(পূর্ব প্রকাশের পর) বিশেষ করে মৎস্য খাতকে ঘিরে বিপুল কর্মসংস্থান ও মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ ধরা, মাছ চাষ, মাছ পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত। অথচ অনেক জেলে পরিবার অনিরাপদ নৌযান, দুর্বল আবহাওয়ার পূর্বাভাস, ঋণের বোঝা, ন্যায্য বাজারমূল্যের অভাব এবং দুর্যোগের সময় বিকল্প আয়ের সংকটে ভোগে। সমুদ্রসম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে তাদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে হবে। আধুনিক ও সহজবোধ্য আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থা, নিরাপদ আশ্রয়কেন্দ্র, নিবন্ধিত নৌযান, স্বল্পসুদে ঋণ, বীমা, প্রশিক্ষণ এবং মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সামুদ্রিক মৎস্যসম্পদের বৈজ্ঞানিক মূল্যায়ন, প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধ ও অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতা নিশ্চিত করতে হবে।

উপকূলীয় অর্থনীতির বিকাশে কৃষির প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবণাক্ততার বিস্তার, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু এলাকায় প্রচলিত কৃষিব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে লবণাক্ততা, জলাবদ্ধতা ও খরা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং সম্প্রসারণে কৃষি গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা ইতোমধ্যে প্রতিকূল পরিবেশে চাষযোগ্য ধানের জাতসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে অগ্রগতি অর্জন করেছেন। এখন প্রয়োজন এসব উদ্ভাবন মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া, কৃষকদের প্রশিক্ষণ, মানসম্মত বীজের সহজলভ্যতা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও জলাধার পুনরুদ্ধার, পানি পরিশোধন প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সুপেয় পানির সংকট দূর না করে উপকূলীয় অঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবা কঠিন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় সবুজ বেষ্টনী ও ম্যানগ্রোভ বনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবনসহ উপকূলীয় বনাঞ্চল ঝড়ের অভিঘাত কমাতে, জীববৈচিত্র্য রক্ষা করতে এবং কার্বন ধারণে ভূমিকা রাখে। কিন্তু বন উজাড়, অবৈধ দখল, অপরিকল্পিত উন্নয়ন এবং পরিবেশগত চাপ এসব প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। তাই উপকূলীয় বনায়নকে শুধু গাছ লাগানোর আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে স্থানীয় উপযোগী প্রজাতির মাধ্যমে বন পুনরুদ্ধার, প্রাকৃতিক ম্যানগ্রোভের সুরক্ষা এবং নিয়মিত পরিচর্যার আওতায় আনতে হবে। যেখানে পরিবেশগতভাবে উপযুক্ত, সেখানে সবুজ বেষ্টনী সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণ করতে হবে। কারণ প্রকৃতির নিজস্ব সুরক্ষাব্যবস্থা ধ্বংস করে কেবল কংক্রিটের অবকাঠামোর ওপর নির্ভরশীল হওয়া দীর্ঘমেয়াদে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। একইভাবে উপকূলীয় বেড়িবাঁধ, নিষ্কাশনব্যবস্থা, সেতু, সড়ক ও আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রয়োজন গুণগত মান, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ জলবায়ু পরিস্থিতি বিবেচনায় নকশা প্রণয়ন। অনেক ক্ষেত্রে দুর্বল বাঁধ বা অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে একটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি দীর্ঘ সময় ধরে মানুষের জীবন ও কৃষিকে বিপর্যস্ত করে রাখে। তাই প্রকল্প গ্রহণের সময় শুধু নির্মাণ ব্যয় নয়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি, রক্ষণাবেক্ষণ ব্যয়, স্থানীয় ভূপ্রকৃতি এবং ভবিষ্যৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও বিবেচনা করতে হবে। দুর্যোগের আগাম সতর্কবার্তা যেন দ্রুততম সময়ে জেলে, কৃষক ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছায়, সে জন্য প্রযুক্তিনির্ভর পূর্বাভাসের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক, কমিউনিটি রেডিও, মোবাইল বার্তা ও কার্যকর আশ্রয়কেন্দ্র ব্যবস্থার সমন্বয় জরুরি।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় ডেল্টা প্ল্যানের মতো উদ্যোগের গুরুত্ব এখানেই। তবে পরিকল্পনা প্রণয়নই শেষ কথা নয়। প্রয়োজন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন, অর্থের স্বচ্ছ ব্যবহার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। একইভাবে হাওরাঞ্চলের আগাম বন্যা ও ফসলহানি মোকাবিলায় নদী, খাল, জলাধার এবং নিষ্কাশনব্যবস্থার সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। নদীর স্বাভাবিক প্রবাহ, পলি ব্যবস্থাপনা এবং আন্তসীমান্ত নদীর পানিবণ্টন নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর আলোচনা ও সহযোগিতা জোরদার করতে হবে। পানি ব্যবস্থাপনার প্রশ্নে কূটনৈতিক তৎপরতা, যৌথ তথ্য বিনিময় এবং অববাহিকাভিত্তিক পরিকল্পনা ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান অর্জন কঠিন।

