২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, অর্থাৎ ৫০.৫%। দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন, যার মধ্যে ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী এবং ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন পুরুষ (প্রথম আলো, ২৭ জুলাই ২০২২)। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) বলছে, বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম বয়সে রয়েছেন। কিন্তু শিশুদের সংখ্যা কমছে, প্রবীণ মানুষ বাড়ছে (প্রথম আলো, ১১ জুলাই ২০২৫)। বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অর্ধেকই নারী। প্রবীণ জনসংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় কর্মক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করা সম্ভব নয়। উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে নারীশক্তিকে কাজে লাগানো কেবল সমতার প্রশ্ন নয়, এটি এখন সময়ের দাবি।

অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে আবদ্ধ রেখে কোনো দেশ অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে না—এ কথা বহুবার প্রমাণিত। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এখনও কঠিন। এখানকার অধিকাংশ নারীকে একসঙ্গে কর্মক্ষেত্র ও সংসারের দায়িত্ব সামলাতে হয়। ফলে তারা প্রায়ই এমন এক দোটানায় পড়েন, যেখানে সিদ্ধান্ত নিতে হয়—কর্মক্ষেত্র নাকি সংসার। এর প্রভাব স্পষ্টভাবে দেখা যায় পরিসংখ্যানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মোট কর্মক্ষম পুরুষের ৮০ শতাংশ কোনো না কোনোভাবে কর্মে নিয়োজিত, অথচ কর্মক্ষম নারীর মাত্র ৪৩ শতাংশ কর্মজীবী। অর্থাৎ দেশের অর্ধেক জনগোষ্ঠীর শ্রমশক্তি এখনও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। এই পরিস্থিতি বদলাতে হলে নারী-বান্ধব কর্মপরিবেশ, সহায়ক নীতি ও সামাজিক মনোভাবের পরিবর্তন— একসঙ্গে জরুরি।

সম্প্রতি দেশের দুই প্রধান রাজনৈতিক দল তাদের ইশতেহারে কর্মজীবী মায়েদের জন্য তাদের পরিকল্পনা তুলে ধরেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, তার দল ক্ষমতায় এলে নারীদের জন্য মাতৃত্বকালীন সময়ে সন্তানের বয়স আড়াই বছর হওয়া পর্যন্ত অফিসের দৈনিক কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করা হবে। অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বলেছেন৷ বিএনপি ক্ষমতায় এলে কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন করবে—যা নারী কর্মীদের জন্য একটি বাস্তবসম্মত সহায়তা হিসেবে দেখা হচ্ছে। দুটো রাজনৈতিক দলের প্রস্তাবই নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ—তারা কর্মজীবী মায়েদের বাস্তব সমস্যাকে নীতিনির্ধারণের আলোচনায় এনেছে, এটা ইতিবাচক দিক। তবে প্রস্তাবগুলো পরিপূর্ণ নয় বরং উভয় দলের প্রস্তাবের কার্যকর দিকগুলো একত্র করলে কর্মজীবী মায়েদের জন্য আরও বাস্তবসম্মত ও টেকসই নীতি প্রণয়ন করা সম্ভব—যা হবে নারীর অংশগ্রহণ ও পরিবারবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের একটি সমন্বিত মডেল।

অন্যান্য দেশের অভিজ্ঞতা : কর্মজীবী নারীদের জন্য রাষ্ট্র ও প্রতিষ্ঠানের উদ্যোগ

পৃথিবীর বিভিন্ন দেশে নারীদের সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় কর্মক্ষেত্র নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আর্জেন্টিনায় শ্রমচুক্তি আইন (Labour Contract Law) অনুযায়ী, নির্দিষ্ট আকারের প্রতিটি কর্মস্থলে কর্মরত নারীদের সন্তানদের জন্য নার্সারি বা ডে কেয়ার সেন্টার স্থাপন বাধ্যতামূলক। অর্থাৎ, মায়ের কর্মস্থলের মধ্যেই শিশুর যত্ন ও নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয়।

আর্জেন্টিনায় এই আইনের বাস্তবায়নে দীর্ঘদিন গড়িমসি চলেছে। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে—রাষ্ট্রকে অবিলম্বে এসব বিধান কার্যকর করতে হবে, যাতে কর্মজীবী নারীরা আইন অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধা পান। এর পাশাপাশি, আর্জেন্টিনার শ্রম আইন স্তন্যদানকারী মায়েদের প্রতিদিন অতিরিক্ত ৩০ মিনিট করে দুইবার, অর্থাৎ মোট এক ঘণ্টা পর্যন্ত বিরতির সুযোগ দিয়েছে—যা কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন সময়ে সহায়তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জার্মানির Maternity Protection Act (MuSchG) কর্মজীবী মায়েদের জন্য একটি পূর্ণাঙ্গ সুরক্ষা কাঠামো প্রদান করেছে। এই আইনের অধীনে স্তন্যদানকালীন সময়ে মায়েরা প্রতিদিন দুইবার ৪৫ মিনিট বা একবার ৯০ মিনিট পর্যন্ত বিশেষ বিরতি নিতে পারেন—এবং এই বিরতি তাদের বেতনের উপর কোনো প্রভাব ফেলে না।

এই আইন শুধু মানবিক নয়, বরং বাস্তবমুখীও। কারণ, মা যখন সন্তানের যত্ন নেওয়ার পর্যাপ্ত সময় পান, তখন তার মানসিক প্রশান্তি ও কাজের প্রতি মনোযোগ উভয়ই বৃদ্ধি পায়। ফলে এর ইতিবাচক প্রভাব পড়ে কর্মদক্ষতায়, যা শেষ পর্যন্ত কর্মক্ষেত্রের সামগ্রিক উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে।

সৌদি আরবের শ্রম আইন কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে। আইনে বলা হয়েছে, কোনো নারী যদি স্তন্যদানকালীন সময়ে থাকেন, তবে তিনি প্রতিদিন এক ঘণ্টার অতিরিক্ত বিরতির অধিকারী হবেন। চাইলে তিনি কাজের শুরুতে কিংবা শেষে বা মাঝখানে এসব বিরতি নিতে পারবেন।

আফ্রিকার ইথিওপিয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সহযোগিতায় কিছু গার্মেন্টস কারখানায় কর্মস্থলের মধ্যেই ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর ফলে নারী শ্রমিকেরা সকালে সন্তানকে সেন্টারে রেখে নিশ্চিন্তে কাজ শুরু করতে পারেন এবং বিরতির সময়ে গিয়ে সন্তানের খোঁজ নিতে বা সময় কাটাতে পারেন। নরওয়েতে “ব্রেক ফর ব্রেস্টফিডিং” নামে একটি মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় কর্মরত মায়েরা দিনে এক ঘণ্টা, কিছু ক্ষেত্রে দুই ঘণ্টা পর্যন্ত সন্তানের স্তন্যদানের জন্য কর্মঘণ্টা থেকে বিরতি নেওয়ার অধিকার ভোগ করেন।

বাংলাদেশে নারী কর্মীদের মাতৃত্বকালীন সুরক্ষার কিছু আইনি কাঠামো ইতোমধ্যেই আছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী, কোনো নারী কর্মী অন্তত আট সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাবেন এবং এই সময়ে পূর্ণ বেতন প্রাপ্য হবেন। আবার, যেখানে ৪০ জনের বেশি নারী শ্রমিক কাজ করেন, সেখানে ডে কেয়ার সেন্টার স্থাপনের বাধ্যবাধকতাও রয়েছে।

তবে কাগজে-কলমে থাকা এই আইন বাস্তবে খুব সীমিত জায়গায় কার্যকর হয়েছে। সচিবালয়, কিছু সরকারি অফিস, বিশ্ববিদ্যালয় ও কয়েকটি গার্মেন্টস কারখানায় ডে কেয়ার সেন্টার থাকলেও, সেগুলোর সংখ্যা অপ্রতুল এবং রক্ষণাবেক্ষণও দুর্বল। অধিকাংশ নারী কর্মস্থলে এখনো সন্তানকে সঙ্গে নেওয়ার বা স্তন্য পান করানোর মতো মানবিক পরিবেশ পান না।

আরও বড় ঘাটতি হলো—ল্যাক্টেশন পিরিয়ডে কর্মঘণ্টা কমানো বা বিশেষ বিরতি দেওয়ার কোনো স্পষ্ট বিধান বাংলাদেশে নেই। অর্থাৎ, একজন মা কর্মস্থলে ফিরলেও তিনি স্তন্যদানের জন্য আলাদা সময় বা জায়গা পান না। ফলে মাতৃত্বকালীন ছুটি শেষ হতেই মায়েদের জন্য শুরু হয় এক নতুন মানসিক ও শারীরিক চাপে ভরা সময়।

এই বাস্তবতায় বিএনপির “ডে কেয়ার সেন্টার স্থাপনের” প্রস্তাব এবং জামায়াতের “ মায়েদের জন্য কর্মঘন্টা কমিয়ে আনার৷” ধারণা—দুটিই ভালো প্রস্তাব, কিন্তু আলাদা করে কোনোটিই পূর্ণাঙ্গ সমাধান নয়। একদিকে ডে কেয়ার থাকলেও মা যদি শিশুকে সময় দিতে না পারেন, তবে মানসিক চাপ থেকেই যায়। অন্যদিকে কম সময় অফিস করলেও যদি শিশুর জন্য নিরাপদ পরিবেশ না থাকে, তাতেও সমস্যার সমাধান হয় না। অন্যদিকে নারীদের জন্য সারাবছর কম কর্মঘন্টা নারীদের কর্মক্ষেত্রে প্রবেশে বাধা হয়ে দাড়াতে পারে।

এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন একটি সমন্বিত নীতিমালা— যেখানে থাকবে দুইটি পরিপূরক ধাপ:

১️। প্রত্যেক বড় কর্মস্থলে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা, শুধু কারখানায় নয়, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও করপোরেট সেক্টরেও ডে কেয়ার প্রতিষ্ঠা করতে হবে। ২️।ল্যাক্টেশন পিরিয়ডে মায়েদের জন্য এক্সট্রা ব্রেক আওয়ার বা কম কর্মঘণ্টা নির্ধারণ, যাতে তারা দিনে অন্তত এক-দুইবার শিশুর সঙ্গে সময় কাটাতে পারেন।

আজকের বাংলাদেশে নারীরা শুধু পরিবারের নয়, রাষ্ট্রেরও অর্থনৈতিক ভিত্তি হয়ে উঠেছেন। অথচ অনেক কর্মস্থলে সন্তান লালনের কোনো ব্যবস্থা নেই—ফলে বহু দক্ষ নারী মাতৃত্বের পর কর্মজীবন ছেড়ে দিতে বাধ্য হন। বড় অফিস, ব্যাংক ও করপোরেট সেক্টরে ডে কেয়ার সেন্টার থাকলে মায়েরা নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে পারবেন, শিশুরাও পাবে নিরাপদ ও সুন্দর পরিবেশ। কর্মক্ষেত্রের কাছেই সন্তানকে রেখে কাজ করার মানসিক স্বস্তি উৎপাদনশীলতা বাড়াবে, অনুপস্থিতি ও কর্মী ঘুর্ণন কমাবে। পাশাপাশি এটি নারী কর্মীদের প্রতি নিয়োগকর্তাদের আস্থা ও সহমর্মিতা বাড়াবে। উন্নত বিশ্বে এটি একটি মৌলিক শ্রম-অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশেও সেটি সময়ের দাবি।

সন্তান জন্মের পর প্রথম ছয় মাস মা ও শিশুর সবচেয়ে বেশি সংস্পর্শ প্রয়োজন—এ সময়টি শুধু স্তন্যপানের জন্য নয়, মানসিক সংযোগ গঠনেরও। কিন্তু পূর্ণ কর্মঘণ্টায় কাজ করতে হলে মা প্রায়ই সেই সম্পর্ক বজায় রাখতে পারেন না। প্রতিদিন এক-দুই ঘণ্টা অতিরিক্ত বিরতি বা কম কর্মঘণ্টা দিলে মায়েরা ডে কেয়ার সেন্টারে গিয়ে শিশুকে সময় দিতে পারবেন, যা শিশুর মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। এতে মা ও শিশুর উভয়ের স্বাস্থ্যঝুঁকি কমবে, কাজের প্রতি নারীদের অনীহাও হ্রাস পাবে। যুক্তরাষ্ট্র ও নরওয়ের মতো দেশে এ ব্যবস্থা কার্যকরভাবে চলছে—বাংলাদেশেও এটি প্রবর্তন করা গেলে মাতৃত্ব আর কর্মজীবনের মধ্যে যে টানাপোড়েন, তা অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্র তখন শুধু উৎপাদনের জায়গা নয়, মানবিক সহাবস্থানের জায়গা হয়ে উঠবে।

এমন সমন্বিত কাঠামোই হতে পারে একটি মানবিক কর্মপরিবেশের ভিত্তি, যেখানে মাতৃত্বকে কর্মজীবনের জন্য বাধা নয়, বরং জীবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখা হবে। বাংলাদেশে নারী শিক্ষার হার, কর্মসংস্থান ও অর্থনৈতিক অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। এখন দরকার এমন একটি “মা-বান্ধব” কর্মসংস্কৃতি, যা নারী শ্রমবাজারের অংশগ্রহণকে টেকসই করবে। এটি শুধু নারী অধিকারের প্রশ্ন নয়; বরং এটি অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদনশীলতা এবং সামাজিক ন্যায়ের প্রশ্নও।

এই সমন্বিত নীতিমালা বাস্তবায়িত হলে এর প্রভাব শুধু নারী কর্মীদের জীবনে নয়, পুরো অর্থনীতিতেই পড়বে। কর্মজীবী মায়েরা নিশ্চিন্তে সন্তান লালন ও পেশা—দুটোই সামলাতে পারবেন, ফলে নারী কর্মসংস্থানের হার ও কর্মস্থলে তাদের স্থায়িত্ব বাড়বে। শিশুরা পাবে নিরাপদ যত্ন ও মানসিক সান্ত্বনা, যা ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোও দক্ষ ও অভিজ্ঞ নারী কর্মী ধরে রাখতে পারবে, উৎপাদনশীলতা বাড়বে। দীর্ঘ মেয়াদে এটি কর্মস্থলে মানবিকতা ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবে—যা টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।