প্রতি বছর ৮ মার্চ তারিখটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক নারী দিবস মেয়েদের রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকারের কথা মনে করিয়ে দেয়। মানবজগৎ নারী-পুরুষ উভয়কে নিয়েই। অথচ মেয়েদের অধিকারের স্বীকৃতির জন্য অতীতে আন্দোলন করতে হয়েছে। আজও করতে হয়।

আন্তর্জাতিক নারী দিবসে প্রাসঙ্গিকভাবে নারীদের নিয়ে ভাবলে প্রশ্ন আসে, ইতিহাসের কোন সন্ধিক্ষণে শুরু হয়েছিল নারী-মুক্তি আন্দোলন? যে মুহূর্ত থেকে নারী আর পুরুষের বৈষম্য নিয়ে মেয়েরা চিন্তা করতে শুরু করেছিল, তখন থেকেই শুরু হয়েছিল মুক্তির চিন্তা। ঘরের ভাইটি খেলছে বল নিয়ে, বোনটি মাকে সাহায্য করছে ঘরের কাজে। কাজ করতে করতে মেয়েটি ভাবছে আমারও খেলতে ইচ্ছা করে। আমি কেন মাকে সাহায্য করব? আমি কেন খেলব না? ইচ্ছা করে, কিন্তু পারি না, কেন পারি না? সেখান থেকেই শুরু হয়ে যায় প্রতিবাদ করার স্পৃহা। জন্ম নেয় অধিকারবোধ। একই কাজ ছেলেদের ক্ষেত্রে স্বেচ্ছামূলক আর মেয়েদের ক্ষেত্রে যখন বাধ্যতামূলক হয়ে উঠে, তখনই মেয়েদের মন বিদ্রোহী হয়। অবস্থার পরিবর্তনের জন্য লড়াই করে। একটা সময়ে ফরাসি সিভিল কোডে বড় বড় করে লেখা থাকত : ১.

স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা এবং স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতি অনুগত থাকা। ২. কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া আদালতে মামলা করতে পারবেন না। এমনকি তিনি ব্যবসায়ী হলেও নয়। স্বামী তার সঙ্গে যোগ না-দিলে বা লিখিত অনুমতি না-দিলে কোনো স্ত্রী যদি সেখানে বিচ্ছিন্ন হয়ে থাকেন, কোনো কিছু বন্ধক দিতে বা সম্পদ অর্জন করতে পারবেন না। ফরাসি কিশোরী জোয়ান অব আর্ক সেই পঞ্চদশ শতকে পুরোনো মূল্যবোধকে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন। সামাজিক বিধিনিষেধকে অমান্য করেই তাকে বেরিয়ে আসতে হয়েছিল। জোয়ান অব আর্ককে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। পৃথিবীর মানবী বিদ্যার ইতিহাসে প্রথম শহীদ হিসেবে তার নাম উজ্জ্বল হয়ে আছে। ১৪০৫ সালে ফরাসি রাজসভায় একজন নারী সদস্য ছিলেন। তার নাম ক্রিস্টিন দ্য পিজান। তিনি একটি বই লিখেছিলেন।

বইটির নাম City of ladies|। পিজন মাত্র ২৩ বছর বয়সে বিধবা হয়েছিলেন। তিনি সে সময় লেখালেখি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি অনুভব করেছিলেন মেয়েদের জীবনের গভীর কষ্টকে। তার অভিজ্ঞতায় রাজনৈতিক মতাদর্শের আলো না থাকলেও অনুভব করেছিলেন পুরুষের মতোই নারীও মানুষ এবং মানবজাতির অংশ। অনেক পরে ফ্রান্সে ১৭৮৯ সালে পুরুষ নাগরিকদের অধিকার ঘোষণার পরে নারী সমাজ একই অধিকার নিয়ে এগিয়ে আসে। ফরাসি নাট্যকার ও বিপ্লবী অলা¤্র দ্য ওঁজ (১৭৪৮-৯৩) নারীর অধিকার ও মহিলা নাগরিকদের অধিকারের কথা ঘোষণা করেন। তিনি নারীর জন্য রাজনৈতিক ও আইনি অধিকার দাবি করেন। তিনি লেখেন, নারী জেগে ওঠো, গোটা বিশ্বে যুক্তির সঙ্কেতধ্বনি শোনা যাচ্ছে। তোমার অধিকারকে আবিষ্কার করো। ফরাসি বিপ্লবের সম্ভাবনা ইউরোপের নারীদের আইনি ও রাজনৈতিক দাবিতে উদ্বুদ্ধ করেছিল। এরকম এক পরিবেশেই মারি ওলস্টোনক্রাফট ও ভিন্ডিকেশন অব দি রাইটস অব উইমেন গ্রন্থটি লিখেছিলেন। একটা সময়ে এ বইটি নারী মুক্তি আন্দোলনের নেত্রীদের কাছে বাইবেলের মতোই ছিল। মারি ওলস্টোনক্রাফট পারিবারিক উৎপীড়নকে সামাজিক উৎপীড়নের সাথে যুক্ত করে ভাবতে শিখিয়েছিলেন। ফরাসি ও আমেরিকার বিপ্লব সমর্থন করা জনগণকে বুঝিয়েছিলেন এই বিপ্লব যেমন ন্যায়সঙ্গত তেমনি পিতৃ-মাতৃক কাঠামোয় অবস্থিত পারিবারিক নিপীড়ন থেকেও মেয়েদের মুক্তি দিতে হবে। তিনি বৈবাহিক সম্পর্ক ও পারিবারিক পরিকাঠামোর শ্রদ্ধা-ভালোবসাাকে নতুন আলোয় ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। আমেরিকার দাস প্রথা ও নারীর শোষণকে একই রকমের বলে ভেবেছিলেন সে-সময়ের নারীমুক্তি আন্দোলনের প্রবক্তারা।

অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে কয়েকজন অভিজাত শ্রেণির মেয়েই দাসপ্রথা বিরোধী ও নারীমুক্তি আন্দোলনে শামিল হন। তাদের মধ্যেই দুই বোন সারা ও অ্যাঞ্জেলিনা গ্রিমের নাম উল্লেখযোগ্য। আরেকজন সক্রিয় নেত্রী লুক্রোশিয়া মট সেনেকা ফলস। তারা Women Rights Convention সংগঠিত করেছিলেন। মূলত ক্রীতদাস প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই মেয়েদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন সারা ও অ্যাঞ্জেলিনা গ্রিম এবং লুক্রেশিয়া মট সেনেকা ফলস।

সেনেকা ফলসের কনভেনশনে নারীর অধিকারের জন্য মোট বারোটি প্রস্তাব পেশ করা হয়েছিল। সম্পত্তির অধিকার, বিয়েবিচ্ছেদের অধিকার, ব্যবসা-বাণিজ্যে মহিলাদের অধিকারসহ আরো কয়েকটি অধিকার পেশ করার সময় বিশেষ অসুবিধা হয়নি। ১২ নম্বর প্রস্তাবটি ছিল মহিলাদের ভোটদানের অধিকার। এই অধিকার তখন ছিল না। ১৮৬৬ সালে জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক অর্থনীতিবিদ ও রাজনীতিক (১৮০৬-৭৩) নারীর সমান অধিকারের দাবি জানিয়ে পার্লামেন্টে একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। এই আবেদনপত্রে দেড় হাজার নারী-পুরুষ স্বাক্ষর করেছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ফ্লোরান্স নাইটিঙ্গেল, বাটলার, হ্যারিয়েট মানিুড, মারি সমার ভিল প্রমুখ।

উনিশ শতকের শেষার্ধে বিভিন্ন নারী সংগঠনগুলো National Union of Women’s Suffrage Society র ছাতার তলায় এসে মিলিত হন। এর আগে আন্দোলন ছিল উচ্চবিত্ত মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণির মহিলাদের আন্দোলন। কিন্তু ধীরে ধীরে নি¤œবিত্ত এবং শ্রমিক শ্রেণির মেয়েরাও এতে শামিল হন। শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বিরোধিতা ও নারী প্রতিবাদের পক্ষে কলম ধরেন নারীবাদী লেখিকা ভার্জিনিয়া উলফ (১৮৮২-১৯৪১)। তিনি চেয়েছিলেন নারীরা এমন এক সমাজ গড়ে তুলুক, যা হবে শান্তির। তিনি বিশ্বাস করতেন মেয়েরা যুদ্ধকে বেশি ঘৃণা করে। কারণ যুদ্ধ তাদের অনেক বেশি কঠোরভাবে আঘাত করে।

প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশের মেয়েরা ভোট দেয়ার অধিকার পায় ১৯১৯ সালে। ব্রিটেনের যেসব মেয়েদের বয়স ত্রিশের বেশি তারা ভোট দিতে পারতেন এবং ব্রিটেনের নারী সমাজ পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান ১৯১৯ সালে। এরপর ১৯২৮ সালে এ আইনের সংস্কার হয়। সোভিয়েত রাশিয়া ১৯১৭ মার্কিন যুক্তরাষ্ট ১৯২০ সালে মেয়েদের ভোটাধিকার দেয়। ফ্রান্সে ১৯৪৪ সালে এ অধিকার স্বীকৃত হয়।

আমেরিকা, ব্রিটেনে নারীমুক্তি আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় ২০ শতকের ষাটের দশকের শেষে। দ্বিতীয় পর্যায়ের আন্দোলন অনেক জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন দেশের মহিলাদের অবস্থার পরিবর্তন হয়। মহিলা কর্মী তৈরি হয়। দক্ষ, কর্মঠ শ্রমিক তৈরি হয় মেয়েরা। জননেতা মাও সে তুং নারীকে অর্ধেক আকাশ বলেছিলেন। সেখানে নারী ও পুরুষের মাঝে বিশেষ পার্থক্য ছিল না। দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামে মেয়েদের ভূমিকা ছিল, বর্তমানেও আছে। আলজেরিয়ার স্বাধীনতার সংগ্রামে মেয়েরা বিশেষ ভূমিকা রেখেছিল। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বিরোধী সংগ্রামে মেয়েদের সংগ্রামী ভূমিকা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে World Mother’s Conference for Pease গড়ে তুলেছিল।

নারীমুক্তি আন্দোলনেও দুটি ধারা। একটি হচ্ছে বুর্জোয়া ফেমিনিজম, আরেকটি হচ্ছে বিশ্বে পুঁজিবাদের উত্থান। শ্রমিক শ্রেণির মধ্যে যে আন্দোলনের বীজ বপন করেছিল তার মধ্যে দিয়েই গড়ে উঠেছিল অসংখ্য সাধারণ মেয়ে যারা কলে-কারখানায়, ক্ষেতে-খামারে কাজ করে। যারা নি¤œবিত্তের প্রান্তিক মানবী, যারা আজও পায়নি জীবন ধারনের ন্যূনতম সুযোগ, যারা নানা পারিবারিক-সামাজিক নির্যাতনের শিকার তাদেরকে সংঘবদ্ধ করার আন্দোলন তাদের দুর্বিষহ জীবনের গ্লানি থেকে মুক্ত করার আন্দোলন। লেখক : সাংবাদিক ও কলামিস্ট।