গত অক্টোবর মাসের ২৫ তারিখে সিটি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হলো, তা কতগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। এ দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামান্য ঘটনা থেকে অসামান্য ক্ষতি, কিন্তু কেন? এ জন্য শুধু কি ছাত্ররাই দায়ী? আপাতদৃষ্টিতে মনে হতে পারে, হ্যাঁ। তবে আমি দেখি একটু ভিন্নভাবে।

নব্বই দশকে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, সমাজের একটি অনুশাসন ছিল। কাকে মানব এবং কীভাবে সম্মান দেখাব; আমরা অন্যের কাছ থেকে বুঝতাম এবং শিখতাম। আমরা সমাজের কোনো ব্যক্তির মতো হতে চাইতাম যখন তিনি সমাজের কোনো কাজে নেতৃত্ব দিতেন। আমাদের বই পড়ার জন্য গ্রামগঞ্জে ক্লাব ছিল এবং জ্ঞান বিতরণের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আসর বসত। ওই সময়ে স্কুলপড়ুয়া একটি ছেলে গ্রামের সবার ছেলে হিসেবে থাকত। কোনোদিন যদি সে ছেলে গোপনে ধূমপান করত এবং তা কারও চোখে পড়ত, তিনি তো বকা দিতেনই এবং খবরটা তাঁর বাবা-মা পর্যন্ত চলে আসত। এটিই হলো সমাজের অনুশাসন, আমাদের সংস্কৃতি।

আজ আমাদের সেই সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। কে শোনে কার কথা! আগের মতো আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো হয় না বললেই চলে। আমরা আর খুঁজে পাই না নেতৃস্থানীয় সেই ব্যক্তি, যাকে কেন্দ্র করে আমরা রাত জেগে পড়ালেখা করব, বড় হবো এবং মানুষ হবো।

আমাদের হাতে আজ প্রযুক্তি। অফুরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচিত। কিন্তু মনে হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা করতে পারছি না। অধিকাংশ তরুণের হাতে উন্নত প্রযুক্তি ও মানের আধুনিক মোবাইল ফোন। তাদের প্রায় প্রত্যেকে সামাজিক মাধ্যমে গেমস বা ভিডিও দেখায় ব্যস্ত। এর ফলে তাদের সামাজিক যোগাযোগ কমে যায়; পড়ালেখায় মনোযোগ ব্যাহত হয়। দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে থাকলে মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের ব্যাঘাত ও একাকিত্ব বাড়ে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের লাইক বা কমেন্ট আসক্তি তৈরি করে, যা অবচেতনভাবে আত্মমর্যাদা কমিয়ে দেয়। চোখের সমস্যা, ঘাড়, মেরুদণ্ড ও আঙুলে ব্যথা, ঘুমের ব্যাঘাত ও স্থূলতা বাড়ে।

ইন্টারনেটের মাধ্যমে তরুণরা সহজেই অশালীন, ভ্রান্ত বা সহিংস কনটেন্টে পৌঁছে যায় এবং এগুলো তাদের চিন্তাভাবনা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। আগে যেখানে তরুণরা পরিবার, বন্ধু বা সমাজে সরাসরি সময় দিত, এখন অনেকে ভার্চুয়াল বন্ধুত্বে বেশি জড়িয়ে পড়ে। ফলে বাস্তব জীবনের যোগাযোগ ও সহানুভূতি কমে যায়। আমরা দেখছি তরুণদের মধ্যে অস্থিরতা বেশি। তরুণ বয়সে একটি সহজাত প্রবৃত্তি থাকে নিজেকে প্রকাশ করার। কিন্তু তাদের নেতিবাচক মনোভাবের কারণে ধ্বংসাত্মক বহিঃপ্রকাশ ঘটছে, যা দেখলাম দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষে।

এ ধরনের ঘটনা রোধে আমাদের সমাজের মূল্যবোধের শিক্ষণীয় বিষয়গুলো ফিরিয়ে আনতে হবে। সামাজিক অনুশাসন তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল্যবোধের বিষয়কে গুরুত্ব দিতে হবে। সেই পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তরুণরা বুঝতে পারবে– আগামীর সমাজ তাদের মাধ্যমে বিনির্মাণ হবে।

বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ তরুণ। তারা শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের নতুন ভাবনা, নতুন প্রযুক্তি এবং তাদের দেখানো পথে আমরা জাতি হিসেবে উন্নত হবো। তাদের শক্তি, সাহস ও স্বপ্নের মাধ্যমে বাংলাদেশ হবে উন্নত ও শান্তিপ্রিয়। আজকের তরুণরাই আগামী দিনের শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, উদ্যোক্তা ও নেতা। জয় হোক তারুণ্যের, অবসান হোক থুতু থেকে সংঘটিত তাণ্ডবলীলার মতো অপসংস্কৃতির।

মাহিউল কাদির: কলাম লেখক