পরিবার নিয়ে কোথাও বেড়াতে গেলে আমরা সাধারণত কয়েকটি বিষয় খেয়াল করি– জায়গাটি সুন্দর কিনা, থাকার ব্যবস্থা কেমন, খাবার ভালো কিনা, খরচ কত। অনলাইনে ছবি বা ভিডিও দেখি, রিভিউ পড়ি, বুকিং দিই। কিন্তু যে জায়গায় রাত কাটাতে যাচ্ছি, সেখানে আগুন লাগলে বের হওয়ার নিরাপদ পথ আছে কিনা, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে কিনা, ভবনটি নিরাপদ কিনা–এসব তথ্য জানার সুযোগ কতটুকু? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন– এসব যাচাই করার দায়িত্ব কি একজন পর্যটকের, নাকি রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?
গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টের প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর প্রশ্নগুলো আবারও সামনে এলো। গণমাধ্যমের খবর, কাঠের তৈরি রিসোর্টটিকে ২০২৩ সাল থেকে একাধিকবার নোটিশ দিয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), যেখানে অপসারণের চূড়ান্ত নোটিশও ছিল। উপরন্তু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্থাপনাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গত ১১ জুন নোটিশ দেয়। এরপরও চার মাস রিসোর্টটি চালু ছিল, ফলস্বরূপ ঝরে গেল ১০টি প্রাণ। তাছাড়া ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের অনুমোদনের কথা উঠলেও তা এখন সুযোগ নেই।
নোটিশের পরও ব্যবস্থা কোথায়? কক্সবাজারের হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ক্ষমতা শুধু ঝুঁকিপূর্ণ স্থাপনাকে সতর্ক করার মধ্যে সীমাবদ্ধ নয়। আইন অনুযায়ী নির্ধারিত শর্তে সংস্থাটির মহাপরিচালক কোনো ভবনকে ব্যবহারোপযোগী নয় বলে ঘোষণা করতে পারেন। আবার অনুমোদনহীন বা নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষেরও আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। গুরুতর অগ্নিঝুঁকি থাকা চালু কোনো হোটেল বা রিসোর্ট তাৎক্ষণিকভাবে বন্ধ করার সুস্পষ্ট ক্ষমতা ও কার্যকর ব্যবস্থা রয়েছে কি?
২০২৪ সালের ৪ মার্চ হাইকোর্ট ঢাকার অগ্নিঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনার সামনে সতর্কীকরণ নোটিশ টানানোর নির্দেশ দেন। তাহলে কক্সবাজারের হোটেল ও রিসোর্টগুলোতেও একই ব্যবস্থা চালু করা হবে না কেন?
কক্সবাজার জেলায় কয়টি হোটেল-রিসোর্ট রয়েছে এবং কয়টির অনুমোদন নেই, তার পূর্ণাঙ্গ তালিকা প্রশাসনের কাছে নেই। তাহলে কোন হোটেল বা রিসোর্ট নিরাপদ, তা পর্যটকরা জানবেন কীভাবে?
সীমাবদ্ধতা দূর হবে কবে? ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, সংস্থাটির নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় স্বাধীনভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায় না। ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্য সংস্থার সহায়তা প্রয়োজন হয়। সরাসরি স্থাপনা সিলগালা করার ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে। ২০২৪ সালে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও ফায়ার সার্ভিসের তৎকালীন কর্মকর্তারা একই ধরনের সীমাবদ্ধতার কথা জানিয়েছিলেন। এসব সীমাবদ্ধতা এখনও দূর হয়নি!
কক্সবাজারের বেশির ভাগ হোটেল ও রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। ফায়ার সার্ভিসের তথ্যের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারের মাত্র দেড়শটির মতো প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স রয়েছে। আর মঙ্গলবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন অনুযায়ী, সেন্টমার্টিন্স দ্বীপে আড়াই শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ থাকলেও কোনোটির ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। এমনকি সেগুলোর অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। আরও উদ্বেগজনক হলো, অনেক স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পয়োশোধনাগার ও জরুরি নির্গমন পথের মতো মৌলিক নিরাপত্তা ব্যবস্থা অনুপস্থিত। কাগজপত্রের ঘাটতি পূরণের জন্য কোনো স্থাপনাকে সময় দেওয়া যেতে পারে। কিন্তু কোনো স্থাপনায় মানুষের জীবন ঝুঁকিতে থাকলে সেই ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত সেটি চালু রাখার যৌক্তিকতা কী?
