অভিবাসন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখার পরও অভিবাসীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন। আন্তর্জাতিক অভিবাসীরা উচ্চ অভিবাসন ব্যয়, প্রতারণা, শ্রম শোষণ, মানব পাচার ও পুনর্বাসন সংকটে ভুগছেন। অভ্যন্তরীণ অভিবাসীরা আবাসন সংকট, অনিশ্চিত কর্মসংস্থান, সামাজিক সুরক্ষার অভাব এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। জলবায়ু ও প্রযুক্তিগত পরিবর্তন এসব সংকটকে আরো জটিল করছে। এ বহুমাত্রিক প্রতিকূলতা মোকাবেলায় বিচ্ছিন্ন ও স্বল্পমেয়াদি উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন একটি সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও দীর্ঘমেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা। এ লক্ষ্যে গত অক্টোবরে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার দাবি তোলা হয়।
প্রযুক্তিগত ও জলবায়ু পরিবর্তনের মতো দুটি বড় শক্তি মানুষের জীবিকা ও চলাচলের ধরনকে দ্রুত বদলে দিচ্ছে। দেশে ও বিদেশে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রমবাজারের ধরনে রূপান্তর ঘটাচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনও মানুষ কোথায় ও কীভাবে জীবিকা অর্জন করবে, তা পরিবর্তন করছে। এর প্রভাব এরই মধ্যে স্পষ্ট। ২০২১ সালের গ্রাউন্ডসওয়েল রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে নেতিবাচক পরিস্থিতিতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৯৯ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো বাংলাদেশের আনুষ্ঠানিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ। ২০০৩ সালের আগে আন্তর্জাতিক শ্রম অভিবাসনে নারীদের অংশ ছিল ১ শতাংশেরও কম। ২০১৬ সালে তা বেড়ে ১৬ শতাংশে পৌঁছায়। কিন্তু এরপর তা কমে বর্তমানে প্রায় ৫ শতাংশে নেমে এসেছে। তৈরি পোশাক শিল্পেও নারী শ্রমিকের অংশ প্রায় ৯০ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশের নিচে নেমে এসেছে।
শ্রম অভিবাসন দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় উৎসগুলোর একটি। অথচ এ খাতের গুরুত্বের তুলনায় সরকারি বিনিয়োগ এখনো খুবই কম। গত এক দশকে এ খাতে বার্ষিক বাজেটের গড়ে মাত্র দশমিক শূন্য ৮ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অভিবাসনকে মূলত রেমিট্যান্সের দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। কিন্তু আগামী দশকে আমাদের সমান গুরুত্ব দিতে হবে অভিবাসীদের দক্ষতা, অধিকার, কল্যাণ এবং জাতীয় উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদি অবদানকে। একটি অভিবাসন দশক ঘোষণা করলে রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও এ জাতীয় অঙ্গীকারকে ধারাবাহিকভাবে এগিয়ে নেয়ার একটি কাঠামো তৈরি হবে।
বাংলাদেশের উন্নয়নের অন্যতম পথ হিসেবে অভিবাসনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারের বিএনপি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ থেকে শুরু করে ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ২০০৩ সালে নারীদের শ্রম অভিবাসনের ওপর বিধিনিষেধ তুলে নেয়া এবং ২০০৬ সালে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে জাতীয় নীতি প্রণয়ন—পরপর বিভিন্ন সংস্কারের মাধ্যমে বিদেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ হয়েছে। এ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর কিছু ক্ষেত্রে রামরুর গবেষণা ও নীতিগত প্রস্তাব ভূমিকা রাখতে পেরেছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরও একই ধরনের দূরদর্শী উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশের অভিবাসন ও উন্নয়নের যাত্রায় একটি নতুন অধ্যায় তৈরি করার সুযোগ এখন সরকারের সামনে রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান, একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার। এ উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক, উভয় ধরনের অভিবাসীদের জন্য একটি জাতীয় অঙ্গীকার তৈরি হবে। এ অঙ্গীকার চারটি প্রধান অগ্রাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে।
এক. অভিবাসীদের মর্যাদা ও অধিকার সুরক্ষা
অভিবাসন ব্যয় ও প্রতারণা কমাতে সরকারি ও বেসরকারি খাতের কিছু অংশের যোগসাজশ বন্ধ করতে হবে। নারীদের জন্য নিরাপদ ও আনুষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের অংশগ্রহণের পথে থাকা বাধাগুলো দূর করতে হবে। একই সঙ্গে শোষণ ও মানব পাচার থেকে তাদের সুরক্ষা আরো শক্তিশালী করা প্রয়োজন। বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত হওয়ার জন্য সহায়তা করতে হবে এবং তাদের পরিবারগুলোর ওপর যে সামাজিক চাপ তৈরি হয়, তা কমাতে হবে।
