নিকট অতীতে ঢাকায় কোনো হত্যাকাণ্ডের ঘটনা এত চাঞ্চল্য জাগায়নি, যতোটা জাগিয়েছে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনা। ঢাকায় কোটি কোটি মানুষের বাস, আর ফ্ল্যাটবাড়ির সংখ্যা কয়েক লাখ। বেশির ভাগ ফ্ল্যাটে গৃহকর্মী বা কাজের লোকের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে পরিচিত লোক পাওয়া প্রায় অসম্ভব। অচেনা বুয়াদেরই গৃহকর্মে নিয়োগ দিতে হয়। যেমন দিয়েছিলেন বহুতল ভবনের সপ্তম তলায় নিজেদের বাসায় লায়লা আফরোজ। এর চারদিনের মাথায় কন্যা সন্তানসহ খুন হলেন তিনি। মা-মেয়ে খুন হওয়ার ঘটনায় ওই বাসায় গৃহকর্মীকে সন্দেহভাজন মনে করেছে পুলিশ। দ্রুততার সঙ্গে ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ প্রশংসিত হয়েছে। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, চার দিনই বোরকা পরে, নয়তো মুখমণ্ডল ঢেকে আয়েশা বাসাটিতে আসা-যাওয়া করেন।

তাই সিসিটিভি ক্যামেরায় তার চেহারা ধরা পড়েনি। খুনের শিকার মা-মেয়ে ছাড়া আর কেউ তার চেহারা দেখেনি। ফলে তার নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা প্রাথমিকভাবে সম্ভব হয়নি।\r\nগৃহকর্মী নিয়োগের আগে তাঁর পরিচয় নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। পাশাপাশি গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি ও পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহের অনুরোধ করেছেন। এটি করা গেলে গৃহকর্মী নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কাটবে। এর আগে ভাড়াটিয়া নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছিল এলাকার থানা থেকে। বেশিরভাগ বাড়ির মালিক ও ভাড়াটিয়া তাতে যথাযথ সাড়া দেননি। এটি দুঃখজনক।

আমাদের নাগরিক সচেতনতার অভাব রয়েছে।\r\nহঠাৎ করেই যেন টক অব দ্য টাউন হয়ে উঠেছে মোহাম্মদপুর। রাজধানীর উলেখযোগ্য এলাকা এটি। সব শ্রেণি-পেশার মানুষের বসবাস রয়েছে এলাকাটিতে। অনেক বস্তি থাকা সত্ত্বেও মোহাম্মদপুর সময়ের সঙ্গে সঙ্গে একটি সুপরিকল্পিত আবাসিক এলাকায় পরিণত হচ্ছে। সম্প্রতি এই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, খুনখারাবি ও লুটপাটের মতো ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দিনে-দুপুরে ডাকাতির ঘটনাও ঘটেছে। সম্প্রতি গৃহকর্মী কর্তৃক জোড়া খুনের বিষয়টি আবারও আলোচনায় এনেছে মোহাম্মদরকে।\r\nআয়েশা খুনি কিনা সেটি প্রমাণিত হবে আদালতে, এমনটাই প্রত্যাশা মানুষের। এই নৃশংস হত্যাকাণ্ডের ভেতর দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, মানুষ লোভের বশে শিশুকে হত্যা করতেও পিছপা হয় না। এখানে নিজের প্রয়োজনটাই বড়। বাংলাদেশের সমাজ কখনোই এমন ছিল না। ধীরে ধীরে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান দুর্নীতি ও অর্থলিপ্সা এবং রাজনৈতিক দুর্বৃত্তপনায় মানুষের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। অধপতিত হচ্ছে মনুষ্যত্ব। সমাজবিজ্ঞানী ও সমাজ সংস্কারকদের জন্যে বিষয়টি গভীর দুশ্চিন্তার। এই অবস্থার পরিবর্তন না হলে বাইরে তো বটেই, ঘরেও আমরা কেউ নিরাপদ থাকব না।