অগ্নিঝুঁকিতে অন্য দেশে কী হয়? যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে। সেখানে অগ্নিঝুঁকি গুরুতর হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘প্রহিবিশন নোটিশ’ জারি করে স্থাপনার সম্পূর্ণ বা আংশিক ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করতে পারে। শুধু জরিমানা নয়, গুরুতর আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে। সিঙ্গাপুরেও অগ্নিনিরাপত্তা আইনে নির্দিষ্ট জরুরি পরিস্থিতিতে কোনো স্থাপনা সর্বোচ্চ ৭২ ঘণ্টা বন্ধ রাখার প্রাথমিক ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ঝুঁকি দূর না হলে আদালতের আদেশে স্থাপনাটি আরও দীর্ঘ সময় বন্ধ রাখা যায়। স্থাপনা বন্ধ থাকা অবস্থায় আদালতে আবেদন করা হলে সেই আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি বা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ বহাল থাকতে পারে। দেশভেদে আইন ও প্রয়োগপদ্ধতি আলাদা। তাই অন্য দেশের ব্যবস্থা হুবহু অনুসরণ করা যায় না। তবে সেখান থেকে শিক্ষা তো নেওয়া যায়।
পর্যটক অগ্নিঝুঁকি জানবেন কীভাবে? বাংলাদেশে একজন পর্যটক কোনো রিসোর্ট বুক করার সময় সাধারণত ফায়ার সার্ভিসের নথি যাচাই করতে পারেন না। স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে কিনা, আগে কোনো নোটিশ পেয়েছেন কিনা কিংবা জরুরি বহির্গমনের ব্যবস্থা আছে কিনা–এসব তথ্য তাঁর কাছে সাধারণত থাকে না। তাই পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁর অগ্নিনিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জনসাধারণের জানার সুযোগ নিশ্চিত করতে হবে। কোন স্থাপনার বৈধ ফায়ার লাইসেন্স আছে, কোনটির অগ্নিনিরাপত্তায় ঘাটতি রয়েছে এবং কোনটি গুরুতর ঝুঁকির কারণে বন্ধ–এসব তথ্য সহজে অনলাইনে পাওয়া উচিত। হোটেল ও রিসোর্টগুলো তাদের ওয়েবপেজ বা সামাজিক মাধ্যমে ফায়ার লাইসেন্স ও প্রযোজ্য অগ্নিনিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্রের তথ্য প্রকাশের ব্যবস্থা করতে পারে। বুকিং প্ল্যাটফর্মগুলোতেও অগ্নিনিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের যাচাই করা তথ্য দেখানোর ব্যবস্থা থাকা প্রয়োজন।
সবচেয়ে জরুরি হলো, গুরুতর ঝুঁকি শনাক্ত হলে দ্রুত স্থাপনা বন্ধ করার ক্ষমতা ও দায়িত্ব নির্দিষ্ট করা। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সমন্বয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এরপর নিয়মিত পরিদর্শন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই পুনরায় চালুর অনুমতি দিতে হবে। পর্যাপ্ত জনবল না থাকলে তা বাড়াতে হবে এবং আইনগত ক্ষমতার ঘাটতি থাকলে তা দূর করতে হবে।
পর্যটন খাতের উন্নয়ন মানে শুধু নতুন রিসোর্ট, আকর্ষণীয় স্থাপনা আর বেশি বেশি পর্যটক নয়। পর্যটনস্থলে পর্যটকের নিরাপদে পৌঁছানো, থাকা এবং ফিরে আসার নিশ্চয়তাও উন্নয়নের অপরিহার্য অংশ।
রোকেয়া রহমান বর্ণা: ফ্রিল্যান্স সাংবাদিক
