২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৬ অক্টোবর। দেশের মোট ১২ লাখ ৩৫ হাজার পরিক্ষার্থীর যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষাথী, যা বিগত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৪১.১৭ শতাংশ শিক্ষার্থী, যা সংখ্যার হিসেবে ৫ লাখেরও বেশি। এমন ফলকে অনেকেই শিক্ষা খাতে বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, বিগত বছরগুলোতে রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের খাতা সঠিকভাবে মূল্যায়ন না করে গ্রেস মার্কিংয়ের মাধ্যমে ফুলিয়ে ফাপিয়ে ভালো ফল দেখানো হতো। এখন শিক্ষার্থীরা খাতায় যা লিখছেন, মুল্যায়নের পর সেটিরই প্রতিফলন ঘটছে গড় রেজাল্টে।

তবে অনেক শিক্ষাবিদ ও গবেষকরা প্রশ্ন তুলে বলেছেন, অতীতে ভালো ফল দেখানোর চেষ্টা কিংবা এখন সঠিক মূল্যায়নের দাবি করে ফল খারাপ বা ভালো যেটিই হোক না কেন, এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যা শেখার কথা তা শিখছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মমিনুর রশীদ বলেছেন, ফল খারাপ বা ভালো হওয়ার পেছনে কেবল রাজনৈতিক কারণ খুঁজলেই হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কতটা হচ্ছে, শিক্ষকরা আসলে ক্লাসে পড়ান কিনা এগুলোও দেখা দরকার। তাছাড়া শুধুমাত্র একটি পরীক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যত নির্ধারণ করার জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে আমাদের প্রচলিত মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে কিনা সেটাও ভাববার বিষয়।

আমাদের বর্তমান মূল্যায়ন পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা য়ায়, যারা জিপিএ-৫ পেয়েছেন তারা মেধাবী হিসেবে বিবেচিত হন। অপরদিকে এক নম্বর কম পাওয়ার কারণে যে শিক্ষার্থী জিপিএ-৫ পেল না সে মেধার ক্রমানুসারে এক পেছনের তালিকায় পড়ে যায়। অথচ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের চেয়ে জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীরা এগিয়ে থাকে। তাছাড়া, বিগত বছরগুলোতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ন্যূনতম নাম্বার পেয়ে উত্তীর্ণ না হওয়া, সহজ প্রশ্নের উত্তর দিতে না পারার মতো ঘটনাও আমাদের অজানা নয়।

এমতাবস্থায়, শিক্ষা ও গবেষণার একজন ছাত্র হিসেবে মনে প্রশ্ন জাগে, তাহলে জিপিএ-৫ পাওয়া না পাওয়া কিংবা একটি পরীক্ষায় পাশ- ফেল করা কি একজন শিক্ষার্থীর প্রকৃত মেধার মূল্যায়ন করছে?\r\nপ্রশ্নটির উত্তর খুঁজতে মূল্যায়ন পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যায়, আমাদের দেশের ভৌগোলিক অবস্থান, জীবনমান, শিক্ষাব্যবস্থা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রচলিত মুল্যায়ন পদ্ধতি যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি দুইভাগে বিভক্ত। ১. শিখনকালীন মূল্যায়ন- এটি পুরো শিক্ষাবর্ষ জুড়ে চলতে থাকে এবং শিক্ষাথীর শিখনে সহায়তা করে থাকে। ২. সামষ্টিক মূল্যায়ন- এটি একটি নির্দিষ্ট সময় পর পরীক্ষার মাধ্যমে গ্রেড বা নাম্বার দেওয়ার ভিত্তিতে একজন শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার মূল্যায়ন করা হয়।

বর্তমানে বাংলাদেশে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ফারিস কর্তৃক উদ্ভাবিত গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে। ১৯৯১ সালে সর্বপ্রথম বুয়েটে এবং পরবর্তীতে ২০০১ সালের এসএসসি পরীক্ষায় এই গ্রেডিং পদ্ধতি চালু করা হয়। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর আগে ডিভিশন সিস্টেম চালু ছিল। কিন্তু আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই না হওয়ায় এটি পরিবর্তন করে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়। তবে উইলিয়াম ফারিস মূল্যায়নের এমন কোনো স্কেল আবিষ্কার করেননি যা সব দেশের, সব সংস্কৃতির সব আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য হবে। \r\nএতদসত্ত্বেও প্রশ্ন জাগতে পারে, বিশ্বের অনেক দেশ তাদের শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই পদ্ধতিতে সঠিক মূল্যায়ন কেন সঠিক হবে না?

উত্তর খুঁজলে দেখা যাবে, বিভিন্ন দেশ তাদের গ্রেডিং পদ্ধতিকে তাদের শিক্ষাব্যবস্থা ও পারিপার্শ্বিকতার ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্নভাবে সাজিয়েছে এবং প্রতিনিয়ত যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন গবেষণার মাধ্যমে পরিবর্তন ও পরিমার্জন করছে। কিন্তু আমাদের দেশে তা গতানুগতিক প্রক্রিয়ায় চলছে। অর্থাৎ এক দশক আগেও যে পদ্ধতি ছিল বর্তমানেও সেই একই পদ্ধতিতেই শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে। অথচ দশ বছর আগের একজন শিক্ষার্থীর শিখন যোগ্যতা, পরিবেশ কখনোই আজকের সঙ্গে মিলতে পারে না। তাছাড়া এই গ্রেডিং সিস্টেমের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মাধ্যমে একই গ্রেড পাওয়া শিক্ষার্থীদের একটা গ্রুপ করে ফেলা হয়। প্রত্যেককে আলাদা করে দেখার সুযোগ নেই।

একই গ্রেড পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সমান হিসেবে ধরা হয়, তাদের ডেভেলপমেন্ট, জানার পরিধি, আগ্রহ কতটুকু তা বিবেচনা করা হয় না। ফলে শিক্ষার্থীরা ভালো গ্রেড পেতে যতটুকু পড়ালেখা প্রয়োজন তার বাইরে কিছু চিন্তা করতে চায় না। আবার এক-দুই নাম্বারের ব্যবধানের কারণে অনেকে গ্রেড মিস করে নিচের গ্রেডে অন্তর্ভুক্ত হয় যা তার পরবর্তী শিক্ষাজীবনে ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে, সিলেবাস একই হওয়া সত্ত্বেও একই পাবলিক পরীক্ষায় একেক বোর্ডে একেক মানের প্রশ্ন হওয়া। তাছাড়া শিক্ষার পরিবেশও একজন শিক্ষার্থীর মেধা বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

শহরের একজন শিক্ষার্থী ভালো স্কুল, শিক্ষক পাচ্ছে অপরদিকে একজন গ্রামের শিক্ষার্থী সেই তুলনায় উপযুক্ত শিক্ষক ও পরিবেশ খুব কমই পায়। ফলে তার মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ছে এবং তার মেধার সঠিক মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। \r\nগত দেড় দশকে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি অন্তত তিনবার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে আছে- গ্রেডিং পদ্ধতি, এসবিএ (স্কুলভিত্তিক মূল্যায়ন) ও ধারাবাহিক মূল্যায়ন। বর্তমানে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সরাসরি যোগ করে ফল দেওয়া হয়। সম্ভবত পৃথিবীর কোথাও এটা করা হয় না। এতে একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে মূল্যায়ন করা হয় না। ফলে ভালো ছাত্র আর দুর্বল ছাত্রকে চিহ্নিত করা সম্ভব হয় না। এর একটা ভালো সমাধান হতে পারে স্টান্ডার্ডাইজেশন পদ্ধতি।

বর্তমানে আইইএলটিএস, টোফেল, স্যাট, জিআরই এমনকি ইংরেজি মাধ্যমের ও এবং এ লেভেল পরীক্ষাসহ বিশ্বব্যাপী বিভিন্ন পরীক্ষায় এ পদ্ধতিতে শিক্ষার্থী মূল্যায়ন করা হয়ে থাকে। গ্রেডিং সিস্টেম বহাল রেখেই এ পদ্ধতিতে শিক্ষার্থীর ফলাফল তৈরি করা যাবে। এই পদ্ধতি অনুযায়ী, খাতায় প্রাপ্ত নম্বর সরাসরি শিক্ষার্থীকে দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ওই বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় সংখ্যা দিয়ে বিয়োগ করা হবে। এরপর প্রাপ্ত ফল ওই বিষয়ে সব শিক্ষার্থীর নম্বর প্রাপ্তির তারতম্য (স্টান্ডার্ড ডেভিয়েশন) দিয়ে ভাগ করা হবে। এরপর যা আসবে সেটিই শিক্ষার্থীকে দেওয়া হবে। স্টান্ডার্ডাইজেশন পদ্ধতিতে শিক্ষার্থী মূল্যায়নে কয়েকটি দিক বিবেচনা করা হয়।

এর মধ্যে, প্রশ্নপত্রের মান বা তা কতটা কঠিন-সহজ ছিল, পরীক্ষকের নম্বর দেওয়ার প্রবণতা বা তিনি কম-বেশি নম্বর দিয়েছেন কিনা ইত্যাদি। এ ছাড়া পরীক্ষার হলের পরিবেশ, উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীর প্রশ্ন নির্ধারণের ক্ষমতা (সহজ না কঠিন প্রশ্ন বেছে নিয়েছে) বিবেচনায় নেওয়া হয়। ক্লাসরুমে পাঠদান (শিক্ষক কতটা সফলভাবে পড়িয়েছেন), জেন্ডার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বর্তমানে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন শিক্ষার্থী পরীক্ষার ফল পায়। কিন্তু এটা তার সত্যিকার প্রাপ্ত নম্বর নয়। প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির চিত্র দেখলেই বোঝা যায়। কেননা, সেখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে অন্য গ্রেডের শিক্ষার্থীও ভর্তি হয়। এর মানে হচ্ছে, কম জিপিএধারীরা ভালো ছাত্র ছিল।

তাই স্টান্ডার্ডাইজেশন পদ্ধতি প্রয়োগ করলে শিক্ষার্থীর র‌্যাঙ্ক অর্ডারে (যে রেজাল্ট করার কথা) কোনো পরিবর্তন আসবে না এবং মেধার প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হবে।\r\nআমাদের কারিকুলাম ও পাঠ্যবইয়ের ধরণ, অনেক শিক্ষকের অদক্ষতা, অভিভাবকদের মধ্যে বিকৃত প্রতিযোগিতামূলক মনোভাব, শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক না থাকায় প্রতিবছর পাস- ফেলের হিসাব করছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে শিক্ষার মান বাড়ছে না। যেন শিক্ষার্থীরা পরীক্ষায় পাসের জন্যই পড়ে, শিক্ষকেরাও পরীক্ষায় পাস করানোর জন্যই পড়ান। প্রতি বছর শেষের পরীক্ষাগুলো আমাদের সবাইকে একটা ছাঁচে ফেলে দিয়েছে। শিক্ষার্থীদের এই অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তবে প্রতিযোগিতাকে আমাদের জীবন থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষার রেজাল্ট, চাকরি পাওয়া- আমাদের মতো একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মূল্যায়ন পদ্ধতির মধ্যে যদি ভুল কিছু থাকে, তাহলে এর খেসারত প্রজন্মের পর প্রজন্মকে দিয়ে যেতে হবে। তাই শিক্ষার সত্যিকারের লক্ষ্য অর্জনে ও শিক্ষার্থীর মেধার প্রকৃত মূল্যায়নে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন, মানসম্মত আধুনিক পাঠ্যবই ও সময়োপযোগী মূল্যায়ন পদ্ধতির বিকল্প নেই।