জলবায়ু অভিযোজন অর্থায়নের বিষয়টিও বিশেষভাবে বিবেচ্য হওয়া উচিৎ। উপকূলীয় বাঁধ, সুপেয় পানির অবকাঠামো, দুর্যোগ আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহিষ্ণু কৃষি, বন পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকার জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের নিজস্ব সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় আন্তর্জাতিক জলবায়ু তহবিল, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা কার্যকরভাবে কাজে লাগাতে হবে। তবে ঋণনির্ভরতার বোঝা বাড়িয়ে নয়, বরং ন্যায্য শর্তে অনুদান, সহজ অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা আদায়ের ওপর জোর দিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পাওয়ার পাশাপাশি অর্থ ব্যয়ের স্বচ্ছতা, প্রকল্প নির্বাচনে স্থানীয় চাহিদার প্রতিফলন এবং বাস্তব ফলাফল পরিমাপের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

মনে রাখতে হবে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কেবল দুর্যোগপ্রবণ ভূখ- নয় বরং এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সমুদ্রকে কেন্দ্র করে পরিকল্পিত শিল্পায়ন, গবেষণা, নবায়নযোগ্য জ্বালানি, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ সম্ভব। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সমুদ্রকে কেবল রাজস্ব আয়ের উৎস হিসেবে দেখলে চলবে না। দেখতে হবে জীবিকা, পরিবেশ, খাদ্যনিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের সম্মিলিত ভিত্তি হিসেবে। উন্নয়নের সুফল যেন স্থানীয় মানুষের কাছে পৌঁছায় এবং সমুদ্রসম্পদ আহরণের ফলে যেন তাদের জীবিকা ও পরিবেশ বিপন্ন না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করতে গেলেও আবেগের পরিবর্তে তথ্য ও কার্যকর কৌশলকে গুরুত্ব দিতে হবে। ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রাঞ্চলে অনুসন্ধান ও বিনিয়োগের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকেও নিজস্ব সমুদ্রসীমায় সম্পদের সম্ভাবনা নিরূপণ, অনুসন্ধান এবং উপযুক্ত ক্ষেত্রে উত্তোলনের জন্য সুস্পষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদের অধিকার রক্ষায় নিয়মিত নজরদারি, আধুনিক সামুদ্রিক পর্যবেক্ষণ প্রযুক্তি, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। কোনো দেশের বিরুদ্ধে সম্পদ চুরির অভিযোগ থাকলে তা নির্ভরযোগ্য উপাত্ত, প্রযুক্তিগত প্রমাণ ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই ও মোকাবিলা করতে হবে।

কারণ সমুদ্রসম্পদের অধিকার রক্ষায় আবেগনির্ভর বক্তব্যের চেয়ে প্রমাণভিত্তিক কূটনীতি ও সক্ষমতাই অধিক কার্যকর। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী না হয়েও এর অভিঘাতের বড় মূল্য দিচ্ছে। তাই আন্তর্জাতিক পরিসরে জলবায়ু ন্যায়বিচারের দাবি যেমন জোরালো করতে হবে, তেমনি দেশের ভেতরেও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা, অবকাঠামো এবং ব্লু ইকোনমিতে বিনিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবিকা সুরক্ষিত রাখা এবং সমুদ্রসম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগানো এই তিনটি লক্ষ্যকে পরস্পরবিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কারণ, উপকূলের মানুষ বিপন্ন হলে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিও নিরাপদ থাকতে পারে না। অনুধাবন করতে হবে, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু সঠিক প্রস্তুতি, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও সময়োপযোগী অবকাঠামোর মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সুতরাং উপকূলীয় নিরাপত্তাকে বিচ্ছিন্ন কোনো দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি হিসেবে না দেখে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্যনিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের বুকে যেমন লুকিয়ে আছে অপার সম্ভাবনা, তেমনি তার তীরবর্তী জনপদে প্রতিনিয়ত রচিত হচ্ছে টিকে থাকার এক কঠিন জীবনসংগ্রামের ইতিহাস। একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ক্ষত বয়ে বেড়ানো উপকূলবাসীর কাছে উন্নয়ন কেবল বড় বড় অবকাঠামো কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান নয়। উন্নয়ন মানে নিরাপদ আশ্রয়, এক কলস সুপেয় পানি, ফসল ফলানোর নিশ্চয়তা, জীবিকার সুরক্ষা এবং সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ। বিগত দিনের ক্ষত শুকানোর আগেই যাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নামতে হয়, তাদের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলাই হওয়া উচিত রাষ্ট্রের উন্নয়নদর্শনের অন্যতম প্রধান অঙ্গীকার।

বাংলাদেশকে একই সঙ্গে দুটি লড়াইয়ে অবতীর্ণ হতে হবে: একদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, অন্যদিকে বঙ্গোপসাগরের বিপুল সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। এ জন্য প্রয়োজন দূরদর্শী নীতি, বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত অভিযোজন অর্থায়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাস্তবায়নব্যবস্থা। আন্তর্জাতিক পরিসরে জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালো করার পাশাপাশি দেশের অভ্যন্তরে উপকূলীয় সুরক্ষা, সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ু-সহিষ্ণু কৃষি, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, সবুজ বেষ্টনী সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে সমুদ্রের সম্পদ যেন কেবল পরিসংখ্যান, বক্তৃতা কিংবা উন্নয়নের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে তা যেন উপকূলের মানুষের সুপেয় পানি, নিরাপদ বাসস্থান, কর্মসংস্থান, উন্নত জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণে কার্যকর ভূমিকা রাখে তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, সমুদ্রজয়ের প্রকৃত সার্থকতা কেবল মানচিত্রে সমুদ্রসীমা অর্জনের মধ্যে নয়। সেই সমুদ্রের সম্পদকে মানুষের কল্যাণে কাজে লাগানো এবং সমুদ্রের তীরবর্তী মানুষগুলোর জীবনকে নিরাপদ করে তোলার মধ্যেই তার প্রকৃত সাফল্য নিহিত। বঙ্গোপসাগর যেন একদিকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করে, অন্যদিকে তার তীরবর্তী মানুষের জন্য আর দুর্ভোগের প্রতীক হয়ে না থাকে। আমাদের এমন দেশ প্রত্যাশা যেখানে উপকূলের মানুষ প্রতিটি ঘূর্ণিঝড়ের পর নিঃস্ব হয়ে নতুন করে বাঁচার লড়াইয়ে নামতে বাধ্য হবে না, বরং নিরাপদ অবকাঠামো, কার্যকর রাষ্ট্রীয় সহায়তা ও টেকসই জীবিকার ভিত্তিতে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারবে। টেকসই সমৃদ্ধির পথ তাই শুধু সমুদ্রজয়ের মধ্যে নয়, বরং সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু ন্যায়বিচার এবং উপকূলের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত। (সমাপ্ত)

লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com