, যেখানে শিক্ষক তো বটেই, কোনো শিক্ষার্থী তার মতপ্রকাশের জন্য কারও দ্বারা হেনস্তার শিকার হবে না। বিশ্ববিদ্যালয়ে এভাবেই নতুন চিন্তা ও জ্ঞানের উন্মেষ ঘটে। কিন্তু সে পরিবেশ কি এখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মুছে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। সেখানে প্রতিষ্ঠার সাড়ে তিন দশক পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে দেওয়া হলো, যিনি এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। অথচ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সঙ্গে এ হলটির প্রতিষ্ঠা হয় সামরিক শাসক এরশাদের শাসনামলে, যখন আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে ওই শাসন উচ্ছেদের আন্দোলন করছিল। স্বৈরশাসক হয়েও এরশাদ আমাদের ইতিহাস এবং রাজনীতির দুই প্রধান নেতার প্রতি যে সম্মান দেখিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার শপথবদ্ধ অন্তর্বর্তী সরকার তা পারল না। রাজনৈতিক বিরোধিতা মানেই তো ইতিহাস কাটাছেঁড়া করা নয়।
এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও আবাসিক ভবন থেকে বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও সত্যেন্দ্রনাথ বসুর নাম বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয় কবি জীবনানন্দ দাশ, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. সুখরঞ্জন সমাদ্দার, ড. গোবিন্দ চন্দ্র দেব এবং এস এম এ রাশিদুল হাসানের নাম। বঙ্গবন্ধু না হয় আওয়ামী লীগের আত্মা। এই নিরেট শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভের কারণ কী? আসলে ক্ষোভের বিষয় যতটা আওয়ামী লীগ, তার চেয়েও বেশি মুক্তিযুদ্ধ এবং বাঙালির ধর্মনিরপেক্ষ ঐতিহ্য।
গত বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি অবান্তর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। সুতরাং তিনি কীভাবে সেই বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ঢাকা ও অন্য বিশ্ববিদ্যালয় যারা চালাচ্ছেন, তারাও কি একই মানসিকতার নন? তা না হলে বিশ্ববিদ্যালয়ে যারা একে ধরো, ওকে মারো, অমুককে পদত্যাগ করাও-এর মতো আইনবিরোধী ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সব কটি প্রতিষ্ঠানের প্রশাসন ইনিয়ে-বিনিয়ে শিক্ষার্থীদের ‘চাপ’-এর কথা বলছে। এই চাপ কারা দিচ্ছেন? এরা কোন শিক্ষার্থী? প্রশাসনকে সেটিও খোলাসা করে বলতে হবে। ‘চাপ’ বলে বলে যেসব অন্যায় তারা করছেন বা অন্যায়ে সায় দিচ্ছেন, তাতে এই দুর্গন্ধের দায় কি তারা এড়াতে পারবেন?
বিশ্ববিদ্যালয়ে ও দেশে মুক্ত পরিবেশ প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসে যারা বিশ্ববিদ্যালয়েরই গলা টিপে ধরছেন, তারা কিন্তু নিষ্কৃতি পাবেন না। বেশি দূর যাওয়ার দরকার নেই; ২০২৪ সালই তো তার প্রমাণ।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় zobaidanasreen@gmail.com
