জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী এবং শামীম সাঈদী এই নির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন। জামায়াতের আরেক বর্ষীয়ান নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন, উনার জামাতা ব্যারিস্টার নজরুল ইসলাম এই নির্বাচনে জামায়াতের প্রার্থী। জামায়াতের ডোনার খ্যাত মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম ওরফে আরমানও এই নির্বাচনে জামায়াতের প্রার্থী। আরও অনেকে থাকতেই পারেন, যাদের তথ্য জানা নেই।\r\nজামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী, জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ছেলে হাসান মওদুদসহ জামায়াত নেতাদের অনেক উত্তরসূরীরা জাতীয় কিংবা স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতিতে প্রভাব রাখছেন। এতে দোষনীয় কিছু দেখি না, যদি তারা যোগ্য হয়ে থাকেন।

তারা রাজনীতি করতেই পারেন এবং রাজনীতিতে নিজস্ব লিগ্যাসি তৈরি করে এগিয়ে যাবেন-এই শুভকামনা সবসময়ই থাকবে। একই কথা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সন্তানদের বেলায়ও সমানভাবে প্রযোজ্য। তাদের বিষয়ে আপত্তি তোলা এবং পরিবারতন্ত্রের ফাঁকাবুলি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির যেসব বর্ষীয়ান নেতাদের সন্তানদের নিয়ে আপত্তি তোলা হচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলেন ইশরাক হোসেন। \r\nলন্ডনের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা ইশরাক হোসেন এ দেশের রাজনীতিতে এসেছেন যখন হাসিনা জাতীয়তাবাদী শক্তির ওপর মরণকামড় দিচ্ছে। ইশরাক ৭৮ মামলার আসামি, জেল খেটেছেন, রিমান্ডে গেছেন, রাজপথে কয়েকবার রক্তাক্ত হয়েছেন। নওশাদ জমির। যিনি হার্ভার্ড-ক্যামব্রিজের মতো বিশ্বসেরা বিদ্যাপিঠগুলো থেকে পড়াশোনা শেষ করে এ দেশের রাজনীতিতে এসেছেন। যিনি ১০ মামলার আসামি এবং বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আনিন্দ্য ইসলাম অমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথের মতো দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা শেষ করেছেন। তারপরও দেশের সংকটকালে দেশের জন্য লড়াই করেছেন। ৪০ এর অধিক মামলার আসামি, জেল হামলা রিমান্ডতো আছেই। এই অমিতের বাড়ি পর্যন্ত কয়েকবার পুড়িয়ে দেওয়া হয়েছে। হুম্মাম কাদের চৌধুরী।