দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে জমে থাকা সংকটগুলোর মধ্যে অন্যতম হলো বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা। এছাড়াও রোগী হয়রানি, বঞ্চনার শিকার এবং ভুল চিকিৎসায় প্রাণহানির কথাও শোনা যায় প্রায়ই। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চিকিৎসকের সাক্ষাৎ পেতে সমস্যার মুখে পড়ছেন ৪৭ শতাংশ চক্ষু রোগী, যা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার অসংগতির একটি সতর্ক সংকেত। চোখ মানুষের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। দৃষ্টিশক্তি হারানো মানেই ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক জীবনেও নেমে আসে অচলাবস্থা। অথচ এই গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসায় এত বিপুল সংখ্যক রোগী চিকিৎসকের দেখা পর্যন্ত পাচ্ছেন না, এটি উদ্বেগজনক তো বটেই, একই সঙ্গে লজ্জাজনকও।

আইএমডির সমীক্ষা অনুযায়ী, দেশে ১২ লাখ মানুষ দৃষ্টিহীন এবং সাড়ে ৩ লাখ মানুষ নিম্ন দৃষ্টিশক্তিতে ভুগছে। এর প্রধান কারণ অপারেশনযোগ্য ছানি। জনবল সংকটের পাশাপাশি চিকিৎসকরা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত থাকায় স্বাস্থ্য সেবায় কম সময় দেন। \r\nসরকারি হাসপাতালগুলোতে চক্ষু বিশেষজ্ঞের সংখ্যা সীমিত। অপরদিকে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। গ্রাম ও মফস্বল এলাকার মানুষকে চিকিৎসার জন্য জেলা বা বিভাগীয় শহরে ছুটে আসতে হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় টিকিট শেষ, চিকিৎসক অনুপস্থিত বা সময় স্বল্পতার কারণে রোগীকে ফিরে যেতে হয়। ফলে চোখের সাধারণ সমস্যাও জটিল আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে স্থায়ী দৃষ্টিহানির ঝুঁকি তৈরি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, সব জেলায় সরকারি হাসপাতালে চক্ষু চিকিৎসার ব্যবস্থা নেই।

তবে ৩০টির বেশি জেলায় চোখের চিকিৎসকরা সেবা দিচ্ছেন। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে আরো ২৫০ উপজেলায় চোখের চিকিৎসা পৌঁছে দেওয়া। \r\nবেসরকারি খাতে চক্ষু চিকিৎসা সহজলভ্য হলেও তা অধিকাংশ মানুষের নাগালের বাইরে। উচ্চ ফি, পরীক্ষা-নিরীক্ষার অতিরিক্ত খরচ দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা বাধ্য হয়ে চিকিৎসা বিলম্বিত করছেন। যার খেসারত দিতে হচ্ছে আজীবন। সংকটের পেছনে রয়েছে পরিকল্পনার ঘাটতি, জনবল নিয়োগে ধীরগতি, চক্ষু চিকিৎসাকে অগ্রাধিকার না দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের কার্যকর ব্যবস্থা না থাকা। স্কুল পর্যায়ে চোখ পরীক্ষা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিকে চক্ষু সেবা, টেলিমেডিসিনের বিস্তৃত ব্যবহার-এসব উদ্যোগ জোরদার না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।\r\nচোখের চিকিৎসা একটি মৌলিক স্বাস্থ্য অধিকার। সরকারি হাসপাতালে চক্ষু রোগীর চিকিৎসায় অবহেলা রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতার সামিল। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দৃষ্টিহীন মানুষের সংখ্যা বাড়বে, যার সামাজিক ও অর্থনৈতিক মূল্য চুকাতে হবে পুরো জাতিকে। স্বাস্থ্যখাতের নীতিনির্ধারকদের এখনই চোখ খুলে তাকাতে হবে। না হলে দেশের বহু মানুষের জীবন ঢেকে যাবে অন্ধকারে।