কাগজবিহীন বিচারব্যবস্থার যুগে বাংলাদেশে ই-পারিবারিক আদালত চালু করা বিচারব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। বাদী-বিবাদীর দীর্ঘদিনের ভোগান্তি, জটিল নথিপত্র ব্যবস্থাপনা, সময় ও অর্থের যুগপৎ অপচয়ের সঙ্গে অস্বচ্ছ প্রক্রিয়া- সব মিলিয়ে এক বেহাল দশায় নিমজ্জিত ছিল পারিবারিক আদালতসহ সামগ্রিক বিচার ব্যবস্থা। যা নাগরিকদের কাছে কয়েক দশকের বিড়ম্বনা এক ভীতিকর অভিজ্ঞতায় পরিণত হয়। গ্রাম কিংবা শহর থেকে অনেক দূরে জেলা কিংবা মেট্রোপলিটন আদালতে বিচারপ্রার্থীদের আসা-যাওয়া অনেকটাই বিড়ম্বনাপূর্ণ। এমন কঠিন বাস্তবতায় অনলাইনে মামলা দায়ের, নথি সংরক্ষণ, শুনানি ও রায় প্রদানসহ পুরো প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা নিঃসন্দেহে সময়োপযোগী ও বাস্তবসম্মত।

\r\nআমরা বিশ্বাস করি, বিচার বিভাগের ডিজিটালাইজেশন কেবল প্রযুক্তিগত আনুকূল্যই এনে দেবে না, প্রচলিত বিচারিক কাঠামোর অনেক সংকটও দূর করবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার বিভাগ দেশবাসী দেখতে পাবে। বিশেষ করে পরিবারিক মামলায় লিগ্যাল এইড বাধ্যতামূলক করে দেওয়া এবং বিনা খরচে অনলাইনে সেবা পাওয়ার সুযোগ সামাজিক ন্যায়বিচারের পথে রাখবে এক অভাবনীয় ভূমিকা। সাক্ষ্যগ্রহণ পর্যন্ত অনলাইনে আনার উদ্যোগ নেওয়ায় মামলার দীর্ঘসূত্রতা কমে আসবে। বিচারপ্রার্থীগণ আদালতে এসে অযথা হয়রানি থেকে পরিত্রাণ পাবেন। এটি জনবান্ধব উদ্যোগ। বিগত দিনে দেখে আসছি, আদালত প্রাঙ্গণ যেন জনসাধারণের জন্য ভীতিকর ও দুর্ভোগের অভায়শ্রম। এমন বাস্তবতায় ঘরে বসেই মামলা করা, শুনানিতে অংশ নেওয়া অথবা নথিপত্র জমা দেওয়ার সুযোগ বিশেষ করে নারী ও শিশুদের, যারা নির্যাতিত ও সুবিধাবঞ্চিত তাদের জন্য অফুরান সম্ভাবনা তৈরি করবে। \r\nই-পারিবারিক আদালতের লক্ষ্য ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সার্ভার সমস্যা, নেটওয়ার্কের অকার্যকরতা, ডেটা সুরক্ষা- এসব ক্ষেত্রে সামান্য ব্যত্যয়ও উদ্যোগটিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ মহতি উদ্যোগের সফলতা প্রযুক্তিক আনুকূল্যের ওপর নির্ভরশীল। একই সঙ্গে আইনজীবী সমাজের অংশগ্রহণ ও ইতিবাচক মনোভাব অপরিহার্য। বিচারব্যবস্থার ডিজিটালাইজেশনের এই উদ্যোগ এগিয়ে নিলে মামলার জট কমে আসবে। সর্বোপরি, ভার্চুয়াল পারিবারিক আদালত শুধু একটি প্রযুক্তিগত বিকল্প নয়; এটি বিচারপ্রাপ্তির সংস্কৃতি পরিবর্তনের সূচনা। যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে বিচার ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরে আসবে। সময় ও খরচ কমাবে এবং মানুষের অধিকারকে আরও শক্তিশালী করবে।