আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভারত ও মিয়ানমার সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ অস্ত্র। সীমান্তের বড় অংশ এখনো কাঁটাতারের বাইরে, নজরদারি দুর্বল, আর এই দুর্বলতা অস্ত্র চোরাকারবারিদের সবচেয়ে বড় শক্তি। এ সব পথে বছরের পর বছর ধরে অবৈধ অস্ত্র ঢুকলেও কার্যকরভাবে বন্ধ করা যায়নি। আরও উদ্বেগজনক হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় থানাসহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি এখনো। অর্থাৎ, সীমান্ত দিয়ে নতুন অস্ত্র ঢোকার পাশাপাশি রাষ্ট্রের নিজস্ব অস্ত্রও অপরাধীদের হাতকে শক্তিশালী করেছে।\r\nঅস্ত্র পাচারকারীরা কমিশনের বিনিময়ে সীমান্ত পার করে দেয়।
পরে এসব অস্ত্র চলে যায় অসাধু রাজনৈতিক নেতা, স্থানীয় সন্ত্রাসী, পেশাদার চাঁদাবাজ ও উগ্রপন্থিদের হাতে। এর ফল নির্বাচনী সহিংসতা, হত্যাকাণ্ড, ভয়ভীতি ও ক্ষমতার রাজনীতির অসম প্রতিযোগিতা। সরকার যতই বলছে, এ অবস্থায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না - এমন আশ্বাসে জনগণ আস্থা রাখতে পারছে না এবং তা বাস্তবতার সঙ্গেও সাংঘর্ষিক। \r\nঅন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ে অপারেশন ডেভিল হান্ট -এর মতো বড় অভিযান চালিয়েছে। এর পরও যদি পেশাদার ও শীর্ষ সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাহলে প্রশ্ন উঠতে পারে গোয়েন্দা তৎপরতা কতটা কার্যকর! তারা কী করছে? \r\nসীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার বিষয়টি নতুন নয়। কিন্তু নির্বাচনী প্রেক্ষাপটে এর বিস্তার ও ব্যবহার যে মাত্রায় পৌঁছেছে, তা রাষ্ট্রের জন্য হুমকি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে একের পর এক বিদেশি পিস্তল, রিভলভার ও বিপুল গোলাবারুদ উদ্ধারের ঘটনা প্রমাণ করে দেশের ভেতরে অস্ত্রের বাজার আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতোই সক্রিয়। যা সংগঠিত এবং রাজনৈতিক সহিংসতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে শুধু পাল্টেছে রাজনৈতিক মোড়ক। \r\nএদিকে রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান দিপুকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, পিস্তল, রিভলভারসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি বিশেষ দল। অপরদিকে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসব ঘটনা সুষ্ঠ নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। আমরা মনে করি, নির্বাচন মানেই সহিংসতা এই ভয়ংকর ধারণা ভাঙতে হবে। রাষ্ট্র যদি সত্যিই শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়, তবে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা কাগজে নয়, মাঠে দেখাতে হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়ে চালাতে হবে যৌথ গোয়েন্দা কার্যক্রম। সীমান্তবর্তী চোরাচালান নেটওয়ার্ক ধ্বংস এবং পেশাদার রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা ছাড়া অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকানো যাবে না।
