বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই ২০২৪ ছিল কেবল একটি সরকার পতনের অধ্যায় নয়; এটি ছিল একটি প্রজন্মের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। অনেকেই এই আন্দোলনকে তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করতে চান। কিন্তু সাদিয়া শারমিন ও মাহাদী-উল-মোর্শেদের সাম্প্রতিক গবেষণা ‘Analyzing the Causes Behind the July Movement in Bangladesh 2024 এক গবেষণায় উঠে আসা পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এই আন্দোলনের শিকড় ছিল অর্থনৈতিক অনিশ্চয়তা, মতপ্রকাশের সংকোচন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার গভীরে প্রোথিত।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের ৩৭৫ জন সরাসরি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮০.৩ শতাংশ মধ্যবিত্ত এবং ১৫.৫ শতাংশ নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন। মাত্র ২.৯ শতাংশ উচ্চবিত্ত শ্রেণিভুক্ত। অর্থাৎ আন্দোলনের প্রধান শক্তি ছিল আর্থিক অনিশ্চয়তায় ভোগা মধ্য ও নিম্নবিত্ত যুবসমাজ। পারিবারিক আয়ের চিত্র আরও স্পষ্ট ৩৮.১ শতাংশ শিক্ষার্থীর পরিবার মাসে ৩০ হাজার টাকার নিচে আয় করে, ৪২.৭ শতাংশের আয় ৩১ থেকে ৫০ হাজারের মধ্যে। এক লাখ টাকার বেশি আয় রয়েছে মাত্র ৪.৩ শতাংশ পরিবারের। এই তথ্য বলছে, অংশগ্রহণকারীদের প্রায় ৮১ শতাংশই অর্থনৈতিক চাপের মধ্যে বেড়ে ওঠা তরুণ।

অর্থনৈতিক চাপের সঙ্গে যুক্ত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন। গবেষণায় দেখা গেছে, ৪৪.৮ শতাংশ শিক্ষার্থী মৃদু মাত্রায় এবং ৩৬.৮ শতাংশ মাঝারি মাত্রায় মতপ্রকাশে বাধার অভিজ্ঞতা পেয়েছেন। ১৭.৬ শতাংশ শিক্ষার্থী গুরুতরভাবে মতপ্রকাশের স্বাধীনতা হারানোর কথা বলেছেন। অর্থাৎ অর্ধেকের বেশি তরুণ প্রত্যক্ষভাবে কণ্ঠরোধের অভিজ্ঞতা বহন করেছেন। যখন কথা বলার পথ বন্ধ হয়, তখন রাজপথই হয়ে ওঠে প্রকাশের ভাষা।

ন্যায়বিচারহীনতার অভিজ্ঞতা আন্দোলনের মানসিক ভিত্তিকে আরও দৃঢ় করেছে। ৪৫.৩ শতাংশ শিক্ষার্থী মাঝারি মাত্রায় এবং ২৬.১ শতাংশ গুরুতর মাত্রায় অন্যায়ের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ ৭১ শতাংশের বেশি তরুণ মনে করেছেন তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত। বিচারহীনতার এই বোধই প্রতিবাদকে আবেগ থেকে সংগ্রামে রূপ দিয়েছে।

রাজনৈতিক চাপ ও দমননীতির তথ্য আরও উদ্বেগজনক। ৩২.৫ শতাংশ শিক্ষার্থী মাঝারি এবং ২২.৪ শতাংশ গুরুতর রাজনৈতিক চাপের অভিজ্ঞতা পেয়েছেন। অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ তরুণ সরাসরি রাজনৈতিক হুমকি বা চাপের মুখে ছিলেন। একইভাবে রাজনৈতিক সহিংসতার অভিজ্ঞতায় ৩৬ শতাংশ মাঝারি এবং ১৬.৩ শতাংশ গুরুতর মাত্রার সহিংসতার কথা বলেছেন। প্রতি দুইজনের একজন শিক্ষার্থী কোনো না কোনোভাবে সহিংসতার মুখোমুখি হয়েছেন। এই বাস্তবতা বলে প্রতিবাদ ছিল শুধু রাজনৈতিক নয়, অস্তিত্ব রক্ষার লড়াই।

রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক সহায়তার অভাব আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ৩৭.৬ শতাংশ শিক্ষার্থী মাঝারি এবং ১৬ শতাংশ গুরুতর সামাজিক সহায়তার অভাব অনুভব করেছেন। পাশাপাশি ৪৪.৮ শতাংশ মাঝারি এবং ১৯.৭ শতাংশ গুরুতর রাষ্ট্রীয় সুরক্ষার অভাবের কথা জানিয়েছেন। অর্থাৎ প্রায় ৬৪ শতাংশ তরুণ রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছেন।

এই সব পরিসংখ্যান একত্রে একটি নির্মম সত্য তুলে ধরে জুলাই ২০২৪-এর আন্দোলন হঠাৎ জন্ম নেওয়া কোনো রাজনৈতিক আবেগ নয়; এটি ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, মতপ্রকাশ সংকোচন, বিচারহীনতা, রাজনৈতিক দমন এবং নিরাপত্তাহীনতার যৌথ পরিণতি।

রাষ্ট্র যদি ভবিষ্যতে স্থিতিশীলতা চায়, তবে এই সংখ্যাগুলোকে সতর্কসংকেত হিসেবে পড়তে হবে। কারণ যেখানে অধিকাংশ তরুণ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগে, অর্ধেকের বেশি মতপ্রকাশে বাধার শিকার, এবং তরুণ সমাজের একটি বড় অংশ যখন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা হারায়, তখন ভবিষ্যতের সামাজিক ভারসাম্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। তাই ইতিহাস বারবার মনে করিয়ে দেয় যখন পরিসংখ্যান কথা বলে, রাষ্ট্রের নীরব থাকা বিপজ্জনক।

মাহাদী-উল-মোর্শেদ গবেষক, পলিসি এনালিস্ট ও সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল।