বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব শক্তি হিসেবে সৌরশক্তি বিকল্প বটে, তবে একমাত্র উৎস হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। যেমন বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি ব্যবহারের দক্ষতার তাত্ত্বিক সীমা ৩৩.১৬ শতাংশ। বাস্তবে সেটা আরও কম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন হয়েছে, সেই পরিমাণ জায়গায় আমরা যদি সৌরবিদ্যুৎ প্যানেল বসাই, তাহলে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পক্ষান্তরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৪শ মেগাওয়াট। স্পষ্টই দেখা যাচ্ছে, শক্তি উৎপাদন ও জমি ব্যবহারের অনুপাত বিবেচনায় এ দুটি উৎস একেবারেই তুলনীয় নয়। কিন্তু এতে যেন মনে না করা হয়, আমরা নবায়নযোগ্য জ্বালানির উৎস ব্যবহারের বিরোধী। বিশেষ বিশেষ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির কার্যকারিতা রয়েছে। যেমন হাওর ও দুর্গম চরাঞ্চল, যেখানে গ্রিড লাইন নেওয়া আর্থিকভাবে সাশ্রয়ী নয়; সেখানে এই জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা উত্তম। এ ছাড়া যেখানে যতটুকু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আর্থিকভাবে সুবিধাজনক, সেখানে তা ব্যবহার করা সমীচীন। কিন্তু এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমেই দেশের শক্তি চাহিদার সম্পূর্ণ সমাধান অর্জনের ধারণা আকাশকুসুম কল্পনা মাত্র।
উপরন্তু আমাদের দেশে সৌরকিরণ অবারিতভাবে আসে কম সময়ব্যাপী। যেমন বছরের অনেকটা সময় আমাদের আকাশ মেঘলা থাকে, কখনোবা কুয়াশাচ্ছন্ন। যার ফলে আমাদের ফসলের জন্য প্রয়োজনীয় সৌরকিরণেরই ঘাটতি ঘটে। সে সময় সৌরবিদ্যুৎ উৎপাদনও কমে যেতে বাধ্য। সৌরবিদ্যুতের স্থাপনা যত সহজ বা ঝুঁকিমুক্ত বলা হয়, বাস্তবে তা নয়। যেহেতু রাতে কিংবা মেঘলা দিনে সৌরকিরণ থাকে না, সে সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখার প্রয়োজনে ব্যাটারি ব্যাংক থাকতে হয়, যা ছাদের ওপর একটি অতিরিক্ত ভার হিসেবে বিদ্যমান থাকবে। সৌর প্যানেলগুলোর কার্যকারিতা আমাদের পরিবেশে দ্রুত কমতে থাকে। কারণ ধুলা, ধোঁয়া, শিলাবৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা আর সূর্যকিরণের অতিবেগুনি রশ্মি প্যানেলগুলোর কর্মক্ষমতা কমিয়ে দেয়। বহুতল ভবনের অনেক পরিবারের জন্য একটি ছাদ সামাজিক ও অর্থনৈতিক অনেক কাজে আসে। সৌরপ্যানেলে সেসব বাধাগ্রস্ত হয় এবং ভবনের দৃষ্টিনান্দনিকতায় নেতিবাচক প্রভাব রাখে। সৌরপ্যানেলে ব্যবহৃত অনেক পদার্থই যথেষ্ট বিষাক্ত। সেগুলো আবরণে থাকে। কিন্তু আমাদের নাগরিক দায়বোধ সাধারণভাবে এত কম, প্যানেলগুলো যখন অকেজো হয়ে পড়ে, তখন সেগুলোকে যথাযথভাবে ফেলার ব্যবস্থা করা হয় না। ফলে সেখান থেকে ক্যান্সার উৎপাদনকারী বিষাক্ত দ্রব্য পরিবেশে ছড়িয়ে পড়তে পারে।
দেশের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন বর্তমানে প্রায় ৪৩৩ কিলোওয়াট-আওয়ার। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের মর্যাদা লাভ করতে হলে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২০২১ সালের মধ্যে ন্যূনতম ৫৪০ কিলোওয়াট-আওয়ার, ২০৩০ সালের মধ্যে ৮০০ কিলোওয়াট-আওয়ার এবং ২০৪১ সালের মধ্যে ১ হাজার ৫০০ কিলোওয়াট-আওয়ারে বৃদ্ধি করতে হবে। কারণ আমরা কতটা উন্নত, তা নির্ভর করছে মাথাপিছু বিদ্যুৎশক্তি ব্যবহারের ওপর। যেহেতু বিদ্যুৎশক্তির ব্যবহার আমাদের জীবনযাত্রার সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। ফলে উন্নয়নের সূচকগুলো গতিশীল হওয়ার অনুঘটকই হচ্ছে বিদ্যুৎশক্তি এবং তাই বিদ্যুৎশক্তির নিরবচ্ছিন্ন ও সস্তায় প্রাপ্তিই উন্নয়ন ও অগ্রগতির প্রাণভোমরা।
এদিকে পারমাণবিক বিদ্যুৎ নিরাপদ, নির্ভরযোগ্য, মূল্যসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বিশ্ব জ্বালানি মিশ্রণে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় যে কোনো জীবাশ্ম জ্বালানির প্লান্টের চেয়ে অধিক সাশ্রয়ী। উপরন্তু পারমাণবিক বিদ্যুৎ প্লান্টের আয়ুষ্কাল ৬০ বছর এবং পরবর্তী সময়ে তা ৮০ বছর এমনকি কোনো কোনো ক্ষেত্রে ১০০ বছর পর্যন্ত বর্ধিত করা যায়। যেখানে জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ প্লান্টের আয়ুষ্কাল সর্বোচ্চ ২৫ বছর। অতএব, উপর্যুক্ত তথ্যের আলোকে বলা যায়, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণে ইনিশিয়ালি ব্যয় অধিক হলেও শত বছরের হিসাবে বিদ্যুৎপ্রাপ্তির বিষয়টি বিবেচনা করলে পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনই লাভজনক। অন্যদিকে বিশেষত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে পরিবেশ-প্রতিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে যায়, তা পুষিয়ে নিতে গেলে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি আরও বেড়ে যায়।
তারপরও পারমাণবিক প্রযুক্তিতে পিছিয়ে পড়ার হেতু ও প্রাথমিকভাবে অর্থ বিনিয়োগের অভাবে এবং সেই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অমূলক ধারণার কারণে পৃথিবীর অনেক দেশই বিদ্যুৎ উৎপাদনের সস্তা, দীর্ঘস্থায়ী, পরিবেশ-প্রতিবেশবান্ধব, কার্বন নিঃসরণমুক্ত অপশনটি বেছে নিচ্ছে না। বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন করেছে, যা এখন জমকালো কমিশনিংয়ের অপেক্ষায়। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুতের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রুশো তাহের: বিজ্ঞানবিষয়ক লেখক