একটি জাতীয় অভ্যন্তরীণ অভিবাসন নীতি প্রণয়ন করতে হবে, যাতে বাস্তুচ্যুত মানুষ অন্য যেকোনো নাগরিকের মতো সমান অধিকার পায়। শহরগুলোতে কম ভাড়ার বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে অভিবাসীরা মধ্যবিত্ত পরিবারের তুলনায় প্রতি বর্গফুটে বেশি ভাড়া দেন। জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুতদের অপরাধী অথবা শহরের সেবা ব্যবস্থার ওপর বোঝা হিসেবে দেখানোর প্রবণতার বিরুদ্ধে শহরে তাদের অবদানগুলো তুলে ধরতে হবে।
যেহেতু গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বাধ্যতামূলক নয়, তাই শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করতে অভিবাসী-উৎস দেশগুলোর সঙ্গে অভিন্ন অবস্থান তৈরি করতে হবে।
দুই. জলবায়ু ও প্রযুক্তিগত পরিবর্তনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা
ধীরগতিসম্পন্ন ও আকস্মিক, উভয় ধরনের জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের বিষয়ে নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করতে হবে। দুটি বড় মহানগরের ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র এবং মাধ্যমিক শহরগুলোকে শক্তিশালী করতে হবে। সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এবং মাধ্যমিক শহরগুলোতে শিল্প স্থাপনে বেসরকারি খাতকে উৎসাহ ও প্রণোদনা দিতে হবে।
বৈশ্বিক বাজারে বাংলাদেশ যে সুবিধাজনক ও কম শুল্কের বাজার সুবিধা পেয়ে আসছে, তা কমে গেলে তৈরি পোশাক ও উৎপাদন খাতের কর্মসংস্থানে কী প্রভাব পড়তে পারে, তার জন্য পরিকল্পনা করতে হবে। গ্রিন ক্লাইমেট ফান্ড, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিল এবং সবুজ অর্থনীতিতে রূপান্তরের তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হবে। একই সঙ্গে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ অভিবাসীদের উৎস এলাকা ও শহর—উভয় জায়গায় তাদের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে হবে।
তিন. শ্রমিকদের উচ্চ মূল্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
ভবিষ্যতের বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ভাষাগত দক্ষতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্যতা ও গন্তব্য দেশের নিয়োগদাতাদের সঙ্গে অংশীদারত্বের সুযোগ তৈরি করতে হবে। সিলভার ইকোনমি, পরিচর্যা ও স্বাস্থ্যসেবার মতো নতুন ও সম্ভাবনাময় খাতের জন্য কর্মীদের প্রস্তুত করতে হবে।
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের অভিবাসীদের বাজারমুখী দক্ষতা অর্জন এবং বাংলাদেশ ও বিদেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে এসব সুযোগে প্রবেশ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। বিদেশফেরত অভিবাসীরা যে দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন, সেগুলোর স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করতে হবে এবং জাতীয় উন্নয়নে তাদের কাজে লাগাতে হবে।
চার. জাতীয় উন্নয়নে অভিবাসনের অবদানকে কাজে লাগানো
আর্থিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অভিবাসীদের মাঝে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। তাদের সঞ্চয় ও বিনিয়োগের জন্য বিশ্বাসযোগ্য ও নিরাপদ সুযোগ তৈরি করতে হবে। গবেষণা সহযোগিতা, পরামর্শ প্রদান, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং সাময়িক বা স্থায়ীভাবে দেশে ফিরে এসে কাজ করার সুযোগ সৃষ্টির মাধ্যমে মেধার আদান-প্রদান ও মেধার পুনঃপ্রবাহের সুযোগ তৈরি করতে হবে।
অভিবাসন খাতের অবদানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ খাতে সরকারি বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন কমে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য সরকার, বেসরকারি খাত ও অভিবাসীদের নিজেদেরও স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এ ঘোষণা বাস্তবায়নের জন্য সরকার পরিকল্পনা কমিশনকে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন নিয়ে একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ কাঠামো প্রণয়নের দায়িত্ব দিতে পারে। যার মাধ্যমে অভিবাসী ও বাংলাদেশ উভয়ই উপকৃত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের এ কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে পারবে। আরো প্রয়োজন অভিবাসী, বিদেশফেরত কর্মী, প্রবাসী বাংলাদেশী, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণের সুযোগ।
অর্থনৈতিক ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপই নির্ধারণ করবে অভিবাসন মানুষের সুযোগ ও সক্ষমতা বাড়াবে, নাকি তাদের অনিশ্চয়তা আরো গভীর করবে। তাই একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার মাধ্যমে অভিবাসীদের মর্যাদা, সক্ষমতা, সুযোগ এবং দেশের সামগ্রিক অগ্রগতির প্রতি একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক জাতীয় অঙ্গীকার নিশ্চিত করা সম্ভব হবে।
অধ্যাপক তাসনিম সিদ্দিকী : নির্বাহী পরিচালক, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)
