উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথমেই প্রশ্ন আসে, উপজেলা পরিষদে এমপিদের জন্য আলাদা অফিস কেন জরুরি? এমপিদের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা; যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ জনগণের নিকটবর্তী প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত। এ বাস্তবতায় এমপিদের সরাসরি উপজেলা পরিষদে অফিস স্থাপন কি স্থানীয় প্রশাসনের সঙ্গে দায়িত্বের দ্বন্দ্ব তৈরি করবে না?
আরও যে বিষয় গুরুত্বপূর্ণ; এমপিরা কি স্থানীয় সরকারের অংশ? তারা সরাসরি স্থানীয় সরকারের প্রতিনিধি নন। অথচ বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, এমপিরা স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করেন। এখন যদি তাদের জন্য অফিস স্থাপন করা হয়, তাহলে সেই প্রভাব আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে, যা ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে।
এমপিদের কাজ কেবল রাজনীতি করা নয়; বরং সংসদে সক্রিয় অংশগ্রহণ, আইন প্রণয়ন এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে অবদান রাখা। অবসর সময়ে তাদের উচিত দেশের সংবিধান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া। কিন্তু যদি তারা অধিকাংশ সময় স্থানীয় দলীয় রাজনীতিতে ব্যস্ত থাকেন, তাহলে জাতীয় পর্যায়ে তাদের কার্যকারিতা কতটা বজায় থাকবে– এ প্রশ্ন থেকেই যায়।
একই সঙ্গে সুবিধা-ভাতা প্রসঙ্গটিও এখানে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এমপিরা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। সংসদে একজন তরুণ এমপির মুখে শোনা গেল– তিনি মাসে প্রায় ৭০ হাজার টাকা শুধু গাড়ি বাবদ ভাতা পান। এই বাস্তবতায় যদি নতুন করে গাড়ি, বাসভবন বা অন্যান্য সুযোগ-সুবিধার দাবি ওঠে, তাহলে সেটি কতটা যৌক্তিক– সেটিও ভাবনার বিষয়।
অন্যদিকে দেশের শিক্ষকদের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক যেখানে মাসে ৪০-৫০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকেন; মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পান ১৫-১৬ হাজার টাকা, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ১৮-১৯ হাজার টাকায় জীবনযাপন করেন। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়; রাষ্ট্রের অগ্রাধিকারেরও একটি প্রতিচ্ছবি।
শিক্ষকরা যখন মৌলিক চাহিদার ন্যায্য দাবিতে সোচ্চার হন, তখন নানা সমালোচনার মুখে পড়তে হয়। অথচ শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে উন্নয়নের গতি ত্বরান্বিত করা আজ সময়ের দাবি। বিশ্বের উন্নত দেশগুলো এই খাতে বিনিয়োগ করেই এগিয়েছে। কিন্তু আমাদের বাস্তবতায় রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সুবিধা বাড়ানোর ক্ষেত্রে এমন প্রশ্ন খুব কমই ওঠে। এই বৈপরীত্য সমাজে অসন্তোষ সৃষ্টি করে এবং গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত হানে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় আনা জরুরি। উপজেলা পরিষদে কার্যালয় স্থাপন মানেই শুধু একটি কক্ষ নয়। এর সঙ্গে জড়িত থাকবে রক্ষণাবেক্ষণ ব্যয়, জনবল নিয়োগ ও প্রশাসনিক কাঠামো। ফলে এটি এক সময় বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক বোঝা হয়ে দাঁড়াতে পারে।
জনগণের করের টাকার সুচিন্তিত ব্যবহার নিশ্চিত করা জরুরি। আমাদের দেশের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হলে সংসদ সদস্যদের সঠিক অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
গণতন্ত্রের মূল কথা– জনগণের সেবা। এমপিরা জনগণের ভোটে নির্বাচিত হন মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে। কিন্তু যদি সেই অঙ্গীকার বাস্তবে রূপ না নেয়; বরং ক্ষমতা ও সুবিধা অর্জনের প্রতিযোগিতায় পরিণত হয়, তাহলে গণতন্ত্রের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়।
এমপিদের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ কমিয়ে বরং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা জরুরি। তবেই বিকেন্দ্রীকরণ ও সুশাসনের প্রকৃত চর্চা সম্ভব হবে।
মো. মাহবুবুর রহমান: সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ফরিদপুর সিটি কলেজ mmrrajbari71@gmail.com
