নেপালের নির্বাচন আসন্ন। সেখানে পুরোনো রাজনৈতিক দলগুলো সেপ্টেম্বরের আন্দোলনে ব্যাপক জেন-জি বিক্ষোভের মুখোমুখি হয়েছিল। মৌলিক সেবা প্রদানের প্রতিশ্রুতি পূরণ না করার কারণে এখনও তাদের বিরুদ্ধে নেতিবাচক জোয়ার সৃষ্টির আশঙ্কা আছে। তা ছাড়া তারা নাগরিকদের আত্মমর্যাদার স্বীকৃতি দেওয়া, নাগরিক অধিকার নিশ্চিত করা, বিশেষত প্রান্তিক মানুষদের জন্য সমান সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনী গণতন্ত্রের সূচনার পর থেকে নেপালের ভোটাররা প্রতিবারই অপমানিত হয়েছে। তাদের স্বপ্ন ভেঙে গেছে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি কখনও পূরণ হয় না। কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে সাধারণ মানুষের নেতৃত্বে ইতোমধ্যে একাধিক বিপ্লব ঘটেছে। কিন্তু নাগরিকরা এখনও রাজনৈতিক দলগুলো দ্বারা প্রতারিত এবং রাষ্ট্রযন্ত্র থেকে বিতাড়িত বোধ করছে। মূলত রাজনৈতিক দল এবং তাদের সহযোগীদের যোগসাজশে এগুলো ঘটেছে।

তাহলে ভোটাররা কি আবার দলগুলোর দেওয়া ফাঁকা প্রতিশ্রুতির মোহ থেকে মুক্ত হবে, নাকি নির্বাচনের পরে অপমানিত হওয়ার ঝুঁকি নেবে? নেপালি ভোটাররা জেন-জি আন্দোলনকালে ব্যাপক বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, যা দুর্ভাগ্যবশত নেপালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক ঘটনাগুলোর একটি। অনেক নাগরিক এখনও এই ট্রমা থেকে বের হতে পারেনি। কেবল বিদ্যমান সরকারকেই উৎখাত করা হয়নি; ৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। এর পাশাপাশি নেপালি কংগ্রেস (এনসি), পূর্বতন সিপিএন (মাওবাদী কেন্দ্র) এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) মতো অনেক রাজনৈতিক দলকে ব্যাপক রূপান্তরের জন্য সংগ্রাম করতে হয়েছিল।

নেপালের নাগরিকরা বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের দিকেও নজর রাখছে। দেশটিতে একটি পুরোনো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। কিন্তু সাংবিধানিক ও অন্যান্য কাঠামোগত সংস্কারের জন্য জেন-জিদের দাবির পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। তারা অবশ্যই শ্রীলঙ্কায় ২০২২ সালের আরাগালয়া আন্দোলনের পরবর্তী পরিস্থিতি নজরে রাখবে, যেখানে জোরালো দাবি সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী পরিবর্তন আনতে দেওয়া হয়নি।

স্পষ্টতই ৫ মার্চের নির্বাচনের মুখোমুখি হয়ে একজন নেপালি ভোটার অবশ্যই ভাবছে, পরিবর্তনের জন্য তাদের নাগালের মধ্যে কী আছে। দলের নেতারা যদি আবার তাদের প্রতিশ্রুতি না রাখেন তবে কী হবে? জেন-জি আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ পরিবর্তন এবং সংস্কার বাস্তবে রূপান্তরিত না হলে দেশ ও জনগণের কী হবে? ভোটাররা কি আবার অপমানিত হবে? নির্বাচনের আগে জেন-জির অনেক প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতারা সাংবিধানিক পরিবর্তন চেয়েছিলেন। তা হয়নি। এখন নির্বাচন মাত্র কয়েক সপ্তাহ দূরে এবং আমরা বাংলাদেশের মতো সংস্কারের ওপর গণভোট পরিচালনার বিকল্পটি বেছে নিইনি।

নির্বাচন-পরবর্তী আশাব্যঞ্জক ফলাফল উপস্থাপন করলে ভোটাররা আরও বিজ্ঞতার সঙ্গে চিন্তা করার সুযোগ পাবে এবং ভোটদানের আগে ‘আশায়’ বুক বাঁধতে পারে। অন্যদিকে নির্বাচন-পরবর্তী ভয়াবহ ফলাফল উপস্থাপন করলে জনবৈধতা নিয়ে ব্যাপক বিভক্তি সৃষ্টি হবে। এর ফলে ক্ষমতার জন্য লড়াইরত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈতিক লেনদেন বেড়ে যাবে। এ পরিস্থিতিতে শাসনব্যবস্থা এবং জনসেবা গৌণ উদ্বেগ হয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করার ওপর খুব কম মনোযোগ দেওয়া হবে। যদি এটি ঘটে তাহলে কল্পনা করা যেতে পারে যে, অল্প সময়ের ব্যবধানে বারবার রাস্তায় প্রতিবাদ ও সহিংস বিক্ষোভ দেখা দেবে। এর ফলে প্রবৃদ্ধি কম হবে, অস্থিতিশীলতা দেখা দেবে এবং ব্যাপকভাবে ঘটবে দেশত্যাগের ঘটনা। যদি নির্বাচনের ফলাফল জনসাধারণের মঞ্চে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বিজয়ী করে নিয়ে আসে, তাহলে একটি স্থিতিশীল ও আশাবাদী ভবিষ্যৎ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

উপরোক্ত দুটি পরিস্থিতি একজন নেপালি ভোটারকে ক্ষমতায়িত করতে খুব একটা সাহায্য করবে না। বরং নির্বাচনের কয়েক মাসের মধ্যেই তারা আরও অপমান এবং হতাশার শিকার হবে। যদিও শাসন ও সংস্কারের এজেন্ডা নির্ধারণের জন্য নির্বাচন-পূর্ব ঐকমত্য তৈরি করা সম্ভব হয়নি, তবুও আকাঙ্ক্ষিত সংস্কারগুলো সম্ভব এবং বাস্তবায়ন করা যেতে পারে। কাঠামোগত রোডম্যাপ ছাড়া কেবল প্রতিশ্রুতি নেপালি গণতন্ত্রকে অসন্তোষের চক্র থেকে রক্ষা করতে পারবে না।

বিদ্যাধর মল্লিক: নেপাল ট্রানজিশন টু পিস ইনস্টিটিউটের (এনটিটিপিআই) চেয়ারপারসন; কাঠমান্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম